অন্তর্বর্তী সরকার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অন্তর্বর্তী সরকার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

দশমী পর্যন্ত সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দশমী পর্যন্ত সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকেশ্বরী মন্দির পূজামণ্ডপ পরিদর্শনকালে। ছবিঃ সংগৃহীত

সংবাদ সাতদিন ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দুর্গাপূজার দশমী পর্যন্ত সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এরপরও চলমান নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হবে।

উপদেষ্টা বলেন, বাংলাদেশের সাড়ে ১৭ কোটি লোক ৩৬৫ দিনই নিরাপদে থাকবে। বাংলাদেশের সকল নাগরিকের ৩৬৫ দিনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা নিরলসভাবে সে প্রচেষ্টায় নিয়োজিত আছি।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ঢাকেশ্বরী মন্দির পূজামণ্ডপ পরিদর্শনকালে এক আলোচনা সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার পূজার জন্য ৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এরআগে প্রতি বছর দুর্গাপূজায় ২ থেকে ৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হতো। এছাড়া চলমান দুর্গাপূজায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ বিষয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মহাসচিব সন্তোষ শর্মাসহ অন্যান্য নেতারা আমার সঙ্গে একমত পোষণ করেছেন।

উপদেষ্টা আরও বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যদের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রয়োজনীয় সংখ্যক সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মোতায়েন করা হয়েছে।

বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা ও মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব।

উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাইনুল হাসান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও মহানগর সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল।

গ্রেপ্তারের তালিকায় ৯০ পুলিশ কর্মকর্তা! সংবাদপত্রের আলোচিত খবর

কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে নির্বাচনকেই প্রাধান্য দিয়েছে দেশের অন্যতম প্রধান দল বিএনপি ও রাজনৈতিক অন্য দলগুলো। এ সময় বিএনপি দ্রুত নির্বাচনী রোডম্যাপ চেয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচনের প্রস্তুতি, নির্বাচন কমিশন গঠন ও সংস্কার একসঙ্গে এগিয়ে নেওয়া হবে, যাতে দ্রুত একটা নির্বাচন করা যায়।

এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—

প্রথম আলো

প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে নির্বাচনই প্রাধান্য
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথম দিনে বেলা আড়াইটায় বিএনপিকে দিয়ে আলোচনা শুরু হয়। এরপর একে একে জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, হেফাজতে ইসলাম, বাম গণতান্ত্রিক জোট, ইসলামী আন্দোলন, এবি পার্টি ও গণ অধিকার পরিষদের সঙ্গে সংলাপ হয়। সব মিলিয়ে পাঁচটি দল ও তিনটি জোটের সঙ্গে প্রথম দিনের আলোচনা অনুষ্ঠিত হয়। ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তার জোটসঙ্গীদের এই সংলাপের বাইরে রাখা হয়েছে। জাতীয় পার্টিকে এখন পর্যন্ত আমন্ত্রণ জানানো হয়নি। তবে আগামী শনিবার আরও কয়েকটি দলকে সংলাপে ডাকা হতে পারে বলে জানা গেছে।

দেশ রূপান্তর

গ্রেপ্তারের তালিকায় ৯০ পুলিশ কর্মকর্তা!

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে হামলা ও গুলি করে সাধারণ শিক্ষার্থী এবং নিরীহ লোকজনকে হত্যার অভিযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মামলা হয়েছে পুলিশের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে। বেশিরভাগ মামলার আসামিই আছেন আত্মগোপনে। ইতিমধ্যে সাবেক দুই আইজিপিসহ অন্তত ১০-১২ জন পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন। এতে বর্তমান ও সাবেক পুলিশ কর্মকর্তারা ভুগছেন গ্রেপ্তার আতঙ্কে। সাবেক ও বর্তমান অন্তত ৯০ জন পুলিশ কর্মকর্তা গ্রেপ্তারের তালিকায় আছেন বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। তা ছাড়া অনুপস্থিত কর্মকর্তা ও সদস্যকে যেকোনো সময় বরখাস্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

অন্তর্বর্তী সরকার অনুপস্থিত পুলিশ কর্মকর্তা ও অন্য সদস্যদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিলেও তারা কাজে যোগ দিচ্ছেন না। পুলিশের তথ্যানুযায়ী এখনো ১৮৭ জন অনুপস্থিত আছেন কর্মস্থলে। এই সংখ্যা আরও বাড়তে পারে। এ নিয়ে সরকারের হাইকমান্ডে হয়েছে বিশদ আলোচনা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশের ঊর্ধ্বতনদের নিয়ে বৈঠক করেছেন উপদেষ্টা ও সিনিয়র সচিব। আত্মগোপনে থাকা মামলার আসামিদের গ্রেপ্তার করার বিষয়ে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে।

ইত্তেফাক

‌‘ডিবি কার্যালয়ে থাকবে না কোনো আয়নাঘর-ভাতের হোটেল’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেছেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে থাকবে না আর কোনো আয়নাঘর। ডিবি অফিসে থাকবে না কোনো ভাতের হোটেল। নায়ক-নায়িকা ও সেলিব্রিটিদের আড্ডাখানা থাকবে না।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে একথা বলেন তিনি।

কালবেলা

৩২ হাজার মণ্ডপের নিরাপত্তায় ২ লাখ আনসার

আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে দেশের ৩২ হাজার ৬৬৬টি মণ্ডপে মোতায়েন করা হবে ২ লাখ ১২ হাজার ১৯২ জন আনসার-ভিডিপি সদস্য। প্রশিক্ষণপ্রাপ্ত এসব সদস্য আগামী ৮ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ছয় দিন এ দায়িত্ব পালন করবেন।

গতকাল শনিবার রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা বিষয়ে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে এসব তথ্য জানান বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

তিনি আরও বলেন, নিরাপত্তা সংস্থাগুলোর মূল্যায়নের ভিত্তিতে ঝুঁকি বিবেচনায় পূজামণ্ডপগুলোতে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে আটজন, গুরুত্বপূর্ণ মণ্ডপে ছয় এবং সাধারণ মণ্ডপে ছয়জন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। এ ছাড়া বিশেষ বিবেচনায় অধিক গুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ মণ্ডপের মধ্য থেকে ১৫ হাজার ৩২টিতে ৫৩ হাজার ১৪৮ জন আনসার-ভিডিপি সদস্য কাজ করবেন শুধু ৬ ও ৭ অক্টোবর।

মানবজমিন

নিয়ন্ত্রণহীন বাজার নেপথ্যে কী

এক মাসের ব্যবধানে প্রায় সব ধরনের চালের দাম বেড়েছে। ফার্মের মুরগির ডিমের দাম হালিপ্রতি বেড়েছে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত। ব্রয়লার মুরগির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। খোলা পামঅয়েল ও সুপার তেলের দাম বেড়েছে ১৫ টাকা পর্যন্ত। সাধারণের নাগালের বাইরে রয়েছে পিয়াজ ও রসুনের দাম। শাকসবজি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও অস্বাভাবিকভাবে বেড়েছে।

এ ছাড়া সরকার থেকে কয়েকটি পণ্যের দাম নির্ধারণ করে দেয়া হলেও তার চেয়ে বেশি দামে পণ্য বিক্রি হচ্ছে। এভাবে পণ্যের দাম বৃদ্ধির নেপথ্যে যৌক্তিক কোনো কারণ দেখছেন না বাজার বিশ্লেষকরা। তারা বলছেন, অসৎ ব্যবসায়ী ও মধ্যস্থতাকারীদের কারসাজির জন্যই মূলত পণ্যমূল্য বাড়ছে। পণ্যের দাম বাড়ার অন্য কোনো কারণ নেই। এটা নিয়ে বাজার নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোকে কাজ করতে হবে। ব্যবসায়ীদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। অন্যদিকে নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভোক্তারা।

সমকাল

সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চায় জামায়াত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে সরকারের বিভিন্ন কাজে অসন্তোষ জানিয়েছে বিএনপি। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে নতুন নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে তারা। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থকদের গুরুত্বপূর্ণ পদে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা পদায়ন করছেন বলেও অভিযোগ করেছে বিএনপি।
জামায়াতে ইসলামী সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চেয়েছে প্রধান উপদেষ্টার কাছে। রাজনৈতিক দলের সঙ্গে নিয়মিত আলোচনার মাধ্যমে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে বলেছে গণতন্ত্র মঞ্চ। বাম গণতান্ত্রিক জোট সংস্কারের পর নির্বাচনের রোডম্যাপ চেয়েছে। দুই বছরের মধ্যে নির্বাচন দাবি করেছে এবি পার্টি। গতকাল শনিবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় সংলাপে এসব দাবি করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দল ও বিভিন্ন সূত্র।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

মানবজমিন

শেরপুর-ময়মনসিংহে ভয়াবহ বন্যা, নিহত ৩

ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুর-ময়মনসিংহে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। পানির তোড়ে ভাঙছে বাঁধ, ডুবছে একের পর এক গ্রাম।
এতে পানিবন্দি হয়ে পড়েছে জেলা দু’টির লাখ লাখ মানুষ। তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘর, ফসলি জমি ও সবজি ক্ষেত। শেরপুরে পাহাড়ি ঢলের পানিতে ভেসে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া আরও ৩ জন নিখোঁজ রয়েছে। এদিকে টানা বর্ষণে কুড়িগ্রামে ফের বাড়ছে নদ-নদীর পানি। পানিবন্দি হয়ে পড়েছে রৌমারী, চিলমারী, রাজীবপুর ও রাজারহাটের নিম্নাঞ্চল। তলিয়ে গেছে এসব উপজেলার ফসলি জমি ও সবজি ক্ষেত।

কালের কণ্ঠ

ছাত্ররাজনীতি এখনই বন্ধ নয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্ররাজনীতি থাকবে কি থাকবে না—এ নিয়ে কিছুদিন ধরে জোর আলোচনা হচ্ছে। এমনকি গত ১৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় ছাত্ররাজনীতি বন্ধের বিষয়টি জোরালোভাবে আলোচনায় আসে। তবে বিভিন্ন পর্যায়ে আলোচনা শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত ছাত্ররাজনীতি বন্ধ না করার পক্ষেই অবস্থান নিয়েছে।

ছাত্ররাজনীতির ব্যাপারে কালের কণ্ঠ’র পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, সিন্ডিকেট সদস্য, ছাত্রনেতাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে আলোচনা করা হয়।

বণিক বার্তা

খেলাপি হয়ে গেছে জনতা ব্যাংকের ৭৫ শতাংশ ঋণ

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ৭৫ শতাংশ ঋণই এখন খেলাপির খাতায়। গত সেপ্টেম্বর শেষে ব্যাংকটির মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭৪ হাজার কোটি টাকা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, যেকোনো সময় হতে পারে সিআরআর-এসএলআর ঘাটতি। ব্যাংকটির পরিচালনা পর্ষদের সর্বশেষ সভায় আর্থিক বিপর্যয়ের এ চিত্র তুলে ধরা হয়েছে। ২০০৯ সালে ব্যাংকটির দুর্দশাগ্রস্ত ঋণ ছিল ১ হাজার ৪০০ কোটি টাকা।

ব্যাংকটির ৮২৪তম পর্ষদ সভা অনুষ্ঠিত হয় ১ অক্টোবর। ওই সভায় যে নথি উপস্থাপন করা হয় সেটি পর্যালোচনা করে দেখা যায়, সেপ্টেম্বর পর্যন্ত জনতা ব্যাংকে জমাকৃত আমানতের পরিমাণ ছিল ১ লাখ ১১ হাজার ৭৪৯ কোটি টাকা। সেখান থেকে বিতরণ করা হয়েছে ৯৮ হাজার ৫২৩ কোটি টাকার ঋণ। বিতরণকৃত এ ঋণের অর্ধেকের বেশি তথা ৪৯ হাজার ৯৫৯ কোটি টাকাই নিয়েছে মাত্র পাঁচটি গ্রুপ। এর মধ্যে এককভাবে সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপই নিয়েছে ২৫ হাজার ৮০ কোটি টাকা। এস আলম গ্রুপ ১০ হাজার ১৭১ কোটি, এননটেক্স গ্রুপ ৭ হাজার ৭৭৪ কোটি, ক্রিসেন্ট গ্রুপ ৩ হাজার ৮০৭ কোটি এবং ওরিয়ন গ্রুপ ৩ হাজার ১১ কোটি টাকা নিয়েছে।

এছাড়া সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে; মাঠে আছি, নির্ভয়ে পূজামণ্ডপে যাবেন: সেনাপ্রধানের আশ্বাস; ঐক্যের ভিত্তিতে ইসি গঠন ও নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি; রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতে সংস্কার শেষেই নির্বাচন চায় জামায়াত; এবি পার্টির ১৭ প্রস্তাব ও পর্যবেক্ষণ; সরকারকে ১২ প্রস্তাব গণঅধিকারের—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।

বিদ্যুৎ খাতের বকেয়া পরিশোধে ৫ হাজার কোটি টাকার বন্ড দেবে সরকার

 বিদ্যুৎ খাতের বকেয়া পরিশোধে ৫ হাজার কোটি টাকার বন্ড দেবে সরকার

 সংবাদ সাতদিন ডেস্ক: বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বকেয়া পাওনা পরিশোধের জন্য সরকার পাঁচ হাজার কোটি টাকার নতুন বন্ড ইস্যু করতে যাচ্ছে। এমনটাই জানিয়েছে সরকারি কিছু সূত্র।

বর্তমানে এই পদক্ষেপটি বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইউএনবিকে বলেন, 'আমরা পাঁচ হাজার কোটি টাকার নতুন বন্ড ইস্যু করার জন্য আমাদের দিক থেকে প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করেছি। চূড়ান্ত অনুমোদনের জন্য এটি এখন অর্থ মন্ত্রণালয়ে আছে।’

চলতি সপ্তাহের মধ্যেই অর্থ মন্ত্রণালয় থেকে চূড়ান্ত ছাড়পত্র পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন বিপিডিবির এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, আগের মতো এবারও সরকারি-বেসরকারি খাতের ২৫-২৭টি ব্যাংক বন্ড ইস্যু প্রক্রিয়ায় যুক্ত থাকবে।

স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদনকারীদের (আইপিপি) ওপর থেকে আর্থিক চাপ কমানো এবং দেশের বিদ্যুৎ খাতকে স্থিতিশীল করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

তাদের মতে, বিপিডিবি এই পদক্ষেপ নিয়েছে এবং বিদ্যুৎ বিভাগকে বিষয়টি নিয়ে অর্থ বিভাগের সঙ্গে আলোচনা করতে পরামর্শ দিয়েছে।

বিপিডিবির আরেক শীর্ষ কর্মকর্তা বলেন, 'স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদনকারী (আইপিপি) হিসেবে পরিচিত বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীরা বিপিডিবির কাছ থেকে কত টাকা পাবে আমরা হিসাব করছি।’

আরও পড়ুন: ঝুলে আছে ১০টি গ্রিড সংযুক্ত সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বিপিডিবির দরপত্র আহ্বান

তিনি আরও জানান, বর্তমানে বিপিডিবির মোট অপরিশোধিত বিলের পরিমাণ প্রায় ৪২ হাজার কোটি টাকা, যার মধ্যে বেসরকারি উৎপাদনকারীদের পাওনা প্রায় ৭ হাজার কোটি টাকা।

বাকি অর্থের মধ্যে গ্যাস বিল ১৭ হাজার কোটি টাকা এবং রাষ্ট্রায়ত্ত সরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর পাওনা ১০ হাজার কোটি টাকা।

আদানি গ্রুপসহ ভারতের সরকারি ও বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলো প্রায় ৮ হাজার কোটি টাকা পাবে।

এর আগে বিদ্যুৎ খাতকে স্থিতিশীল করতে তৎকালীন আওয়ামী লীগ সরকার বিশেষ বন্ড ইস্যুর মাধ্যমে ২০ হাজার ৬২০ কোটি টাকা পেয়েছিল। বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর বকেয়া দায় পরিশোধের লক্ষ্যে এই উদ্যোগের সঙ্গে জড়িত ছিল সিটি ব্যাংক ও পূবালী ব্যাংক।

বিদ্যুৎ খাতের আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ২৫ জানুয়ারি একটি চুক্তি সই হয়।

অর্থ মন্ত্রণালয় জানায়, চুক্তি অনুযায়ী সরকার সিটি ব্যাংককে ১৯ হাজার ৮৫০ কোটি টাকা এবং পূবালী ব্যাংককে ৭৭ কোটি ৫০ লাখ টাকার বন্ড ইস্যু করে।

ভর্তুকি তহবিল বিতরণে সরকারের অক্ষমতার কারণে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো তাদের আর্থিক প্রয়োজন মেটাতে যার ফলে কেউ কেউ দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছেছে।

এ সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত রেপো রেট অনুযায়ী ৮ শতাংশ কুপন হারে বিশেষ বন্ড ইস্যু চালু করা হয়। ভবিষ্যতে রেপো রেটে যে কোনো পরিবর্তন হলে সে অনুযায়ী বন্ডের সুদের হার সমন্বয় করবে।

বন্ডের মেয়াদ শেষে সরকার সুদসহ ব্যাংকের পাওনা পরিশোধ করে বন্ডগুলো পুনরুদ্ধার করবে। সাধারণত বন্ডগুলো ১৫-২০ বছর মেয়াদি হলেও বিদ্যুৎ খাতের জরুরি চাহিদা মেটাতে এই বিশেষ বন্ডগুলোর সর্বোচ্চ মেয়াদ ১০ বছর।

সামিট পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, কনফিডেন্স পাওয়ার, বারাকা, কুশিয়ারা, ডরিন ও অ্যাক্রন পাওয়ারসহ বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো এই উদ্যোগের সুবিধাভোগীদের মধ্যে অন্যতম।

অর্থ বিভাগ ব্র্যাক ব্যাংক ও ব্যাংক এশিয়াসহ অন্যান্য ব্যাংকের সঙ্গে পর্যায়ক্রমে চুক্তির পরিকল্পনার কথাও প্রকাশ করেছে।

চুক্তির গুরুত্ব নিয়ে বেশ কয়েকটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা আশাবাদী।

ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে এসব বন্ড পেতে পারে, একই সঙ্গে সরকারও আর্থিক দিক দিয়ে কঠিন সময় মোকাবিলা করতে পারে।

ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করতেই ছাত্র জনতার আত্মত্যাগ: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করতেই ছাত্র জনতার আত্মত্যাগ: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায়। ছবি: সংবাদ সাতদিন

সংবাদ সাতদিন ডেস্ক: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারকে পরিবর্তনের লক্ষ্যে ছাত্র জনতার আত্মত্যাগ রয়েছে। আমরা একটি বিশেষ অবস্থা পার করছি।

তিনি বলেন, আমরা যদি সেই পরিবর্তনটা আনতে না পারি, তাহলে তাদের আত্মত্যাগ বৃথা যাবে। তাদের কাছে ঋণী হয়ে থাকব।

তিনি আরও বলেন, আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। তাহলে পরিবর্তনটা আসবে। কারণ ছাত্র জনতার আত্মত্যাগ রয়েছে।

রবিবার (৬ অক্টোবর) ময়মনসিংহ জেলা পরিষদ ভবনের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে ময়মনসিংহ জেলা পরিষদ আয়োজিত ময়মনসিংহ বিভাগের সরকারি দপ্তরসমূহের বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ৫ আগস্ট থেকে ৮ আগস্ট সরকার ছিল না। কোনো অঘটন ঘটেনি। আপনারা দায়িত্ব পালন করেছেন, কাজ চালিয়ে গেছেন।

তিনি আরও বলেন, প্রাকৃতিক পরিবর্তনের ফলে বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি কর্মকর্তারা মোকাবিলা করছেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজের একটি হলো-নিরাপত্তা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলে সরকারের প্লাস পয়েন্ট। এতে করে পরে ওই ধরনের ঘটনা কম ঘটবে।

এসময় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বর্তমান ডেঙ্গু পরিস্থিতি ও বন্যাজনিত রোগ মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

বাণিজ্য বহুমুখীকরণে চামড়া শিল্প গুরুত্বপূর্ণ: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য বহুমুখীকরণে চামড়া শিল্প গুরুত্বপূর্ণ: বাণিজ্য উপদেষ্টা

সংবাদ সাতদিন ডেস্ক: বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাণিজ্য বহুমুখীকরণে চামড়া শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ। এই শিল্পের অনেক সম্ভাবনা আছে।

রবিবার (৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে মত বিনিময় শেষে তিনি একথা বলেন।

ড. সালেহউদ্দিন বলেন, চামড়া শিল্পের নানাবিধ সম্ভাবনার পাশাপাশি কিছু সমস্যাও আছে। আমরা তাদের (ব্যাবসায়ী) সঙ্গে আলোচনা করেছি।

তিনি আরও বলেন, তাদের ট্যানারি স্থানান্তর করা হয়েছে সাভারে। ওখানকার পরিবেশ, অর্থায়ন ও বিদেশে রপ্তানির ক্ষেত্রে সার্টিফিকেশন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। মোট কথা আমরা চামড়াজাত দ্রব্য ও ফুটওয়্যার শিল্পের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি।

চামড়া শিল্পকে সম্পূর্ণ দেশীয় উল্লেখ করে তিনি বলেন, এর কাঁচামাল দেশীয়, গার্মেন্টসের জন্য বিদেশ থেকে সুতা আনতে হয়, তুলা আনতে হয়।

তিনি বলেন, চামড়া শিল্পের সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদের লিংকআপ রয়েছে। আমরা এটাকে উৎসাহিত করব।

উপস্থিত ছিলেন- শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাভিদ সফিউল্লাহ, ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ, ফিনিশড লেদার গুডস অ্যাসোসিয়েনের সভাপতি মহিউদ্দিন আহমেদ।

রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনের রোডম্যাপ ও নতুন ইসি চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক: প্রধান রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণাসহ নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।

প্রধান বিচারপতির সঙ্গে সংলাপ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে অবিলম্বে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। নির্বাচন কমিশন কবে হবে তার একটি রোডম্যাপ দিতে বলেছি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানসহ বেশকিছু বিষয়ে তাদের উদ্বেগ নিরসনে জরুরি পদক্ষেপ চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বেশ কিছু প্রস্তাব দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আরও বলেন, তারা ভারত থেকে শেখ হাসিনার কর্মকাণ্ডের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং বিষয়টি নিয়ে ভারত সরকারের সঙ্গে আলোচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির সংলাপ শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন।

ছয়টি সংস্কার কমিশনের কার্যক্রম এগিয়ে নিতে প্রধান রাজনৈতিক দলগুলোর মতামত জানতে নতুন পর্যায়ের সংলাপ শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রথমে সংলাপে বসে বিএনপি।

বিএনপির ছয় সদস্যের দলের নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংলাপে সংস্কার ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়সহ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

বিএনপি প্রতিনিধিদলের সদস্য হিসেবে হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান এবং সালাহউদ্দিন আহমদ।

ঘণ্টাখানেক বিএনপির সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টা আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনায় বসেন।

ফখরুল বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, বিতর্কিত কেউ যেন নির্বাচন সংস্কার কমিশনে না যান। আমরা ফ্যাসিস্ট সরকারের জাল ভোটে নির্বাচিত সব ইউনিয়ন পরিষদ বাতিল করতে বলেছি। ভুয়া, ব্যর্থ ও পক্ষপাতদুষ্ট নির্বাচনের অভিযোগে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের সঙ্গে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছি।’

ফখরুল আরও বলেন, 'তিনি (প্রধান উপদেষ্টা) আমাদের জানিয়েছেন, নির্বাচন আয়োজন করা তার এক নম্বর অগ্রাধিকার।’

বিএনপির দাবির বিষয়ে প্রধান উপদেষ্টা কী বলেছেন জানতে চাইলে তিনি বলেন, তারা বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। তারা মনে করে আমাদের দাবি জনগণের দাবি, আমাদের দাবিও তাদের।

অন্তর্বর্তীকালীন সরকারের 'এক-দু'জন' সদস্যকে অপসারণ করার দাবিও জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দু-একজন ব্যক্তি আছেন, যারা অন্তর্বর্তীকালীন সরকারের মূল চেতনা ও গণঅভ্যুত্থানকে বাধাগ্রস্ত করছেন। আমরা তাদের অপসারণের দাবি জানিয়েছি।

রাষ্ট্রদ্রোহের অভিযোগে 'নির্বাচনি ব্যবস্থা ধ্বংস ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল' করার পেছনে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দলটি।

ফখরুল বলেন, কিছু আমলা, পুলিশ কর্মকর্তা ও মন্ত্রী দেশ ছেড়ে পালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। তারা কীভাবে পালিয়ে যাচ্ছে এবং তাদের সাহায্য করছে কারা- এ বিষয়ে জানতে চেয়েছেন।

তিনি আরও জানান, গুরুত্বপূর্ণ পদে যোগ্য ও নিরপেক্ষ প্রার্থী নিয়োগ, চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল এবং পদবঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে বিএনপি।

হাইকোর্ট বিভাগে কোনো পরিবর্তন আনা হয়নি উল্লেখ করে দলের বিচারকদের অপসারণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, তারা পার্বত্য চট্টগ্রাম ইস্যুটিও উত্থাপন করে এটি গুরুত্বের সঙ্গে দেখার জন্য এবং পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের খুঁজে বের করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিভিন্ন দপ্তর ও বিভাগ বাংলাদেশ সফররত জাতিসংঘের প্রতিনিধি দলকে সহযোগিতা করছে না বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা।

অন্তর্বর্তীকালীন সরকারের আমন্ত্রণে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের একটি সত্যানুসন্ধানী দল সাম্প্রতিক বিক্ষোভ থেকে উদ্ভূত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে চলতি বছরের ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে সংঘটিত কথিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করছে।

ফ্যাক্ট ফাইন্ডিং টিমের দায়িত্ব হলো সত্য প্রতিষ্ঠা, দায়িত্ব চিহ্নিতকরণ, মূল কারণ বিশ্লেষণ এবং অতীতে মানবাধিকার লঙ্ঘন মোকাবিলা ও এর পুনরাবৃত্তি রোধে বাংলাদেশের জন্য সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়ন।

হিন্দু সম্প্রদায়ের প্রসঙ্গে ফখরুল বলেন, সবাই নয়, কিছু লোক পরিকল্পিতভাবে জনগণকে উসকানি দেওয়ার চেষ্টা করছে এবং বিএনপি এটিকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মনে করে সরকারের পদক্ষেপ কামনা করেছে।

এর আগে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে বলেন, বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলকে সংলাপে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে।

এটি একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি সাংবাদিকদের বলেন, 'সংলাপের মূল উদ্দেশ্য হচ্ছে ছয়টি সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে রাজনৈতিক দলগুলোকে জানানো এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা ও তাদের পরামর্শ নেওয়া।

গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দুই দফা সংলাপ হয়।

অন্তবর্তীকালীন সরকার ছয়টি সংস্কার কমিশন গঠন করেছে।

বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন নির্বাচনি ব্যবস্থা সংস্কার কমিশন, সরফরাজ হোসেনের নেতৃত্বাধীন পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমানের নেতৃত্বাধীন বিচার বিভাগীয় সংস্কার কমিশন, টিআইবির ড. ইফতেখারুজ্জামানের নেতৃত্বে দুর্নীতি দমন কমিশন, আবদুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বে জনপ্রশাসন সংস্কার কমিশন এবং ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর আলী রিয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছে।

অস্তিত্বহীন প্রতিষ্ঠানকে অগ্রণী ব্যাংকের প্রায় আড়াই কোটি ঋণ বিতরণ!

 

বিশেষ প্রতিবেদক: নেই ব্যবসা প্রতিষ্ঠানের অস্তিত্ব। তবুও অস্তিত্বহীন প্রতিষ্ঠানকে অগ্রণী ব্যাংক প্রায় আড়াই কোটি ঋণ বিতরণ করেছেন বলে অভিযোগ ওঠেছে।

এদিকে ১০ মাসের মধ্যে একটি শাখা থেকে বিতরণ করা ৭৬টি ঋণের মধ্যে নিয়ম বহির্ভূতভাবে দেওয়া ঋণের সংখ্যা অন্তত ৫০টি।

সব মিলিয়ে টাকার অংকটি সোয়া ২ কোটি! এমন ঘটনার নেপথ্যে রয়েছেন শরীয়তপুরের অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক বাবুল মুফতি।

স্বল্পমেয়াদি এসএমই ঋণ বিতরণে তার এমন অনিয়মের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে অনুসন্ধানে।

সংশ্লিষ্ট সূত্র এবং খোঁজ নিয়ে জানা যায়, গত বছরের ২৩ মে অগ্রণী ব্যাংকের শরীয়তপুর শাখার ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন বাবুল। যোগদানের ৭ দিন পর থেকে মাত্র ১০ মাসের মধ্যে বেপরোয়াভাবে অস্তিত্ববিহীন ব্যবসা প্রতিষ্ঠানের ৭৬ জন ব্যক্তিকে ৩ লাখ টাকা করে প্রায় ২ কোটি ২৮ লাখ টাকা স্বল্পমেয়াদি এসএমই ঋণ দেন তিনি।

ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠান সরেজমিনে যাচাই, আঞ্চলিক কার্যালয় থেকে পরিদর্শক এবং শাখা প্রধানের যৌথ স্বাক্ষরিত প্রতিবেদন রাখার বাধ্যবাধকতা থাকলেও কোনোটাই মানেননি তিনি।

এছাড়া বর্ণিত খাতে মাসিক ৫টির বেশি ঋণ দেওয়া যাবে না, ব্যাংকের এমন সার্কুলার থাকলেও গত বছরের আগস্ট মাসে ৮টি, সেপ্টেম্বর মাসে ৮টি, অক্টোবর মাসে ১৪টি, নভেম্বর মাসে ৯টি এবং ডিসেম্বর মাসে ১৬টি ঋণ দিয়েছেন। প্রতিষ্ঠানবিহীন এমন ঋণ প্রদানে ঝুঁকি জেনেও বেপরোয়াভাবে এমন অনিয়ম করে গিয়েছেন তিনি।

সরেজমিনে তদন্ত এবং তথ্যসূত্রে জানা যায়, জেলা শহর থেকে অন্তত ১৫ কিলোমিটার দূরে ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর এলাকা। গত বছরের ২৩ আগস্ট থেকে চলতি বছরের ২ এপ্রিলের মধ্যে মাত্র ৭ মাসেই এই এলাকাতেই ঋণ দেওয়া হয়েছে ৩২ জন গ্রাহককে। আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শন প্রতিবেদন ছাড়াই এলাকায় গত বছরের ২৪ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ২৩ জনের নামে দেওয়া হয়েছে ৬৯ লাখ টাকা। আর চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত ২০ দিনের মধ্যে এলাকাটির ৫ জনের নামে ঋণ দেওয়া হয়েছে ১৫ লাখ টাকা। বাকি ৪টি ব্যবসা প্রতিষ্ঠান আছে মর্মে জানা গেছে।

এদিকে ঋণ দেওয়ার এমন অনিয়মের বিষয়ে তদন্ত শুরু করে ব্যাংকটির অডিট অ্যান্ড ইন্সপেকশন ডিভিশন। পরিদর্শন শেষে ঋণ দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম উঠে এলে এ বিষয়ে আঞ্চলিক কার্যালয় মাদারীপুর থেকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। পরে মাদারীপুর আঞ্চলিক কার্যালয় থেকে গত মে মাসে আঞ্চলিক কার্যালয়ের এসপিও মোহাম্মদ আবুল হাসনাত, জাজিরা শাখার ব্যবস্থাপক ইসমাইল হোসেন ও শরীয়তপুর শাখার দায়ী ব্যবস্থাপক বাবুল মুফতিসহ ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে অনিয়ম উঠে এলে আঞ্চলিক কার্যালয় থেকে তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়।

ঋণ প্রদানে অনিয়মের বিষয়ে জানতে চাইলে পরিদর্শক ও অগ্রণী ব্যাংক মাদারীপুর আঞ্চলিক কার্যালয়ের এসপিও মোহাম্মদ আবুল হাসনাত বলেন, আমরা আঞ্চলিক অফিস থেকে পরিদর্শনকালে শরীয়তপুর শাখার ব্যবস্থাপক বাবুল মুফতির ঋণ বিতরণে প্রাথমিকভাবে অনিয়মের সত্যতা পেয়েছি। যেখানে ব্যবসা প্রতিষ্ঠান নেই, তিনি সেখানেও ঋণ বিতরণ করেছেন। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

গত বছরের ১৯ নভেম্বর রামভদ্রপুরে জিয়াসমিন পোল্ট্রি ফার্ম নামে একটি প্রতিষ্ঠান দেখিয়ে ৩ লাখ টাকা ঋণ গ্রহণ করেন জিয়াসমিন নামে এক নারী। এ বিষয়ে খোঁজ নিলে জানা যায় জিয়াসমিন নয়, মূলত ঋণটি নেন তার স্বামী জামাল মৃধা। তবে তার কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই।

জামাল মৃধাকে ঋণ নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিপদে পড়ে আমার ব্যাংক থেকে লোন নিতে হয়েছে। কিন্তু আমার কোনো পোল্ট্রি ফার্ম নেই। সারা বাংলাদেশে এমন হচ্ছে। সবকিছু তো আর স্বচ্ছ হয় না।

ঋণ নেওয়া রেহেনা নামে এক নারী বলেন, আমার বাড়িতে একটি মুরগির ঘর ছিল। আমি যখন ঋণ নিয়েছি তখন এটি দেখিয়েছি। তবে আমার কোনো মুরগির ফার্ম নেই। আমি ঠিকঠাক ঋণ পরিশোধ করব।

এদিকে ঋণ বিতরণে কিছুটা ভুল হয়েছে স্বীকার করে শরীয়তপুর শাখার ব্যবস্থাপক বাবুল মুফতি বলেন, বিষয়টি নিয়ে অডিট হয়েছে এবং লোন আদায় হচ্ছে। কিছু ব্যবসা প্রতিষ্ঠান আছে, আবার কিছু বন্ধ করে চলে গেছে। ঋণ দেওয়ার ক্ষেত্রে আমার কিছু ভুল হয়েছে, তাই জোনাল অফিস থেকে ব্যাখ্যা তলব করেছে এবং পানিশমেন্ট দিচ্ছেন।

মাদারীপুরের তৎকালীন অগ্রণী ব্যাংকের আঞ্চলিক উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আতিকুর রহমান খান বলেন, আমি চলে আসার আগে তাকে এ ব্যাপারে ব্যাখ্যা তলব করে এসেছিলাম। সময়সীমা দেড় মাস বেঁধে দেওয়া হয়েছিল। পরে সময়সীমা শেষ হয়ে যাওয়ায় বর্তমান জোনাল ম্যানেজারকে অবগত করে ফলোআপ করার কথা জানিয়েছি। তিনি বিষয়টি দেখবেন।

অনুসন্ধানে আরও জানা যায়, বাবুল মুফতি মাদারীপুরের কালকিনি শাখায় ২০১৬ ও ২০১৭ সালে শাখা ব্যবস্থাপক থাকাকালীন দুই বছরে তার দ্বারা সংঘটিত নানা অনিয়মের জন্য তিন বার ব্যাখ্যা তলব করা হয়।

২০১৬ সালে ৪৫ লাখ ৬৬ হাজার টাকা প্রভিশন ঘাটতি রেখে ব্যয় কম দেখিয়ে লাভ বেশি দেখানো, ২০১৭ সালে বন্ধকি গ্রহণ ছাড়াই ফয়সাল ট্রেডার্স নামে এক প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা সিসি ঋণ বিতরণ, তার দায়িত্বে অবহেলার কারণে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসার সরকারি হিসাব থেকে ১৯ লাখ ৫৭ হাজার টাকা অর্থ লোপাট হয়।

সেসব সরকারি অর্থ লোপাটের ঘটনায় আদালতে দুটি মামলা এখনো চলমান। তার বিরুদ্ধে এসব অনিয়মের অভিযোগ থাকা সত্তেও তাকে পুনরায় শরীয়তপুর প্রধান শাখার ব্যবস্থাপকের দায়িত্ব দেওয়া হয়।

সদ্য বদলি হওয়া অগ্রণী ব্যাংক পিএলসি মাদারীপুর আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আতিকুর রহমান খানকে জিজ্ঞেস করা হলে বিষয়টি তিনি এড়িয়ে গিয়ে বলেন, বাবুল কালকিনি শাখায় থাকা অবস্থায় কিছু কর্মকর্তা-কর্মচারী কিছু তহবিল তছরুপ করেছিল, তাদের পানিশমেন্ট হয়েছিল। তবে ম্যানেজার ওইসব অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছিলেন।

নিয়ম বহির্ভুতভাবে ঋণ দেওয়ার বিষয়ে অগ্রণী ব্যাংক মাদারীপুর আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মনজুর হোসেন বলেন, এ ব্যাপারে তার কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে এবং বিষয়টি উনি কীভাবে সমাধান করবেন সে ব্যাপারে কার্যক্রম চলমান। আসলে তাকে কিছুদিন সময় দেওয়া হয়েছে সমাধান করার এবং ঋণগুলো আদায় করার জন্য।

অস্তিত্ববিহীন ব্যবসা প্রতিষ্ঠান দেখিয়ে স্বল্পমেয়াদি এসএমই ঋণ দেওয়ার অনিয়মের বিষয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক ও অগ্রণী ব্যাংকের ডিজিএম সুস্মিতা মন্ডল বলেন, স্বল্পমেয়াদি এসএমই ঋণ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আঞ্চলিক কার্যালয় থেকে ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করতে হবে, যাতে ভুয়া ঋণ দেওয়ার সুযোগ না থাকে। যদি ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া ঋণ দেওয়া হয়, এসব ঋণ খেলাপি হলে এর দ্বায়ভার শাখা ব্যবস্থাপকের। কেননা তার ওপর নির্ভর করে ঋণ সঠিক লোককে দেওয়া হচ্ছে কী না। ঋণগুলো খেলাপি হয়ে গেলে শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটি একটি চলমান প্রক্রিয়া।
স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন