ঢাকা সিটি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ঢাকা সিটি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার

সংবাদ সাতদিন ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। 

রবিবার রাজধানীর গুলশান এলাকা থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি (মিডিয়া) তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা প্রকাশ করেননি ওই পুলিশ কর্মকর্তা।

আ.লীগের নির্বাচনী ট্রেন গন্তব্যে পৌঁছাতে পারবে না : ১২ দলীয় জোট

 নিজস্ব প্রতিবেদক: স্টেশনে বিকল হওয়া আওয়ামী লীগের নির্বাচনী ট্রেন গন্তব্যে পৌঁছাতে পারবে না বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের নেতারা। তারা বলেছেন, ২০১৪ ও ২০১৮ সালের মতো একতরফা এ নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে।

শেখ হাসিনার পদত্যাগ-রাজবন্দিদের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দেওয়ার দাবিতে রোববার দুপুরে অবরোধের সমর্থনে জাতীয় প্রেস ক্লাব থেকে মিছিল বের করেন জোটের নেতারা। মিছিলটি বিজয় নগর হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘এ সরকারের পতনঘণ্টা অতীব নিকটে। আওয়ামী লীগ দেউলিয়া হয়ে এখন বিভিন্ন দলছুট নেতাদের ভয়ভীতি দেখিয়ে নির্বাচন করার ষড়যন্ত্র করছে।’ 

দলছুট নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘অবৈধ ভোটে এমপি-মন্ত্রী হওয়ার স্বপ্ন ভুলে যান। শেষ বেলায় গিয়ে দেখবেন এই প্রতারক আওয়ামী লীগ আপনাদের একটি করে শেখ মুজিবের কম্বল ধরিয়ে দেবে।’

সরকারের পায়ের তলায় মাটি নাই— উল্লেখ করে সেলিম বলেন, তারা এখন পুলিশ বাহিনীর ওপর ভরসা করে টিকে আছে। তারা দেশকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তাদের ক্ষমতায় রাখলে বাংলাদেশ কঠিন বিপদে পড়বে।

বিক্ষোভ মিছিল অংশ নেয় জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের মহাসচিব মাওলানা মুফতি মহিউদ্দিন ইকরাম প্রমুখ।

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

 ৩০ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টা ৫ মিনিটে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পান কমিশনার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রমনা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম তিনি বলেন, আমরা বিস্ফোরণের শব্দ পেয়ে ঘটনাস্থলে এসেছি। কী ঘটেছে তা খতিয়ে দেখছি।

ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মচারী মো. জুয়েল বলেন, ‘আমরা কার্যালয়ের নিচে দাঁড়িয়েছিলাম। বিকেল ৩টা ৫ মিনিটের দিকে হঠাৎ কার্যালয়ের পকেট গেটের বাম পাশের কড়ই গাছের ওপরের দিকে বিকট শব্দ হয়। এরপর চারপাশে ধোঁয়া দেখা যায়। এ ঘটনায় উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে পড়েন।’

বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

এদিকে, আজ সারা দেশে বিএনপি-জামায়াতের ডাকে ১২ ঘণ্টার হরতাল চলছে। এর মধ্যেই দেশব্যাপী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম জমা দেওয়ার কাজ চলছিল। নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন আজ।

দুপুরের দিকে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো. সাবিরুল ইসলাম জানান, শেষ দিনে এখন পর্যন্ত ৫৩টি মনোনয়ন ফরম জমা পড়েছে।

শিল্প-কারখানার কর্মশক্তির সুরক্ষায় পারস্পরিক সহযোগিতা জরুরি

নিজস্ব প্রতিবেদক: দেশের তৈরি পোশাক খাতের কর্মশক্তির স্বাস্থ্য ও সুস্থতার জন্য গৃহীত পদক্ষেপগুলোকে টেকসই করতে বিভিন্ন সংস্থার পারস্পরিক সহযোগিতা খুবই জরুরি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাংলাদেশের পরিচালক তুমো পুতিয়েনাইন।

রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ‘কর্মশক্তির স্বাস্থ্য ও সুস্থতা বৃদ্ধিকরণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

ইন্টিগ্রাল গ্লোবাল, বিজিএমইএ ও জেসিএম ফাউন্ডেশনের সহায়তায় আয়াত অ্যাডুকেশন এ গোলবৈঠকের আয়োজন করে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি, বিজিএমইএ’র সভাপতি ও জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান, জেসিএম ফাউন্ডেশনের সভাপতি ও কর্মসূচী পরিচালক ড. লিলিয়ান লু, কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রামেশ সিং, আইএলও’র প্রধান কারিগরি উপদেষ্টা সৈয়দ সাদ হোসেন জিলানী, আমান গ্রুপ অব কোম্পানিজ-এর ভাইস চেয়ারম্যান তাহসিন আমান, কার্লাস অ্যান্ড স্টিচ লি.-এর ব্যবস্থাপনা পরিচালক নাঈম ইমরান সেলিম, ড্রেসম্যান গ্রুপের পরিচালক মাসেদ আর আব্দুল্লাহ, অনন্ত গ্রুপের পরিচালক সৈয়দ ইসতিয়াক আলম, এইচ অ্যান্ড এম-এর রিজিওনাল কান্ট্রি ম্যানেজার জিয়াউর রহমান, বিজিএমইএ’র পরিচালক আসিফ ইব্রাহিম, এইচ অ্যান্ড এম-এর রিজিওনাল কান্ট্রি ম্যানেজার জিয়াউর রহমান, ইন্টেগ্রাল গ্লোবাল হেলথ-এর জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জেনা বুটল্ফ ইউনিভার্সিটি অব পেনিনসিলভানিয়া-এর ক্লিনিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ড. নাহরীন আহমেদ প্রমুখ।

 অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন আয়াত অ্যাডুকেশন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নুসরাত আমান ও ইন্টেগ্রাল গ্লোবালের প্রতিষ্ঠাতা ও পরিচালক নাবিল আহমেদ।

বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, কর্মীদের মানুষিক ও শারীরিক সুস্থতায় গুরুত্বারোপের পাশাপাশি উপযুক্ত ডাটাবেজ তৈরি করে তৈরি পোশাক খাতকে ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসা খুবই জরুরি। এটা শিল্প-কারখানার পরিবেশ উন্নত করা ও কর্মীদের উপযুক্ত সহায়তা দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়।

আইএলও-এর বাংলাদেশের পরিচালক তুমো পুতিয়েনাইন বলেন, পোশাক খাতের জনবলের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত পদক্ষেপগুলোকে আরও গণতান্ত্রিক করতে হবে এবং স্বাস্থ্য সেবা গ্রহণের ক্ষেত্রে যেসব বাধা আছে তা কমাতে হবে। 

তিনি বলেন, অনেক প্রতিষ্ঠান কর্মীদের ভ্যাকসিন প্রদান, স্বাস্থ্য ও সুস্থতা, প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি সরবরাহসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যা প্রশংসাযোগ্য। আমরাও (আইএলও) কর্মীদের সুস্থতা নিশ্চিত করার জন্য এসব উদ্যোগের পরিমাপযোগ্যতা ও অনুকরণের ওপর গুরুত্বারোপ করি।

বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান তার বক্তব্যে আইএলও-এর প্রতিনিধির বক্তব্যকে সমর্থন জানিয়ে বলেন, কর্মীদের স্বাস্থ্য ও সুস্থতা আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে তৈরি পোশাক খাতের শিল্প কলকারখানায় গত এক দশকে আমরা বড় পরিবর্তন এনেছি। বিশ্বের অন্যতম গ্রিন ফ্যাক্টরির পাশাপাশি শতাধিক উন্নতমানের কারখানাও আমাদের দেশে এখন প্রতিষ্ঠিত হয়েছে।

ইন্টিগ্রাল গ্লোবালের প্রতিষ্ঠাতা নাবিল আহমেদ অনুষ্ঠানের মূল প্রবন্ধে আয়াত অ্যাডুকেশন ও আইজির বিস্তারিত কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, ৩টি টেক্সটাইল ও ৬টি তৈরি পোশাক কারখানার প্রায় ৩০ হাজার কর্মীকে নিয়ে এ দুই প্রতিষ্ঠান যৌথভাবে কার্যক্রম পরিচালনা করছে। স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতা তৈরির কারণে কারখানার কর্মীদের মধ্যে মাস্ক পড়ার প্রবণতা ৫১ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং যথাযথভাবে হাত ধোয়ার প্রবণতাও উল্লেখযোগ্যহারে বেড়েছে।

আয়াত অ্যাডুকেশন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নুসরাত আমান বলেন, পোশাক খাতের কর্মীদের প্রতিনিয়ত স্বাস্থ্য পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য শুধু বাইরের আর্থিক সহায়তার ওপর নির্ভর করে থাকলে হবে না। আমাদের সবার পারস্পরিক সহযোগিতায় কর্মীদের সুস্থতা নিশ্চিত করতে হবে। আয়াত অ্যাডুকেশন বিজিএমইএ ও আরএমজি কর্মীদের জন্য ডিজিটাল টুলকিট প্রণয়নের কাজ করছে, যেখানে তাদের স্বাস্থ্য, সুস্থতা ও প্রতিরক্ষামুলক সেবার তথ্য থাকবে।

জেসিএম (জন সি মার্টিন) ফাউন্ডেশনের সভাপতি ও কর্মসূচী পরিচালক ড. লিলিয়ান লু বলেন, পোশাক কারখানায় পরিবর্তন, উৎপাদনশীলতা বৃদ্ধি করতে কমিউনিটি ও স্টেকহোল্ডার ইচ্ছাশক্তি এবং কর্মীদের সহায়তা খুবই গুরুত্বপূর্ণ।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন