পর্যটন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পর্যটন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে উদ্বোধন হলো সাঁঝের মায়া - আই লাভ ঈশ্বরদী পর্যটন পয়েন্ট

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীর ঐতিহ্যবাহী সাঁড়াঘাটে চালু হলো বহুল প্রতীক্ষিত নতুন পর্যটন কেন্দ্র 'সাঁঝের মায়া – আই লাভ ঈশ্বরদী'।

রোববার সন্ধ্যায় পদ্মার তীরে মনোরম পরিবেশে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদ্য নাটোরে এডিসি হিসেবে যোগ দেওয়া ঈশ্বরদীর বিদায়ী ইউএনও সুবীর কুমার দাস।

উদ্বোধনের সময় পদ্মার বুকে সোনালি আভায় ভেসে থাকা মনোমুগ্ধকর দৃশ্য চারপাশে উৎসবের আবহ তৈরি করে। স্থানীয়দের প্রত্যাশা, এই নতুন উদ্যোগ ঈশ্বরদীর ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য দেশ-বিদেশে ছড়িয়ে দিতে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি এটি ভ্রমণ ও বিনোদনপ্রেমীদের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিহাব উদ্দিনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

সেন্টমার্টিনে পর্যটক সীমিত ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা হবে: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সেন্টমার্টিনে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা হবে।

তিনি বলেন, ‘পর্যটকের সংখ্যা সীমিত করা এবং দ্বীপে রাত্রীযাপন নিষিদ্ধসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে।’

সোমবার (৭ অক্টোবর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সেন্টমার্টিনের পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা ও জীববৈচিত্র্য রক্ষার বিষয়েও আলোচনা করেন তিনি।

উপদেষ্টা বলেন, সেন্টমার্টিন, কক্সবাজার এবং কুয়াকাটাকে সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এই প্রবাল দ্বীপ আমাদের দেশে একটিই আছে, তাই একে রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

রিজওয়ানা হাসান বলেন, সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ করতে আগের নির্দেশিকাগুলো মানতে হবে। এছাড়া, পর্যটন মৌসুম শুরুর আগেই হোটেল মালিক, ট্যুর অপারেটর ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, সেন্টমার্টিনকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখতে চাই। দ্বীপটিকে একটি কোলাহলমুক্ত এলাকা হিসেবে দেখার অভিপ্রায় ও ব্যক্ত করেন এই উপদেষ্টা।

বিশ্ব পর্যটন দিবস আজ

নিজস্ব প্রতিবেদক: আজ ২৭ সেপ্টেম্বর ‘বিশ্ব পর্যটন দিবস’। প্রতিবছর বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হয়। দিবসটির এবারে প্রতিপাদ্য ‘পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ।

জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে ১৯৮০ সাল থেকে ২৭ সেপ্টেম্বর দিবসটি পালিত হয়ে আসছে।

পর্যটন দিবসে সারা দেশের ইতিহাস-ঐতিহ্যকে এক ছাদের নিচে আনতে চার দিনব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যালের আয়োজন করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। আজ বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ উৎসবের উদ্বোধন করা হবে।

২৭ থেকে ৩০ সেপ্টেম্বর এ উৎসবে এয়ারলাইন্স, হোটেল, রিসোর্ট, অ্যামিউজমেন্ট পার্ক, ট্যুরিস্ট-ভেসেল, ট্রাভেল এজেন্ট ও ট্যুর অপারেটর প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। অংশগ্রহণ করবে বিভিন্ন জেলার পর্যটন পণ্য ও সেবা প্রদানকারীরা। দেশব্যাপী পর্যটনের বিভিন্ন অফার ও আয়োজন থাকবে এ উৎসবে। দর্শনার্থীদের আগামীর বাংলাদেশে তাদের আকর্ষণীয় ট্যুর প্ল্যান তৈরি করতে এ উৎসব সহায়তা করবে। এ উৎসবে আয়োজন থাকবে বিভিন্ন দেশের খাবারসহ বাংলাদেশের অথেন্টিক ও ঐতিহ্যবাহী খাবারের।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন