সড়ক দুর্ঘটনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সড়ক দুর্ঘটনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে অটোরিকশার ধাক্কায় স্কুটিচালক নিহত, আহত ২ শিশু

নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদী-পাবনা মহাসড়কের ঢুলটি বাজার এলাকায় অটোরিকশার ধাক্কায় বাহাজুল ইসলাম (৪৫) নামের এক স্কুটিচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা দুই শিশু আহত হয়েছে।

বুধবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বাহাজুল ইসলাম দুই শিশুকে নিয়ে শ্বশুরবাড়িতে নবজাতক সন্তানকে দেখে স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন। পথে ঢুলটি বাজার এলাকায় একটি অটোরিকশা তাঁর বাহনটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ সময় তাঁর সঙ্গে থাকা শিশু দুটিও আঘাত পায়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে বাহাজুলের মৃত্যু হয়। আহত দুই শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যান দুটি শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ঈশ্বরদীতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল চা-দোকানির

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় ইকবাল মল্লিক (৪৯) নামের এক চা-দোকানি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের আলহাজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইকবাল উপজেলার মুলাডুলি ইউনিয়নের আড়পাড়া গ্রামের মৃত রহিম উদ্দিন মল্লিকের ছেলে। শহরের আলহাজ মোড়ে তাঁর একটি চায়ের দোকান রয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে আলহাজ মোড় এলাকায় গন্তব্যে যাওয়ার জন্য সড়কের পাশে দাঁড়িয়ে একটি রিকশাকে থামার সংকেত দেন ইকবাল। রিকশাটি না থেমে চলে যাওয়ার পরপরই পেছন থেকে আসা একটি দ্রুতগতির ইজিবাইক তাঁকে সজোড়ে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

সংকটজনক অবস্থায় স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, সড়কে রিকশার জন্য দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি ইজিবাইক এসে তাঁকে ধাক্কা দেয়। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঈশ্বরদীতে রাস্তার পাশে থেমে থাকা ট্রাকে ধাক্কা, মোটরসাইকেল চালক নিহত

প্রতীকী ছবি
নিজস্ব প্রতিবেদক: ফাঁকা রাস্তায় মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বসেন। রাস্তার পাশে থামিয়ে রাখা ট্রাকের সঙ্গে ধাক্কা খায় মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই মারা যান সজীব হোসেন তালুকদার (৩২) নামে এক যুবক ।

শুক্রবার রাতে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের কালিকাপুর চিনির মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সজীব উপজেলার মুলাডুলি ইউনিয়নের ইসমাইল তালুকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাতে সজিব মোটরসাইকেলে চালিয়ে দাশুড়িয়া থেকে পাবনা শহরের দিকে আসছিলেন। উপজেলার কালিকাপুর চিনির মিল সড়কের পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় রাস্তার পাশে থামিয়ে রাখা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

পাকশী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বলেন, পুলিশ লাশ উদ্ধার করে পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে ময়নাতদন্তের পর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের কোনো অভিযোগ না থাকায় মামলা হবে না।

ঈশ্বরদীতে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে মাইক্রোবাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের স্কুলপাড়া হাজির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হলেন- মেঘু মোল্লা (৭২) । বাড়ী উপজেলার ১ নম্বর ওয়ার্ডের শৈলপাড়ায়।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, প্রতিদিনের মতো সাইকেল চালিয়ে ঈশ্বরদী সবজির আড়তের কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন মেঘু। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে তিনি হাজির মোড় এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস সাইকেলকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। পরে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক মেঘু মোল্লাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম শামীম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে বৃদ্ধার মৃত্যু হয়েছে।

ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসান বাসির বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে তাঁরা কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঈশ্বরদীতে মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশু নিহত

প্রতিকি ছবি

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে তাসনিয়া লামিয়া (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।  এ দুর্ঘটনায় ভ্যানচালকসহ আরও দুইজন আহত হয়েছেন।

রোববার দুপুরে উপজেলার মুলাডুলি আখফার্ম সংলগ্ন দাশুড়িয়া-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত লামিয়া উপজেলার মুলাডুলি শেখপাড়ার সুমন আলীর মেয়ে।

প্রত্যক্ষদর্শী জানান, যাত্রী নিয়ে মোটরচালিত ভ্যানটি মুলাডুলি বাজার থেকে দাশুড়িয়ায় যাওয়ার সময় আখফার্ম এলাকায় অপরদিক থেকে আসা প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানে থাকা মা সাথী খাতুনের কোল থেকে ছিটকে পড়ে তাসনিয়া ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় ভ্যানচালকসহ আর দুইজন আহত হন। খবর পেয়ে পাকশী হাইওয়ে থানা পুলিশ শিশুর লাশ উদ্ধার করে।

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার স্যান্নাল জানান, ক্ষতিগ্রস্ত প্রাইভেট কার ও ভ্যান জব্দ করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

ঈশ্বরদীতে কোল থেকে রাস্তায় ছিটকে পড়া সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবারও

নিজস্ব প্রতিবেদক: আত্মীয়ের দাফন শেষে পরিবার নিয়ে সিএনজি অটোরিকশায় ফিরছিলেন মাহাবুব আলম (৪০)। পথে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হলে ১৫ মাস বয়সী শিশুসন্তান আব্দুর রহমান বাবার কোল থেকে ছিটকে পড়ে যায়। ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান বাবা-ছেলে দুজনই।

পাবনার ঈশ্বরদীতে গতকাল মঙ্গলবার ১২টার দিকে উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

নিহত মাহাবুব আলম রাজশাহীর বাঘার চাঁদপুর গ্রামের রফিকুল ইসলাম ওরফে ডাক্তার নায়েবের ছেলে। তিনি স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেডের ফার্মাসিস্ট ছিলেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার মাহবুব আলম নাটোরের লালপুরের মোমিনপুর গ্রামে পরিবার নিয়ে ভাইয়ের শাশুড়ি কামাল উদ্দিনের স্ত্রী চায়না বেগমের দাফন করতে আসেন। জানাজার পর দাফন শেষে স্ত্রী ও দুই পুত্রকে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা করে পাবনায় ফিরছিলেন। রাত ১২টার দিকে ঈশ্বরদীর দাশুড়িয়া ট্রাফিক মোড়ে বেপরোয়া অটোরিকশা ও ট্রাক্টরের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় তাঁর কোলে থাকা ১৫ মাস বয়সী শিশুসন্তান আব্দুর রহমান ছিটকে পড়ে যায়। ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বাবা ও ছেলে দুজন ঘটনাস্থলেই মারা যান। স্ত্রী শারমিন আক্তার ও আরেক সন্তান তাশফিক রহমান আহত হন। আহত সিএনজি অটোচালককে পাবনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবির কুমার দাশ ও সহকারি কমিশনার (ভূমি) টি এম রাহসিন কবির।

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার সান্যাল বলেন, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক্টরটি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন