ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার প্রতিবাদে হাবিব

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

আজ বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে হাবিবুর রহমান বলেন, আমি এই ন্যাক্কারজনক ও বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঘটনার সঙ্গে জড়িত সব দুর্বৃত্তকে দ্রুত শনাক্ত করে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, আল্লাহর দরবারে শরিফের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করছি—তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করে আবারও রাজপথে ও রাজনীতির ময়দানে আমাদের মাঝে সক্রিয় ভূমিকা পালন করতে পারেন।

এর আগে বুধবার রাত পৌনে ১২টার দিকে জয়নগরে নিজ বাড়িতে ফেরার পথে জয়নগর কিন্ডারগার্টেনের সামনে শরিফুল ইসলামের প্রাইভেটকার লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। গাড়িটি থেমে গেলে তাঁরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন