নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা–৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনে বিএনপির চূড়ান্ত দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
বুধবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত দলীয় প্যাডে পাঠানো এক চিঠিতে হাবিবুর রহমান হাবিবের নাম চূড়ান্ত প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়।
দলীয়ভাবে চূড়ান্ত প্রার্থী ঘোষণা হওয়ার পর হাবিবুর রহমান হাবিবের অনুসারী বিএনপি নেতা–কর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।
হাবিব অনুসারী ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১৭ ডিসেম্বর পাবনা–৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে হাবিবুর রহমান হাবিবের নাম চূড়ান্ত হয়। তবে বুধবার আনুষ্ঠানিক কাগজপত্র হাতে পেয়েছি।
উল্লেখ্য, পাবনা–৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে আরও ছিলেন পাবনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিট আহ্বায়ক কমিটির সদস্য জামিল আক্তার এলাহী ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাকারিয়া পিন্টু। তাঁরা তিনজনই সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

