রূপপুরে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে ২০ নভেম্বরের পর: রোসাটম

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আগামী ২০ নভেম্বর থেকে মাসের শেষ নাগাদ বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম। একই সঙ্গে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরিধি বাড়ানো নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

আজ রোববার রোসাটমের গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি রাশিয়া সফরকালে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভের দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি রূপপুর প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

লিখাচেভ জানান, রূপপুরে উৎপাদন শুরুর ধারাবাহিকতায় বাংলাদেশে এ ধরনের বিদ্যুৎ প্রকল্প সম্প্রসারণের আগ্রহ তৈরি হয়েছে এবং এ নিয়ে আলোচনাও হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার ও জনগণ। রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদন শুরুর সময় সম্পর্কে তিনি বলেন, ২০ নভেম্বর থেকে নভেম্বরের শেষ নাগাদ প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে তাঁরা আশা করছেন।

চলতি বছরের ২৮ এপ্রিল রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং শুরু করেছিল রোসাটমের প্রকৌশল বিভাগ, যা কেন্দ্রটি চালুর ক্ষেত্রে একটি প্রধান মাইলফলক ছিল। এ ছাড়া আগামী বছর দ্বিতীয় ইউনিট চালুর কার্যক্রম শুরু করার লক্ষ্য রয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রোসাটমের অন্যান্য আধুনিক প্রযুক্তির প্রতিও বাংলাদেশের বিশেষ আগ্রহ রয়েছে। প্রধানমন্ত্রী ও বিজ্ঞানমন্ত্রী ছোট আকারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো সম্ভাব্য অন্যান্য প্রস্তাব সম্পর্কে জানতে চেয়েছেন।

উল্লেখ্য, ২০১১ সালে স্বাক্ষরিত আন্তঃসরকার চুক্তির আওতায় রোসাটম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। কেন্দ্রটিতে ১ হাজার ২০০ মেগাওয়াট করে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার দুটি ইউনিট রয়েছে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন