নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে তাফসির আহমেদ মনা (২৪) নামের এক ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে দশটার দিকে ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের এমপির মোড়ে পাবনা ট্যাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন অফিসে এই ঘটনা ঘটে।
নিহত তাফসির আহমেদ মনা পাকশী ইউনিয়নের দিয়ার বাঘইল গ্রামের সৌদিপ্রবাসী তানজির রহমান তুহিনের ছেলে ও (হাতকাটা) টুনটুনির আপন ছোট ভাই।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময় জানান, নিহত তাফসির আহমেদ মনা পাকশী ইউনিয়ন ছাত্রলীগের কর্মী ছিলেন।
নিহতের পারিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মনা পাকশী ইউনিয়নের রূপপুর ফটু মার্কেটসংলগ্ন পদ্মা নদী থেকে মাটি ও বালু কাটার সঙ্গে জড়িত ছিলেন। এই নিয়ে প্রতিপক্ষ যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মীর সঙ্গে মনার পক্ষের লোকজনের বিরোধ সৃষ্টি হয়। কয়েক দিন আগে প্রতিপক্ষ ওই গোষ্ঠী মনার পক্ষের শাহিন নামের যুবলীগের এক কর্মীর মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এই ঘটনায় যুবলীগকর্মী মো. লিটন, লিখনসহ কয়েকজনের নামে থানায় মামলা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, লক্ষীকুন্ডা গ্রামের এমপি মোড়ে ইকবুলের দোকানে বসেছিলেন ছাত্রলীগ কর্মী মনা। এ সময় হেলমেট পরিহিত দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে মনাকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আড়াইশৎ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

