নিজস্ব প্রতিবেদক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্রুত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতাসহ নানা বিষয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসাটমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ২৬ আগস্ট অনুষ্ঠিত এই বৈঠকে রোসাটম এনার্জি প্রজেক্টস জয়েন্ট-স্টক কোম্পানির মহাপরিচালক আন্দ্রেই রোজদেস্তভিন উপস্থিত ছিলেন। আলোচনায় রূপপুর প্রকল্পের সার্বিক অগ্রগতি, বাকি কাজ দ্রুত সম্পন্ন করা এবং নির্ধারিত নিয়ম মেনে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে প্রয়োজনীয় কারিগরি ও সমন্বয়মূলক পদক্ষেপের ওপর জোর দেওয়া হয়।
বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটানো, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পের অবশিষ্ট কার্যক্রম দ্রুত ও সঠিকভাবে শেষ করতে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে কার্যকর সমন্বয়ের আহ্বান জানান তিনি।
এ সময় রোসাটম প্রতিনিধি আন্দ্রেই রোজদেস্তভিন প্রকল্পের সার্বিক অগ্রগতি মন্ত্রীকে অবহিত করেন। একই সঙ্গে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তির ব্যবহার, প্রযুক্তিগত সহায়তা, দক্ষ জনবল তৈরি এবং জ্বালানি খাতের পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। এতে উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
