ইসলামী আন্দোলন বাংলাদেশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ইসলামী আন্দোলন বাংলাদেশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

চার দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিলো ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল, সংসদ ভেঙে দেওয়াসহ চার দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারক লিপি পেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রোববার দুপুর ১টার দিকে সাত সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে গিয়ে স্মারক লিপি জমা দেন।

প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ৷

প্রতিনিধিদলের বাকি সদস্যরা হলেন, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম, যুগ্ম মহাসচিব, সহকারী মহাসচিব হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ এবং মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।

এর আগে ৩১ ডিসেম্বর রোববার বেলা পৌনে ১টার দিকে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ করতে বের হন দলটির নেতাকর্মীরা। পরে দৈনিক বাংলা মোড়ে তাদের আটকে দেয় পুলিশ। এরপর মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর নেতৃত্বে প্রতিনিধি দল স্মারকলিপি পেশ করেন৷

স্মারকলিপিতে ৪টি দাবি  পেশ করেছে ইসলামি আন্দোলন:

১.অনতিবিলম্বে চলতি সংসদ ভেঙে দিয়ে সকল প্রতিনিধিত্বশীল রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন জাতীয় সরকার গঠন করতে হবে।

২. রাজনৈতিক কারণে গ্রেপ্তার হওয়া বিরোধী দলের সকল নেতা-কর্মী এবং ওলামায়ে কেরামকে অবিলম্বে মুক্তি দিয়ে আপনার মধ্যস্থতায় সংলাপের আয়োজন করতে হবে।

৩. দলান্ধ এই নির্বাচন কমিশন বাতিল করতে হবে।

৪. ৭ জানুয়ারি একতরফা প্রহসনের নির্বাচন বন্ধ করতে হবে। রাজনৈতিক সমঝোতা ছাড়া এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আগে কোনো অবস্থাতেই দেশে কোন নির্বাচন করা যাবে না।

জনগণের ভাষা বুঝুন, একতরফা নির্বাচন দিয়ে সংঘাতে ঠেলে দেবেন না

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিরোধী দলগুলোর দাবি মেনে নিয়ে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

তিনি বলেছেন, একতরফা নির্বাচন দিয়ে দেশকে নিশ্চিত সংঘাতে ঠেলে দিবেন না। জনগণের মনের কথা বুঝার চেষ্টা করুন। জনগণ সরকারকে আর এক মুহূর্তও ক্ষমতায় চায় না। একতরফা নির্বাচন দিয়ে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া কোন দেশপ্রেমিক মানুষের কাজ হতে পারে না।

১৩ নভেম্বর সোমবার বিকেলে পুরানা পল্টন কার্যালয়ে দেশের চলমান সংকটজনক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনাকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনের উদ্দেশ্যে মুফতি ফয়জুল করীম বলেন, সরকারের মনোবাসনা পূরণে একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা দেবেন না। দেশকে আরো বিপর্যয়ের দিকে পতিত করবেন না। প্রয়োজনে নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করে দেশকে রক্ষা করুন। সংকট থেকে দেশ ও জাতিকে রক্ষা করুন।

মুফতি ফয়জুল করীম বলেন, বিরোধী দলের অবরোধ ঠেকাতে আওয়ামী লীগ সহিংস ভাষায় কথা বলছে। জায়গায় জায়গায় মহড়া দিয়ে দেশে আতঙ্ক সৃষ্টি করছে সরকার দলীয় লোকজন। ক্ষমতাসীনদের সীমাহীন ক্ষমতা লিপ্সার কারণে সৃষ্ট রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের ভয়াবহতা ৩ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করে দেশবাসীর সামনে তুলে ধরেছিলাম। সরকার নিজেদের স্বার্থে ১৭বার সংবিধান সংশোধন করেছে। জনগণের বিরুদ্ধে গিয়ে সরকারকে পদত্যাগ করে জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান তিনি।

দলের নায়েবে আমীর বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বয়ংক্রিয় ও কার্যকর করা যায়নি। ফলে নির্বাচনকালীন সরকার একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়ায়। যার প্রেক্ষিতে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে ১৯৯৬ সালে দেশে সার্বজনীন রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল। তার সুফলও জাতি পেয়েছে। কিন্তু আওয়ামী লীগ সরকার দেশের সার্বজনীন সমর্থিত এই ব্যবস্থাকে আদালতের কাঁধে বন্দুক রেখে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে হত্যা করেছে।

এ সময় উপস্থিত ছিলেন, দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাওলানা নেছার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, সহকারী দফতর সম্পাদক হাফেজ মাওলানা নুরুল করীম আকরাম, ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি শহিদুল ইসলাম কবির।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন