নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে আয়োজিত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন।
নির্বাচনে জামায়াত সমর্থিত ১১-দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে বিপুল ভোটে পরাজিত করেন বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে মির্জা ফখরুল পান ২৫৫ ভোট এবং অলি আহমদ পান ৮৮ ভোট।
সিইসি জানান, নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন, যার মধ্যে ৩৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। অব্যবহৃত ছিল ৬টি ব্যালট। নিয়ম মেনে ত্রুটিপূর্ণ ৪টি ব্যালট পুনর্স্থাপন করা হয়। ভোট গণনার আনুষ্ঠানিকতা শেষে সিইসি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন।
ফলাফল ঘোষণার পর নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিরোধীদলীয় নেতাসহ অন্যান্য সংসদ সদস্যরাও তাঁকে শুভেচ্ছা জানান।
গোপন ব্যালট প্রক্রিয়ার এই নির্বাচনে এমপিরা নিজ নিজ আসনে বসে ব্যালটে স্বাক্ষর করে ভোট প্রদান করেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ প্রথম ভোটটি দেন। এরপর ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্য সংসদ সদস্যরা পর্যায়ক্রমে ভোটাধিকার প্রয়োগ করেন।





.jpg)
.jpg)










