মো. সাহাবুদ্দিন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মো. সাহাবুদ্দিন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

৩ দিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

পাবনা প্রতিনিধি: তিন দিনের রাষ্ট্রীয় সফরে দ্বিতীয়বারের মতো নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে পৌঁছান রাষ্ট্রপতি। এরপর ৪টা ৩০ মিনিটে পাবনা সার্কিট হাউসে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি গার্ড অব অনার গ্রহণ করেন।

পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপতির সফরসূচি থেকে জানা গেছে, ২৭ সেপ্টেম্বর পাবনার আমিন উদ্দিন স্টেডিয়ামে পৌঁছানোর পর সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরদিন ২৮ সেপ্টেম্বর বেলা ১১টায় ৫০০ শয্যার পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর বিকেল সাড়ে ৩টায় সাঁথিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠান শেষে পাবনা শহরের উদ্দেশ্যে রওনা দিয়ে সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন। এরপর ২৯ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে পাবনা স্টেডিয়ামে হেলিপ্যাডে উপস্থিত হয়ে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দেবেন।

এদিকে ৫০০ শয্যার পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করার মাধ্যমে পাবনাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এতে সাধারণ মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে।

অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে সাঁথিয়ার ইছামতি নদীর পাড়ে নৌকা বাইচ অনুষ্ঠানে যোগদানকে ঘিরে গোটা উপজেলাজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। ইছামতী নদীর কোনাবাড়িয়া থেকে বোয়াইলমাড়ি পর্যন্ত প্রতিযোগিতার আয়োজনের স্থান নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে সাঁথিয়া উপজেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এ উৎসব ছড়িয়ে পড়েছে আশপাশের উপজেলাগুলোতেও। বিভিন্ন স্থান থেকে নৌকা বাইচের এলাকা পরিদর্শনের জন্য জনসাধারণ আসছে।

পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী বলেন, রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সর্বস্তরে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান  বলেন, রাষ্ট্রপতির পাবনা সফরকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তার পাবনা সফর যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয় সেজন্য প্রশাসন তৎপর রয়েছে।

তিন দিনের সফরে পাবনা যাবেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: দেশের ২২তম রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন দ্বিতীয়বারের মতো আগামী ২৭ সেপ্টেম্বর তিন দিনের রাষ্ট্রীয় সফরে তার নিজ জেলা পাবনায় আসছেন। সফরের দ্বিতীয় দিন ২৮ সেপ্টেম্বর পাবনার সাঁথিয়ায় নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। 

বুধবার  রাত ৮টার দিকে পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিকেলে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. মামুনুল হক স্বাক্ষরিত সফরসূচি থেকে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, ২৭ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে ঢাকা থেকে রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে পাবনায় পৌঁছাবেন। সোয়া ৪টার দিকে পাবনা অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে হ্যালিপ্যাডে উপস্থিত হবেন। এরপর সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে সার্কিট হাউসে রাতযাপন করবেন।

পরদিন ২৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় সাঁথিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

অনুষ্ঠান শেষে পাবনা শহরের উদ্দেশ্যে রওনা দিয়ে সার্কিট হাউসে রাতযাপন করবেন। এরপর ২৯ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার শেষে পাবনা স্টেডিয়ামে হ্যালিপ্যাডে উপস্থিত হয়ে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দেবেন।

সাঁথিয়া পৌরসভার মেয়র মাহবুবুল আলম বাচ্চু বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে প্রতি বছর এখানে নৌকাবাইচের আয়োজন করা হয়। এবার ৭৭তম জন্মদিন উপলক্ষে আগামী ২২ সেপ্টেম্বর থেকে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন হবে। ২৮ সেপ্টেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মহোদয় অংশগ্রহণ করবেন। আমরা সাঁথিয়া পৌরসভাসহ উপজেলাবাসী ধন্য। অনুষ্ঠানটি ইতিহাস হয়ে থাকবে।

পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান বলেন, আগামী ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রপ্রতি স্যার তিন দিনের জন্য পাবনায় আসবেন। দ্বিতীয় দিনে সাঁথিয়াতে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে যোগদান করবেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। ইতোমধ্যে নির্দেশনা পেয়েছি। প্রস্তুতি শুরু করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১৫ মে চার দিনের রাষ্ট্রীয় সফরে তার নিজ জেলা পাবনায় এসেছিলেন রাষ্ট্রপতি। সফরের দ্বিতীয় দিন ১৬ মে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে তাকে বিশাল নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।

বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে : রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, সরকার সবসময় আইনের শাসনে বিশ্বাসী। বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা নির্ভর করে আইনজীবী ও বিচারকদের মধ্যে সমন্বয় সাধনের ওপর।

বুধবার বিকেলে পাবনা জেলা ও দায়রা জজ আদালত মিলনায়তনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, আইনজীবী ও বিচারকদের মধ্যে যদি সুসম্পর্ক থাকে তাহলে আইনের শাসন ও সুশাসন নিশ্চিত হয়। এখনো গর্ব করে বলা যায় আমাদের বিচারকরা অনেকাংশে দুর্নীতিমুক্ত। বিচারকরা দুর্নীতিমুক্ত থাকলে সমাজের সকল স্তরে দুর্নীতিকে এড়িয়ে যাওয়া যায়।

তিনি বলেন, আইন প্রবর্তিত হয় সাধারণ মানুষের কল্যাণের জন্য। সরকার সুশাসন নিশ্চিত করতে চায়। সুশাসন নিশ্চিত করার জন্য আইনজীবীরা তাদের ওপর অর্পিত দায়িত্ব ও ভূমিকা সুচারুভাবে পালন করবেন বলে আমি আশা করি।

এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনার আদালত চত্বরে পৌঁছার পর তাকে স্বাগত জানান জেলা সিনিয়র দায়রা জজ বেগম শামীম আহম্মেদ। পরে জেলা দায়রা ও জজ আদালতে জাদুঘর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন রাষ্ট্রপতি।

এ সময় জেলার বিভিন্ন আদালতে কর্মরত বিচারকদের সঙ্গে পরিচিত হন তিনি। পরে রাষ্ট্রপতি তাঁর নামে নামকরণ করা বিনোদন পার্ক পরিদর্শন করেন।

রাষ্ট্রপতি ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন আজ

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চার দিনের সফরে সোমবার নিজ জেলা পাবনায় যাচ্ছেন।

প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে জানান, ‘রাষ্ট্রপতি আজ  সকালে চারদিনের সফরে পাবনার উদ্দেশে ঢাকা ছাড়বেন।’

রাষ্ট্রপতি সেখানে গণসংবর্ধনাসহ বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেবেন । তিনি সাংবাদিক, বুদ্ধিজীবি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের মতবিনিময় করবেন।

গত ২৪ এপ্রিল ২২ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর রাষ্ট্রপতি হিসেবে এটিই হবে পাবনায় তার প্রথম সফর।

আগামী ১৬ মে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে রাষ্ট্রপ্রধানকে সংবর্ধনা দেয়া হবে। স্থানীয় জনগন সাবেক ছাত্রনেতা এই বীর মুক্তিযোদ্ধার সম্মানে সংবর্ধনার আয়োজন করেছে ।

বাসসের সংবাদদাতা জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পাবনা সফর উপলক্ষে এলাকায় আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

স্থানীয় প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী ও সাধারণ জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের প্রিয় মানুষটিকে এক নজর দেখার জন্য।

বাহারি ফেস্টুন, ব্যানার, পোস্টার ও তোরণে ছেয়ে গেছে গোটা পাবনা শহর ও আশেপাশের এলাকা।

১৬ মে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গণসংবর্ধনা দেয়া হবে । আগামী ১৮ মে দুপুরে রাষ্ট্রপতির ঢাকায় ফেরার কথা রয়েছে।

রাষ্ট্রপতির সফর ঘিরে ঈশ্বরদীতে আওয়ামী লীগের সভা

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৫ মে নিজ জেলা পাবনায় সফরে যাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। চার দিনের সফর ঘিরে সাজ সাজ রব পুরো অঞ্চলে। রাষ্ট্রপতির এই সফর সফল করতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা আওয়ামী লীগ।

শনিবার দুপুরে ঈশ্বরদী উপজেলা সদরের ষ্টেশন রোড দলীয় কার্যালয়ে বিশেষ বর্ধিত সভা করে আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ সভায় সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-৪ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি। তিনি বলেন, রাষ্ট্রপতি আমাদের গৌরব। তার সম্মান রক্ষার্থে যা যা করণীয় আমরা তাই করব। এডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সংবর্ধনার জন্য আমরা প্রস্তুত। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আনন্দঘন সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম খান, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম হব্বুল, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক মাসুদ রানা ও উপজেলা ছাত্রলীগ সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময় প্রমুখ।

সর্বশেষ তিনি দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে প্রথমবারের মতো পাবনায় আসছেন। তাঁর সফরকে ঘিরে পুরো শহরে আলোকসজ্জা করা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন শহরে পরিণত হয়েছে পাবনা। ব্যানার ফেস্টুনে ভরে গেছে সড়ক-মহাসড়ক। উৎসবের আমেজ বিরাজ করছে সর্বত্র।

জন্মস্থানে যাচ্ছেন রাষ্ট্রপতি, সতীর্থকে বরণে প্রস্তুত পাবনা প্রেস ক্লাব

প্রতিনিধি পাবনা: দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনা প্রেস ক্লাবের ২২তম সদস্য। পরে তাকে ক্লাবের সাধারণ সভায় জীবন সদস্য করা হয়। বর্তমান রাষ্ট্রপতি ১৯৭৫ সালে দৈনিক বাংলার বাণীর জেলা প্রতিনিধির দায়িত্ব পালনকালে পাবনা প্রেস ক্লাবের সদস্য হন।

আগামী ১৫ থেকে ১৮ মে পর্যন্ত রাষ্ট্রপতি পাবনায় সফরকালে ১৬ মে সকালে পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। প্রেস ক্লাব কর্তৃপক্ষ তাদের প্রিয় সতীর্থকে বরণ করতে নানা প্রস্ততি সম্পন্ন করেছে।
 
পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সরকারি শহীদ বুলবুল কলেজের সাবেক অধ্যক্ষ এবং রাষ্ট্রপতির ঘনিষ্ঠ বাল্যবন্ধু প্রফেসর শিবজিত নাগ বলেন, মো. সাহাবুদ্দিন তৃণমূল থেকে রাজনীতি করেছেন। শিক্ষকতা, সাংবাদিকতা ও আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধের বীর সেনানী ছিলেন। বিচারক হিসেবেও তিনি সাফল্যের সাক্ষর রেখেছেন।

তিনি বলেন, সাহাবুদ্দিনের পাবনায় কয়েকটি আড্ডার একটি ছিল পাবনা প্রেস ক্লাব। সেই মো. সাহাবুদ্দিন আজ দেশের রাষ্ট্রপতি হয়ে পাবনা সফরকালে প্রেস ক্লাবে আসবেন। এ যে কী আনন্দের তা বলে বোঝানো যাবে না।

পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান বলেন, আমরা আনন্দিত, উৎফুল্ল এবং আবেগাপ্লুত। মহামান্য রাষ্ট্রপতি বলেছেন, তিনি ক্লাবে মঞ্চে বসবেন না। সাংবাদিকদের সঙ্গে অকৃত্রিম সময় কাটাবেন।

ক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ বলেন, মহামান্য রাষ্ট্রপতির বরণ উপলক্ষ্যে ক্লাব ভবন আলোকসজ্জা এবং সংস্কারসহ নানা প্রস্ততি সম্পন্ন হয়েছে। শপথ গ্রহণের ২০ দিন পর ১৫ মে ৪ দিনের রাষ্ট্রীয় সফরে প্রথমবারের মতো নিজ জেলা পাবনায় আসছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সকালে পাবনার কেন্দ্রীয় আরিফপুর গোরস্থানে যাবেন ও কবর জিয়ারত করবেন। এছাড়া স্কয়ার বাগান বাড়িতে পারিবারিক কবরাস্থানে জিয়ারত শেষে পাবনা জেলা জজ আদালতে বঙ্গবন্ধু কর্নার ও বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করবেন।

১৬ মে রাষ্ট্রপতিকে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে বিশাল নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। এদিন সকালে তিনি পাবনা প্রেস ক্লাবে আসবেন।

১৭ মে সকালে রাষ্ট্রপতি পাবনা ডায়াবেটিক সমিতি এবং নিজ বাড়িসংলগ্ন বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু বিনোদন পার্ক পরিদর্শন করবেন।

পরদিন ১৮ মে বেলা সাড়ে ১১টায় রাষ্ট্রপতি হেলিকপ্টারে ঢাকায় ফেরার কর্মসূচি রয়েছে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন