রাশিয়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রাশিয়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে গ্রিনসিটিতে দুই রুশ নাগরিকের মারামারি, নিহত ১

রাশিয়ান নাগরিক সের্গেই নিকোলায়েভিচ

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিনসিটিতে মদ্যপ অবস্থায় দুই রুশ নাগরিকের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। গুরুতর আহত অপরজন একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

আজ সোমবার সকালে গ্রিনসিটিতে এ ঘটনা ঘটে।

নিহত সের্গেই নিকোলায়েভিচ (৫৬) গ্রিনসিটির ৬ নম্বর ভবনের ৫০১ নম্বর কক্ষে থাকতেন। আহত মেনচেভ (৫৩) পাবনার এসোর্ট স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তাঁরা দুজনই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান রোসেম কোম্পানির কর্মী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগে ওই দুই রুশ নাগরিক একসঙ্গে মদ্যপান করছিলেন। একপর্যায়ে তুচ্ছ বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতি ও মারামারিতে গড়ায়। এতে দুজনই গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাঁদের উদ্ধার করে প্রথমে গ্রিনসিটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে গুরুতর আহত মেনচেভকে পাবনার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, মরদেহের ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এরপর রাশিয়ান দূতাবাসের মাধ্যমে মরদেহ স্বজনদের কাছে পাঠানোর ব্যবস্থা করা হবে। আহত ব্যক্তির চিকিৎসা চলছে। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। 

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ার সরকারি বৃত্তি বেড়ে ২০০

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়া সরকারের বৃত্তির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০১৮ সালে যেখানে বৃত্তির সংখ্যা ছিল ৬৫, ২০২৬ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২০০-এ।

গতকাল মঙ্গলবার ঢাকার রাশিয়ান হাউসে আয়োজিত অর্ধবার্ষিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক আলেক্সান্দ্রা খলেনভয়।

তিনি বলেন, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে শিক্ষা সহযোগিতা ক্রমেই জোরদার হচ্ছে। এর ফলে আরও বেশি মেধাবী বাংলাদেশি শিক্ষার্থী রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন। ২০১৮ সালে বৃত্তির সংখ্যা ছিল ৬৫, যা ২০২৬ সালে বেড়ে ২০০ হয়েছে।

সংবাদ সম্মেলনে রুশ সরকারের অর্থায়নে পরিচালিত বিভিন্ন আন্তর্জাতিক যুব কর্মসূচি, শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম (এসপিআইইএফ) ২০২৬-এ অংশ নেওয়া বাংলাদেশি প্রতিনিধিরা নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেন।

অনুষ্ঠানে জানানো হয়, ‘নিউ জেনারেশন’ কর্মসূচির আওতায় ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল, ইস্টার্ন ইকোনমিক ফোরাম এবং ‘চিলড্রেন ফর পিস’ আন্তর্জাতিক সম্মেলনসহ বিভিন্ন আয়োজনে বাংলাদেশি তরুণদের অংশগ্রহণের সুযোগ রয়েছে।

এ ছাড়া সাংবাদিকদের জন্য ‘ইন্টাররাশিয়া ফেলোশিপ ফর জার্নালিস্টস’ এবং ‘ওপেন ডায়ালগ’ কর্মসূচির সুযোগ নিয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশে রাশিয়ান ফেডারেশনের দূতাবাসের অ্যাটাশে ও প্রেস সেক্রেটারি সোফিয়া কুতেপোভাও বক্তব্য দেন।

রূপপুর প্রকল্পের রুশ নাগরিকের ইসলাম ধর্ম গ্রহণ

নিজস্ব প্রতিবেদক:  ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত এক রাশিয়ান নাগরিক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

শুক্রবার জুমার নামাজের পর শহরের পিয়ারপুর কোর্টপাড়া জামে মসজিদে কালেমা পাঠের মাধ্যমে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ সময় মসজিদে বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

ইসলাম ধর্ম গ্রহণের আগে ওই রাশিয়ান নাগরিকের নাম ছিল সেরগি। ইসলাম ধর্ম গ্রহণের পর তাঁর নাম রাখা হয়েছে মো. আব্দুল্লাহ।

মো. আব্দুল্লাহ নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের মূল ঠিকাদারি প্রতিষ্ঠান রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমে কর্মরত।

পিয়ারপুর কোর্টপাড়া জামে মসজিদের ইমাম মো. এনামুল হক বলেন, রাশিয়ান নাগরিকটি স্বেচ্ছায়, স্বজ্ঞানে ও স্বপ্রণোদিত হয়ে কালেমা পাঠের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

বাংলাদেশ ছাড়ল রাশিয়ার তিন জাহাজ

নিজস্ব প্রতিবেদক: তিনদিনের শুভেচ্ছা সফর শেষে রাশিয়া নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ এডমিরাল ত্রিবুতস, এডমিরাল প্যানতেলেইয়েভ ও জ্বালানীবাহী ট্যাংকার চট্টগ্রাম ত্যাগ করেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, জাহাজ তিনটি গত ১২ নভেম্বর বাংলাদেশে আসে। বাংলাদেশে অবস্থানকালীন জাহাজ তিনটির অধিনায়করা কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যামের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ ছাড়া সফররত জাহাজ তিনটির কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ, বাংলাদেশ নেভাল একাডেমি, নৌবাহিনীর যুদ্ধ কৌশল বিষয়ক প্রশিক্ষণ কেন্দ্র ‘স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিস’ এবং নৌবাহিনী পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রতিষ্ঠিত ‘আশার আলো’ স্কুল পরিদর্শন করেন।

পাশাপাশি রাশিয়া নৌবাহিনীর সদস্য ও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের মধ্যে প্রীতি ফুটবল ও বাস্কেটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। জাহাজ তিনটি বাংলাদেশ ত্যাগকালে বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনীর সাথে যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। রাশিয়ার জাহাজগেুলোর এই সফরের মধ্য দিয়ে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি উভয় দেশের নৌবাহিনীর দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন