উপদেষ্টা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
উপদেষ্টা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে জ্বালানী উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:  ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ দ্রুত শেষ করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শনিবার তিনি বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প এলাকা পরিদর্শন করেন। শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় উপদেষ্টা বলেন, 'আমরা অনেক কিছু দাবি করি, কিন্তু দেশের ও প্রতিষ্ঠানের জন্য কী করছি, সে বিষয়টি নিয়ে ভাবি না। এখন সময় এসেছে কাজে নামার। দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে।' 

এ সময় তিনি পেছনে পড়ে থাকা গ্রিড লাইনের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ৩০ মে'র মধ্যে কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দেয়।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোকাব্বির হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. কামরুল হুদা, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রশীদ খান এবং রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক মো. জাহেদুল হাছান।

‘আ.লীগের রাজনৈতিক অধিকার থাকা উচিত কি না, জনগণ বিবেচনা করবে’

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে একটি গণহত্যা চালানো পর আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার থাকা উচিত কি না, তা দেশের সাধারণ মানুষ বিচার-বিবেচনা করবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সচিবালয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি না, জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, এটা আমার বলার জায়গা না। এখন আপনি যদি মনে করেন, যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, আরও চল্লিশ-পঞ্চাশ হাজার মানুষকে অঙ্গহানি করেছে, চোখ কেড়ে নিয়েছে, এখনো তারা সেই অপকর্মের পক্ষে কথা বলে। যদি ফাঁস হওয়া রেকর্ডটা সঠিক হয়, তাহলে এখনো তাদের নেত্রী ২৮৭ জনকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। অন্য দেশে বসে সন্ত্রাসী হুমকি দিচ্ছেন, যিনি একটা গণহত্যার মামলার আসামি। বিচারের আগে, দায়মুক্তির আগে তারা রাজনৈতিক কর্মসূচি চালাবে আরও হাজার হাজার মানুষকে হত্যা করার জন্য? কাজেই সবকিছু একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আসবে।

‘আপনারা বিবেচনা করে দেখেন, একটা গণহত্যা চালানোর পর এখনো একটা দল বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমাদের এত বড় আন্দোলনের নেতাদের তারা কিশোর গ্যাং বলছে, আরও মানুষকে হত্যা করার হুমকি দিচ্ছে, সেই দলের রাজনৈতিক অধিকার থাকা উচিত কিনা তা প্রতিটি মানুষই বিবেচনা করবে। বিচারপ্রক্রিয়া শেষ হওয়ার পর দেখা যাবে, তাদের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া যায়।’

মৃত্যুদণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, সব দেশেই মৃত্যুদণ্ড রহিত করার কথা বলে জাতিসংঘ। তাদের একটি অপশনাল প্রটোকল আছে। ওই প্রটোকলের মূল কথাই হচ্ছে মৃত্যুদণ্ড রদ করার জন্য। কিন্তু পৃথিবীর খুব অল্প দেশেই মৃত্যুদণ্ড রদ করেছে। এটা তাদের অঙ্গীকার থেকে বলবেই। কিন্তু আমাদের যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, আমাদের যে জুডিশিয়াল কালচার আছে, সেগুলোতো আমাদের কাছে প্রাধান্য পাবে। সবচেয়ে বড় কথা, মৃত্যুদণ্ড রহিত করার যে অপশনাল প্রটোকল, তাতে বাংলাদেশের কোনো সরকারই পক্ষ রাষ্ট্র হয়নি। আমাদের কোনো সরকারের পক্ষ থেকেই এই অপশনাল প্রটোকলের পক্ষরাষ্ট্র হওয়ার বিন্দুমাত্র উদ্যোগ গ্রহণ করা হয়নি।

‘আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারব। এরইমধ্যে সার্চ কমিটি গঠন হয়েছে, কেবল প্রধান উপদেষ্টার সই বাকি আছে।’

তিনি আরও বলেন, তাদেরকে বলেছি, আমাদের আইনগত যে সংস্কার, সেটাতে তারা জড়িত আছেন, প্রাতিষ্ঠানিক সংস্কারে আমাদের যদি ফরেনসিক সহায়তা লাগে, সেটা তারা দেবেন। আমরা এখানে সুবিচার করব, প্রতিশোধ নেওয়ার জন্য বিচার করছি না।’

‘আগের আদালতে যেভাবে হয়েছে, সেভাবে আমরা অবিচার করব না। আমাদের কোনোকিছু লুকানোর নেই। স্বাগত, যে কেউ এসে, আমরা কীভাবে বিচার করছি, সেটা দেখতে পারবেন।’

বিচারপতি গোলাম মর্তুজাকে প্রধান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন

অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবিঃ সংগৃহীত

সংবাদ সাতদিন ডেস্ক : বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারকে প্রধান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের নথিতে অনুমোদন দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারকে চেয়ারম্যান এবং বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরীকে সদস্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুর্নগঠনের নথিতে অনুমোদন দেওয়া হয়েছে।

আইন উপদেষ্টা আরও বলেন, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এই অনুমোদন দিয়েছেন তিনি। আজই তাদের নিয়োগের প্রজ্ঞাপন জারি হতে পারে।

ট্রাইব্যুনালে তিন বিচারক নিয়োগের ফলে অচিরেই জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আসিফ নজরুল আরও জানান, অধস্তন আদালতের বিচার কাজের স্থবিরতা দূরীকরণে আগামী বৃহস্পতিবারের মধ্যে সারাদেশের অধস্তন আদালতগুলোতে জিপি-পিপি নিয়োগের কাজ শেষ করার চেষ্টা করবেন।

ফ্যাসিস্ট ও গণহত্যার সমর্থক-জড়িত সাংবাদিকদের বিচার হবে: নাহিদ ইসলাম

সাংবাদিকদের বিচার
রবিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আন্দোলনের সময় আহতদের হাতে অনুদানের চেক বিতরণকালে। ছবিঃ সংগৃহীত

সংবাদ সাতদিন ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ক্ষমতাচ্যুত 'ফ্যাসিবাদী' সরকারের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট সাংবাদিক এবং সাম্প্রতিক গণহত্যায় উসকানি ও মদদদাতাদের বিচারের আওতায় আনা হবে।

তিনি জোর দিয়ে বলেন, যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে অন্যায়ভাবে কোনো মামলা দায়ের করা হয় তাহলে সেগুলো তদন্ত করার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একটি কমিটি গঠন করবে।

রবিবার (১৩ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আন্দোলনের সময় আহতদের হাতে অনুদানের চেক বিতরণকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে গণঅভ্যুত্থানে আহতদের এবং যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

আহতদের বিদেশে চিকিৎসার বিষয়ে জানতে চাইলে তিনি আশ্বস্ত করে বলেন, 'সংশ্লিষ্ট চিকিৎসকদের সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে তিনি বলেন, 'ফ্যাসিবাদী সরকারের সঙ্গে যারা সংশ্লিষ্ট, যারা গণহত্যায় উসকানি ও সমর্থন দিয়েছে তাদের বিচারের মুখোমুখি হতে হবে ‘

তিনি আরও বলেন, 'যদি কোনো সাংবাদিক বা তাদের পরিবার মনে করেন যে আইনি পদক্ষেপের মাধ্যমে তাদের প্রতি অন্যায় করা হচ্ছে, তাহলে আমরা তাদের উৎসাহিত করব তারা যেন আমাদের সঙ্গে যোগাযোগ করেন।’

আহত ও নিহতদের আইনি প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, 'বর্তমানে একটি আইনি দল এ বিষয়ে কাজ করছে এবং আমরা এই মামলাগুলো বিশেষ ট্রাইব্যুনালে নিষ্পত্তি করা নিশ্চিত করব। অভ্যুত্থানের সময় যারা শহীদ ও আহত হয়েছেন তারা আমাদের জাতির বীর এবং আমরা বিভিন্ন দলের নেতাকর্মীদের আত্মত্যাগকে সম্মান জানাই।’

তিনি বলেন, 'শহীদ ও আহতদের যেন দলমত বা রাজনৈতিক ব্যানারের ভিত্তিতে ভাগ না করি। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তাদের আত্মত্যাগকে কাজে লাগানো থেকে আমাদের বিরত থাকতে হবে।’

ঢাকা মেডিকেলে আসার আগে যারা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন তাদের খরচও বহন করা হবে বলে নিশ্চিত করেন নাহিদ ইসলাম।

এসময় ফাউন্ডেশনের সচিব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জুলাই ফাউন্ডেশন থেকে আহতদের অনুদানের একটি হিসাব সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

তিনি জানান, মোট ১২২ জনকে ১ লাখ ২২ হাজার ৬৪ হাজার ৪০০ টাকা করে দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন ৩০ জনের মধ্যে ২৩ জনকে এক লাখ টাকার চেক ইস্যু করা হয়েছে। বাকি ৭ জন বিকাশের মাধ্যমে টাকা পেয়েছেন।

এছাড়া জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৩৩ জন এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও রিহ্যাবিলিটেশন ইনস্টিটিউটে (পাঙ্গু হাসপাতাল) ৫৯ জনকে বিকাশের মাধ্যমে অর্থ দেওয়া হয়েছে।

সব মিলিয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এখন পর্যন্ত ১৭৬ জন আহত ব্যক্তিকে ১ কোটি ৭১ লাখ ৪২ হাজার ৫০ টাকা অনুদান দিয়েছে।

দুর্গাপূজা: অনলাইনের কার্যক্রম মনিটরিং করছে র‌্যাবের সাইবার ইউনিট

দুর্গাপূজা: অনলাইনের কার্যক্রম মনিটরিং করছে র‌্যাবের সাইবার ইউনিট
র‌্যাবের মহাপরিচালক এ কে এম সাহিদুর রহমান। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: দুর্গাপূজা উপলক্ষে যেকোনো ধরনের গুজব যাতে বিঘ্নতার সৃষ্টি না করতে পারে সেজন্য অনলাইন কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাইবার ইউনিট।

ভুল তথ্য ছড়ানোর বিরুদ্ধে দৃঢ় অবস্থান ব্যক্ত করে র‌্যাব জোর দিয়ে বলেছে যে, তারা সম্পূর্ণ সচেতন এবং প্রস্তুত।

বুধবার (৯ অক্টোবর) রাজধানীর বনানীর দুর্গাপূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এসব কথা বলেন র‌্যাবের মহাপরিচালক এ কে এম সাহিদুর রহমান।

তিনি বলেন, ‘শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই এর সঙ্গে জড়িত নয়, দেশের ১৭ কোটি মানুষ আমাদের সঙ্গে আছে। কোনো অসাধু গোষ্ঠী বা অপরাধী আমাদের যৌথ প্রচেষ্টাকে ব্যাহত করার সুযোগ পাবে না।’

আরও পড়ুন: আইনশৃঙ্খলা রক্ষায় সেনাসহ অন্যান্য বাহিনীর সঙ্গে কাজ করেছে র‌্যাব: সদর দপ্তর

তিনি জানান, দুর্গাপূজার প্রস্তুতি হিসেবে গত ১ অক্টোবর থেকে র‌্যাবের গোয়েন্দা অভিযান চলছে। এবার পুলিশের পাশাপাশি সশস্ত্র বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও কোস্টগার্ডও নিরাপত্তায় নিয়োজিত থাকবে।

র‌্যাবের ১৫ ব্যাটালিয়ন এবং র‌্যাব সদর দপ্তরের কন্ট্রোল রুম দেশের বিভিন্ন পূজা মন্ডপগুলোতে সক্রিয়ভাবে মনিটরিং করছে।

গ্রেপ্তারের তালিকায় ৯০ পুলিশ কর্মকর্তা! সংবাদপত্রের আলোচিত খবর

কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে নির্বাচনকেই প্রাধান্য দিয়েছে দেশের অন্যতম প্রধান দল বিএনপি ও রাজনৈতিক অন্য দলগুলো। এ সময় বিএনপি দ্রুত নির্বাচনী রোডম্যাপ চেয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচনের প্রস্তুতি, নির্বাচন কমিশন গঠন ও সংস্কার একসঙ্গে এগিয়ে নেওয়া হবে, যাতে দ্রুত একটা নির্বাচন করা যায়।

এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—

প্রথম আলো

প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে নির্বাচনই প্রাধান্য
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথম দিনে বেলা আড়াইটায় বিএনপিকে দিয়ে আলোচনা শুরু হয়। এরপর একে একে জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, হেফাজতে ইসলাম, বাম গণতান্ত্রিক জোট, ইসলামী আন্দোলন, এবি পার্টি ও গণ অধিকার পরিষদের সঙ্গে সংলাপ হয়। সব মিলিয়ে পাঁচটি দল ও তিনটি জোটের সঙ্গে প্রথম দিনের আলোচনা অনুষ্ঠিত হয়। ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তার জোটসঙ্গীদের এই সংলাপের বাইরে রাখা হয়েছে। জাতীয় পার্টিকে এখন পর্যন্ত আমন্ত্রণ জানানো হয়নি। তবে আগামী শনিবার আরও কয়েকটি দলকে সংলাপে ডাকা হতে পারে বলে জানা গেছে।

দেশ রূপান্তর

গ্রেপ্তারের তালিকায় ৯০ পুলিশ কর্মকর্তা!

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে হামলা ও গুলি করে সাধারণ শিক্ষার্থী এবং নিরীহ লোকজনকে হত্যার অভিযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মামলা হয়েছে পুলিশের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে। বেশিরভাগ মামলার আসামিই আছেন আত্মগোপনে। ইতিমধ্যে সাবেক দুই আইজিপিসহ অন্তত ১০-১২ জন পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন। এতে বর্তমান ও সাবেক পুলিশ কর্মকর্তারা ভুগছেন গ্রেপ্তার আতঙ্কে। সাবেক ও বর্তমান অন্তত ৯০ জন পুলিশ কর্মকর্তা গ্রেপ্তারের তালিকায় আছেন বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। তা ছাড়া অনুপস্থিত কর্মকর্তা ও সদস্যকে যেকোনো সময় বরখাস্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

অন্তর্বর্তী সরকার অনুপস্থিত পুলিশ কর্মকর্তা ও অন্য সদস্যদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিলেও তারা কাজে যোগ দিচ্ছেন না। পুলিশের তথ্যানুযায়ী এখনো ১৮৭ জন অনুপস্থিত আছেন কর্মস্থলে। এই সংখ্যা আরও বাড়তে পারে। এ নিয়ে সরকারের হাইকমান্ডে হয়েছে বিশদ আলোচনা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশের ঊর্ধ্বতনদের নিয়ে বৈঠক করেছেন উপদেষ্টা ও সিনিয়র সচিব। আত্মগোপনে থাকা মামলার আসামিদের গ্রেপ্তার করার বিষয়ে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে।

ইত্তেফাক

‌‘ডিবি কার্যালয়ে থাকবে না কোনো আয়নাঘর-ভাতের হোটেল’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেছেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে থাকবে না আর কোনো আয়নাঘর। ডিবি অফিসে থাকবে না কোনো ভাতের হোটেল। নায়ক-নায়িকা ও সেলিব্রিটিদের আড্ডাখানা থাকবে না।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে একথা বলেন তিনি।

কালবেলা

৩২ হাজার মণ্ডপের নিরাপত্তায় ২ লাখ আনসার

আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে দেশের ৩২ হাজার ৬৬৬টি মণ্ডপে মোতায়েন করা হবে ২ লাখ ১২ হাজার ১৯২ জন আনসার-ভিডিপি সদস্য। প্রশিক্ষণপ্রাপ্ত এসব সদস্য আগামী ৮ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ছয় দিন এ দায়িত্ব পালন করবেন।

গতকাল শনিবার রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা বিষয়ে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে এসব তথ্য জানান বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

তিনি আরও বলেন, নিরাপত্তা সংস্থাগুলোর মূল্যায়নের ভিত্তিতে ঝুঁকি বিবেচনায় পূজামণ্ডপগুলোতে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে আটজন, গুরুত্বপূর্ণ মণ্ডপে ছয় এবং সাধারণ মণ্ডপে ছয়জন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। এ ছাড়া বিশেষ বিবেচনায় অধিক গুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ মণ্ডপের মধ্য থেকে ১৫ হাজার ৩২টিতে ৫৩ হাজার ১৪৮ জন আনসার-ভিডিপি সদস্য কাজ করবেন শুধু ৬ ও ৭ অক্টোবর।

মানবজমিন

নিয়ন্ত্রণহীন বাজার নেপথ্যে কী

এক মাসের ব্যবধানে প্রায় সব ধরনের চালের দাম বেড়েছে। ফার্মের মুরগির ডিমের দাম হালিপ্রতি বেড়েছে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত। ব্রয়লার মুরগির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। খোলা পামঅয়েল ও সুপার তেলের দাম বেড়েছে ১৫ টাকা পর্যন্ত। সাধারণের নাগালের বাইরে রয়েছে পিয়াজ ও রসুনের দাম। শাকসবজি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও অস্বাভাবিকভাবে বেড়েছে।

এ ছাড়া সরকার থেকে কয়েকটি পণ্যের দাম নির্ধারণ করে দেয়া হলেও তার চেয়ে বেশি দামে পণ্য বিক্রি হচ্ছে। এভাবে পণ্যের দাম বৃদ্ধির নেপথ্যে যৌক্তিক কোনো কারণ দেখছেন না বাজার বিশ্লেষকরা। তারা বলছেন, অসৎ ব্যবসায়ী ও মধ্যস্থতাকারীদের কারসাজির জন্যই মূলত পণ্যমূল্য বাড়ছে। পণ্যের দাম বাড়ার অন্য কোনো কারণ নেই। এটা নিয়ে বাজার নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোকে কাজ করতে হবে। ব্যবসায়ীদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। অন্যদিকে নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভোক্তারা।

সমকাল

সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চায় জামায়াত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে সরকারের বিভিন্ন কাজে অসন্তোষ জানিয়েছে বিএনপি। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে নতুন নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে তারা। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থকদের গুরুত্বপূর্ণ পদে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা পদায়ন করছেন বলেও অভিযোগ করেছে বিএনপি।
জামায়াতে ইসলামী সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চেয়েছে প্রধান উপদেষ্টার কাছে। রাজনৈতিক দলের সঙ্গে নিয়মিত আলোচনার মাধ্যমে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে বলেছে গণতন্ত্র মঞ্চ। বাম গণতান্ত্রিক জোট সংস্কারের পর নির্বাচনের রোডম্যাপ চেয়েছে। দুই বছরের মধ্যে নির্বাচন দাবি করেছে এবি পার্টি। গতকাল শনিবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় সংলাপে এসব দাবি করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দল ও বিভিন্ন সূত্র।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

মানবজমিন

শেরপুর-ময়মনসিংহে ভয়াবহ বন্যা, নিহত ৩

ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুর-ময়মনসিংহে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। পানির তোড়ে ভাঙছে বাঁধ, ডুবছে একের পর এক গ্রাম।
এতে পানিবন্দি হয়ে পড়েছে জেলা দু’টির লাখ লাখ মানুষ। তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘর, ফসলি জমি ও সবজি ক্ষেত। শেরপুরে পাহাড়ি ঢলের পানিতে ভেসে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া আরও ৩ জন নিখোঁজ রয়েছে। এদিকে টানা বর্ষণে কুড়িগ্রামে ফের বাড়ছে নদ-নদীর পানি। পানিবন্দি হয়ে পড়েছে রৌমারী, চিলমারী, রাজীবপুর ও রাজারহাটের নিম্নাঞ্চল। তলিয়ে গেছে এসব উপজেলার ফসলি জমি ও সবজি ক্ষেত।

কালের কণ্ঠ

ছাত্ররাজনীতি এখনই বন্ধ নয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্ররাজনীতি থাকবে কি থাকবে না—এ নিয়ে কিছুদিন ধরে জোর আলোচনা হচ্ছে। এমনকি গত ১৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় ছাত্ররাজনীতি বন্ধের বিষয়টি জোরালোভাবে আলোচনায় আসে। তবে বিভিন্ন পর্যায়ে আলোচনা শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত ছাত্ররাজনীতি বন্ধ না করার পক্ষেই অবস্থান নিয়েছে।

ছাত্ররাজনীতির ব্যাপারে কালের কণ্ঠ’র পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, সিন্ডিকেট সদস্য, ছাত্রনেতাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে আলোচনা করা হয়।

বণিক বার্তা

খেলাপি হয়ে গেছে জনতা ব্যাংকের ৭৫ শতাংশ ঋণ

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ৭৫ শতাংশ ঋণই এখন খেলাপির খাতায়। গত সেপ্টেম্বর শেষে ব্যাংকটির মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭৪ হাজার কোটি টাকা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, যেকোনো সময় হতে পারে সিআরআর-এসএলআর ঘাটতি। ব্যাংকটির পরিচালনা পর্ষদের সর্বশেষ সভায় আর্থিক বিপর্যয়ের এ চিত্র তুলে ধরা হয়েছে। ২০০৯ সালে ব্যাংকটির দুর্দশাগ্রস্ত ঋণ ছিল ১ হাজার ৪০০ কোটি টাকা।

ব্যাংকটির ৮২৪তম পর্ষদ সভা অনুষ্ঠিত হয় ১ অক্টোবর। ওই সভায় যে নথি উপস্থাপন করা হয় সেটি পর্যালোচনা করে দেখা যায়, সেপ্টেম্বর পর্যন্ত জনতা ব্যাংকে জমাকৃত আমানতের পরিমাণ ছিল ১ লাখ ১১ হাজার ৭৪৯ কোটি টাকা। সেখান থেকে বিতরণ করা হয়েছে ৯৮ হাজার ৫২৩ কোটি টাকার ঋণ। বিতরণকৃত এ ঋণের অর্ধেকের বেশি তথা ৪৯ হাজার ৯৫৯ কোটি টাকাই নিয়েছে মাত্র পাঁচটি গ্রুপ। এর মধ্যে এককভাবে সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপই নিয়েছে ২৫ হাজার ৮০ কোটি টাকা। এস আলম গ্রুপ ১০ হাজার ১৭১ কোটি, এননটেক্স গ্রুপ ৭ হাজার ৭৭৪ কোটি, ক্রিসেন্ট গ্রুপ ৩ হাজার ৮০৭ কোটি এবং ওরিয়ন গ্রুপ ৩ হাজার ১১ কোটি টাকা নিয়েছে।

এছাড়া সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে; মাঠে আছি, নির্ভয়ে পূজামণ্ডপে যাবেন: সেনাপ্রধানের আশ্বাস; ঐক্যের ভিত্তিতে ইসি গঠন ও নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি; রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতে সংস্কার শেষেই নির্বাচন চায় জামায়াত; এবি পার্টির ১৭ প্রস্তাব ও পর্যবেক্ষণ; সরকারকে ১২ প্রস্তাব গণঅধিকারের—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।

সেন্টমার্টিনে পর্যটক সীমিত ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা হবে: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সেন্টমার্টিনে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা হবে।

তিনি বলেন, ‘পর্যটকের সংখ্যা সীমিত করা এবং দ্বীপে রাত্রীযাপন নিষিদ্ধসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে।’

সোমবার (৭ অক্টোবর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সেন্টমার্টিনের পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা ও জীববৈচিত্র্য রক্ষার বিষয়েও আলোচনা করেন তিনি।

উপদেষ্টা বলেন, সেন্টমার্টিন, কক্সবাজার এবং কুয়াকাটাকে সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এই প্রবাল দ্বীপ আমাদের দেশে একটিই আছে, তাই একে রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

রিজওয়ানা হাসান বলেন, সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ করতে আগের নির্দেশিকাগুলো মানতে হবে। এছাড়া, পর্যটন মৌসুম শুরুর আগেই হোটেল মালিক, ট্যুর অপারেটর ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, সেন্টমার্টিনকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখতে চাই। দ্বীপটিকে একটি কোলাহলমুক্ত এলাকা হিসেবে দেখার অভিপ্রায় ও ব্যক্ত করেন এই উপদেষ্টা।

সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হবে: উপদেষ্টা নাহিদ ইসলাম

উপদেষ্টা নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সব পক্ষের সঙ্গে আলোচনা করে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হবে।

তিনি বলেন, সাংবাদিক সংগঠনগুলোকে সাংবাদিকদের স্বার্থ রক্ষায় কাজ করা উচিত।

নাহিদ ইসলাম বলেন, সামনের দিনগুলোতে সাংবাদিকদের আরও পেশাদারিত্বের জায়গায় নিয়ে আসার মাধ্যমে তরুণদের এই পেশায় সম্পৃক্ত করার ব্যবস্থা করতে হবে।

সোমবার (৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে মিডিয়া সাপোর্ট নেটওয়ার্ক আয়োজিত ‘সংবাদ মাধ্যম সংস্কার: কেন? কীভাবে?’ শীর্ষক একটি মুক্ত আলোচনায় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই বিপ্লব সাংবাদিকদের পক্ষ থেকে ‘রেজিসটেন্স’ ছিল না। এর ফলে মিডিয়ার ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ।

তিনি আরও বলেন, এছাড়া ইলেকট্রনিক মিডিয়াতে এই আন্দোলন নিয়ে অনেক তথ্য প্রচার হয়নি। এর কারণ হাউজের উপরে হাউজ। এর জবাবদিহিতার দায়িত্ব কে নেবে?

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন