বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জ্বালানি নিরাপত্তায় মাইলফলক: বিজ্ঞান ও প্রযুক্তি সচিব


নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পথে একটি ঐতিহাসিক মাইলফলক বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন। তিনি বলেছেন, এই মেগা প্রকল্প দেশের সামগ্রিক বিদ্যুৎ খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

 রোববার বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) আয়োজিত ‘বেসিক প্রফেশনাল ট্রেনিং কোর্স’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি সচিব জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে গত ১১ অক্টোবর সফলভাবে ‘ক্রিটিক্যালিটি’ অর্জিত হয়েছে। এর মধ্য দিয়ে বিদ্যুৎকেন্দ্রের চুল্লিতে প্রথমবারের মতো নিয়ন্ত্রিত ও স্বয়ংসম্পূর্ণ নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন (পরমাণু বিক্রিয়া) শুরু হলো। পরবর্তী ধাপে বিভিন্ন ক্ষমতায় চুল্লির কার্যক্রম পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুতই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

তিনি আরও বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি সর্বোচ্চ নিরাপত্তা, নিখুঁত নিয়ন্ত্রণব্যবস্থা ও দক্ষ জনবল নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য দেশের নবীন বিজ্ঞানী ও প্রকৌশলীদের আন্তর্জাতিক মানের গভীর প্রশিক্ষণ ও অভিজ্ঞতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মঈনুল ইসলাম বলেন, এই নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে পারমাণবিক পদার্থবিদ্যা, বিকিরণ সুরক্ষা, নিউক্লিয়ার রিঅ্যাক্টর ডিজাইন, জ্বালানি চক্র, বর্জ্য ব্যবস্থাপনা ও নিরাপত্তা মূল্যায়নের মতো স্পর্শকাতর বিষয়ে তরুণদের দক্ষতা বাড়বে; যা দেশের নিরাপদ ও টেকসই পারমাণবিক শক্তি কর্মসূচি বাস্তবায়নে বড় ভূমিকা রাখবে।

বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল খায়ের মো. আক্কাস আলী এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) টেকনিক্যাল অফিসার রাহিলা হাম্মাদ।

চার সপ্তাহব্যাপী এই বিশেষ প্রশিক্ষণ কোর্সে বায়েরা, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বায়েক) এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ৪০ জন নবীন বিজ্ঞানী ও প্রকৌশলী অংশগ্রহণ করছেন। ১৮ অক্টোবর শুরু হওয়া এই প্রশিক্ষণ আগামী ১২ নভেম্বর শেষ হবে।

রূপপুর বিদ্যুৎকেন্দ্র: ওয়াশিংটনে রোসাটমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক

নিজস্ব প্রতিবেদক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্রুত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতাসহ নানা বিষয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসাটমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে  ২৬ আগস্ট অনুষ্ঠিত এই বৈঠকে রোসাটম এনার্জি প্রজেক্টস জয়েন্ট-স্টক কোম্পানির মহাপরিচালক আন্দ্রেই রোজদেস্তভিন উপস্থিত ছিলেন। আলোচনায় রূপপুর প্রকল্পের সার্বিক অগ্রগতি, বাকি কাজ দ্রুত সম্পন্ন করা এবং নির্ধারিত নিয়ম মেনে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে প্রয়োজনীয় কারিগরি ও সমন্বয়মূলক পদক্ষেপের ওপর জোর দেওয়া হয়।

বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটানো, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পের অবশিষ্ট কার্যক্রম দ্রুত ও সঠিকভাবে শেষ করতে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে কার্যকর সমন্বয়ের আহ্বান জানান তিনি।

এ সময় রোসাটম প্রতিনিধি আন্দ্রেই রোজদেস্তভিন প্রকল্পের সার্বিক অগ্রগতি মন্ত্রীকে অবহিত করেন। একই সঙ্গে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তির ব্যবহার, প্রযুক্তিগত সহায়তা, দক্ষ জনবল তৈরি এবং জ্বালানি খাতের পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। এতে উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন