সলিমপুর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সলিমপুর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে মুঠোফোন চুরির অপবাদে তরুণকে মারধর, চুল কেটে দেওয়ার ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে চুরির অভিযোগে সিয়াম হোসেন (১৯) নামের এক তরুণকে আটকের পর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর মধ্যপাড়া (প্রামাণিকপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সিয়াম হোসেন একই ইউনিয়নের মানিকনগর পূর্বপাড়া গ্রামের সুজন সরদারের ছেলে। স্থানীয় লোকজনের ভাষ্য, মঙ্গলবার দুপুরে সিয়াম জয়নগর মধ্যপাড়া গ্রামের শাহিনুর প্রামাণিকের বাড়ি থেকে একটি মুঠোফোন নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় কয়েকজন যুবক তাঁকে আটক করেন। পরে বকুল প্রামাণিক নামের এক ব্যক্তি তাঁর মাথার চুল কেটে দেন বলে অভিযোগ করা হয়েছে।

স্থানীয় কয়েকজনের দাবি, সিয়াম মাদকাসক্ত এবং মাদক সেবনের জন্যই তিনি মুঠোফোনটি চুরি করেছেন। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। এদিকে ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ভুক্তভোগীর বাবা সুজন সরদার বলেন, ছেলেকে আটকের খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন। তাঁর দাবি, সিয়াম মানসিকভাবে অসুস্থ এবং না বুঝেই মুঠোফোনটি নিয়ে থাকতে পারেন। তবে চুরির অভিযোগ থাকলেও এভাবে তাঁর ছেলের চুল কেটে দেওয়া অমানবিক বলে মন্তব্য করেন তিনি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটি গঠন

খায়রুল বাশার মিঠু

নিজস্ব প্রতিবেদক:  ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের ৭৪ নম্বর জয়নগর (পশ্চিম) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। 

মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে অভিভাবক সদস্য মো. খায়রুল বাশার মিঠুকে সভাপতি নির্বাচিত করা হয়। তিন বছর মেয়াদি এই কমিটি ১২ সদস্যবিশিষ্ট।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নীলিমা রানী শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সভাপতি পদে অভিভাবক সদস্য তানভীর রহমান তুষার ও খায়রুল বাশার মিঠুর নাম প্রস্তাব করা হয়েছিল। তবে অন্য কোনো প্রার্থী না থাকায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে খায়রুল বাশার মিঠু সভাপতি নির্বাচিত হন। পদাধিকারবলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নীলিমা রানী শীল সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্য সদস্যরা হলেন—উৎসাহী সদস্য চামেলী খাতুন, অভিভাবক সদস্য সুমা রানী, ওহিদুল ইসলাম, তানভীর রহমান তুষার ও মাহফুজা খাতুন; অবসরপ্রাপ্ত শিক্ষক সদস্য আজিজুর রহমান খান; শিক্ষক প্রতিনিধি গোলাম জাকারিয়া রাজা ও আয়েশা সিদ্দিকা মুন্নু; জনপ্রতিনিধি হিসেবে সলিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য ছবিহা খাতুন এবং দাতা সদস্য সম্পা খাতুন।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন