দলের বিরুদ্ধে নির্বাচনকারীদের বিএনপির কমিটিতে ঠাঁই হবে না: হাবিব

নিজস্ব প্রতিবেদক: দলের শৃঙ্খলা ভেঙে যারা জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, বিএনপির নতুন কমিটিতে তাঁদের কোনো স্থান হবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

শনিবার ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সকালে ঈশ্বরদী শহরের পোস্ট অফিস মোড়ে পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে পৌর কমিটির পরিচিতি সভা এবং সন্ধ্যায় সাহাপুরে উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম নয়নের সঞ্চালনায় পৌর কমিটির সভা অনুষ্ঠিত হয়। অন্যদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়াউল হক সন্টু সরদারের সভাপতিত্বে ও সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিনের সঞ্চালনায় সাহাপুরে উপজেলা কমিটির সভা হয়। নবগঠিত কমিটিতে উপজেলা পর্যায়ে ৪৯ জন এবং পৌর কমিটিতে ৩৭ জন সদস্য রয়েছেন।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান হাবিব বলেন, ‘ঈশ্বরদীতে যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে জাতীয় নির্বাচনে অংশ নিয়েছেন এবং দলীয় প্রার্থীর বিরোধিতা করে দলের সঙ্গে বেঈমানি করেছেন, বিএনপির কমিটিতে তাঁদের কোনো ঠাঁই হবে না। তাঁদের রাজনৈতিকভাবে উপযুক্ত শিক্ষা দিতে হবে এবং দল থেকে বহিষ্কার করতে হবে।’ দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, দখলবাজি ও কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

ঈশ্বরদীর রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরও বলেন, অতীতে দলের সিদ্ধান্ত অমান্য করে যারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রুদের সহায়তা করেছেন এবং নেতাকর্মীদের ওপর দমনপীড়ন চালিয়েছেন, তাঁদের আর ছাড় দেওয়া হবে না। প্রশাসনকে উদ্দেশ করে তিনি বলেন, দল থেকে বহিষ্কৃতরা যাতে বিএনপি বা শীর্ষ নেতাদের ছবি ব্যবহার করে কোনো ব্যানার-পোস্টার লাগাতে না পারে এবং দলীয় অনুষ্ঠানে অংশ নিতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। অন্যথায় দলের হাইকমান্ডকে বিষয়টি অবহিত করা হবে বলে জানান তিনি।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন