নিজস্ব প্রতিবেদন: তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাঁরা বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন এবং কৌশলে জামায়াতকে সুবিধা পাইয়ে দিয়েছিলেন, সেই বহিষ্কৃতরা এখন নতুন দল তৃণমূল বিএনপিতে যোগ দিয়েছেন। পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এই মন্তব্য করেছেন।
বুধবার বিকেলে ঈশ্বরদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দলের বিদ্রোহীদের কড়া সমালোচনা করে হাবিবুর রহমান হাবিব বলেন, ‘যাঁরা ভাই ও দলীয় নেতাকর্মীদের হত্যা করেছেন এবং নিরীহ নারীদের ওপর নির্যাতন চালিয়েছেন, আজ তাঁরাই বড় বড় কথা বলছেন। দলের সিদ্ধান্ত অমান্যকারী এসব ব্যক্তির পতন খুব নিকটেই। ষড়যন্ত্র করে যেভাবে আওয়ামী লীগ টিকতে পারেনি, তেমনি জামায়াতের সঙ্গে আঁতাত করে দলের ভেতরে লুকিয়ে থাকা চক্রটিও বেশি দিন টিকতে পারবে না।’
ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদারের সভাপতিত্বে এবং সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ, সদস্যসচিব ইমরুল কায়েস সুমন, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম নয়ন, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজমল হোসেন সুজন, সাবেক সহসভাপতি আতিয়ার রহমান, যুবদল নেতা সুলতান আলী বিশ্বাস ও ছাত্রদল নেতা তানভীর হাসানসহ স্থানীয় জ্যেষ্ঠ নেতারা।
এর আগে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে পৌর শহরের আলহাজ মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিনালে গিয়ে জনসভায় রূপ নেয়।




