চা বোর্ডে নতুন চেয়ারম্যান হলেন সরওয়ার হোসেন

সংবাদ সাতদিন ডেস্ক: বাংলাদেশ চা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন।

যোগদানের পর বৃহস্পতিবার (২৪ অক্টোবর) তিনি বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহা. সেলিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় উন্নয়ন পরিকল্পনা ও সার্বিক বিষয় নিয়ে বাণিজ্য সচিবের সঙ্গে আলোচনা করেন চা বোর্ডের চেয়ারম্যান মো. সরওয়ার হোসেন। বাণিজ্য সচিব এ সময় তাকে কর্মক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন ১০ জানুয়ারি ১৯৭২ সালে জন্ম গ্রহণ করেন। তিনি ২০ ডিসেম্বর ১৯৯১ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ২৫তম দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে পদাতিক কোরে কমিশন লাভ করেন। সুদীর্ঘ পেশাগত জীবনে তিনি কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষক হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।

মেজর জেনারেল শেখ মো. সরওয়ার স্টাফ অফিসার হিসেবে ব্যানব্যাট-১/১৪ এর অ্যাডজুটেন্ট, ৬৫ পদাতিক ব্রিগেডের ব্রিগেড মেজর, ৫৬ই বেঙ্গলের উপঅধিনায়ক ও অধিনায়ক এবং সেনা সদর দপ্তরের এম এস শাখায় সহকারী এমএসের দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রশিক্ষণ ব্যাটালিয়নের কমান্ডার, সদর দপ্তর ৪৪ পদাতিক ব্রিগেড এবং সদর দপ্তর ৭১ মেকানাইজড ব্রিগেডের কমান্ডার, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের পরিচালক, আর্মি সিকিউরিটি ইউনিট ও স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকসের কমান্ড্যান্ট এবং সদর দপ্তর লজিস্টিক এরিয়া ও সদর দপ্তর ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন