ক্রিকেট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ক্রিকেট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

তাসকিনের বদলে স্কোয়াডে খালেদ, চট্টগ্রাম টেস্টেও বাভুমাকে পাচ্ছে না দ.আফ্রিকা

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম টেস্ট স্কোয়াডে মাত্র একটি পরিবর্তন এনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দল ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রামে আগামী মঙ্গলবার (২৯ অক্টোবর) শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। মিরপুরে প্রথম ম্যাচটি ৭ উইকেটে জিতে দুই টেস্টের এই সিরিজে এগিয়ে রয়েছে সফরকারীরা।

দ্বিতীয় টেস্টের জন্য ঘোষিত স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ, আর তার জায়গায় দলে ডাক পেয়েছেন আরেক পেসার খালেদ আহমেদ।

নির্বাচন প্যানেল থেকে জানানো হয়েছে, বিশ্রাম দিতই তাসকিনকে দ্বিতীয় টেস্টের দলে রাখা হয়নি।

কারণ হিসেবে নির্বাচক প্যানেলের একজন বলেন, ‘তাসকিন আমাদের তিন ফরম্যাটের ক্রিকেটার। আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে আমাদের ওয়ানডে সিরিজ আছে। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফর আছে। ৫০ দিনের জন্য দেশের বাইরে থাকতে হবে। আমরা তাকে সতেজ চাই। যে কারণে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।’

অন্যদিকে, চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় চট্টগ্রাম টেস্টও খেলতে পারছেন না দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা।

বাভুমার অনুপস্থিতিতে প্রথম টেস্টে প্রোটিয়াদের নেতৃত্ব দেন আইডেন মার্করাম। দ্বিতীয় ম্যাচেও তার কাঁধেই থাকবে দলের দায়িত্ব।

কনুইয়ের চোটে প্রথম টেস্টে খেলতে না পারলেও দ্বিতীয় টেস্টে দলে ফেরার আশায় ছিলেন বাভুমা। তাই প্রথম টেস্টে খেলতে পারবেন না জেনেও দলের সঙ্গে বাংলাদেশ আসেন তিনি। এখানেই চলে তার পুনর্বাসন প্রক্রিয়া। তবে সময়মতো সেরে উঠতে না পারায় হতাশাই সঙ্গী হতে হচ্ছে তার।

চট্টগ্রাম টেস্ট থেকেও বাভুমার ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকা টেস্ট দলের কোচ শুকরি কনরাড।

তিনি বলেন, ‘চিকিৎসকদের পর্যবেক্ষণের পর মনে হচ্ছে, দ্বিতীয় টেস্টের জন্য সে প্রস্তুত হতে পারবে না। আমরা তার পুনর্বাসন প্রক্রিয়া এখন একটু কমাব যাতে সে শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রস্তুত হতে পারে।’

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ চলাকালে এ মাসের শুরুতে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় বাঁ হাতের কনুইয়ের ওপরের দিকে চোট পান বাভুমা। ৩৫ রান করে মাঠ ছাড়তে হয় তার। তারপর থেকে মাঠের বাইরে আছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ, সৈয়দ খালেদ আহমেদ।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: আইডেন মার্করাম (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, ম্যাথু ব্রিটস্কে, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, কেশব মহারাজ, ভিয়ান মুল্ডার, কাইল ভেরেইন (উইকেটরক্ষক), সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিডি, ডেন প্যাটারসন, ডেন পিট, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন।

দেশে ফিরছেন না সাকিব


সাকিব
সাকিব আল হাসান

টেস্ট ম্যাচ খেলতে ঢাকায় ফিরছেন না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসান।

এর আগে তার শেষ টেস্ট ম্যাচ খেলতে ঢাকায় আসবেন বলে জানালেও ছাত্র আন্দোলনে তার ভূমিকার জন্য জনরোষের আশঙ্কায় তিনি আসছেন না বলে জানান।

এর ফলে কানপুরে অনুষ্ঠিত ভারত ও বাংলাদেশের মধ্যকার সিরিজের টেস্টটিই ছিল সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট।

কানপুরে সেই ম্যাচের আগে সাকিব আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন। ঢাকায় দেশের দর্শকদের সামনে তার শেষ টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু সেই ইচ্ছে অপূর্ণ থেকে যাচ্ছে।

দুবাই থেকে বিডিনিউজ টোয়েন্টিফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রানজিট স্টপেজে থাকা সাকিব নিজের পরিকল্পনা পরিবর্তনের কথা জানান।

তিনি বলেন, 'আমার দেশে ফেরার কথা ছিল, কিন্তু এখন নিরাপত্তাজনিত কারণে, নিজের নিরাপত্তার কারণে আমি হয়তো তা করতে পারব না।

এটা স্পষ্ট যে, সাকিবের দেশে ফেরা নিয়ে চলমান বিক্ষোভের কারণে তার পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়েছেন। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কুশপুত্তলিকা দাহ করেন একদল শিক্ষার্থী। আরেক দল সাকিবকে স্টেডিয়ামে ঢুকতে না দেওয়ার অনুরোধ জানিয়ে বিসিবিকে চিঠি দেওয়ার পরিকল্পনা করেছিল।

শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনে সাকিবের নীরবতার কারণেই শিক্ষার্থীদের এই প্রতিরোধ। শেখ হাসিনার নেতৃত্বাধীন প্রশাসন পতনের আগে মারণাস্ত্র ব্যবহার করে বিক্ষোভ দমনের চেষ্টা করেছিল এবং শেষ পর্যন্ত কমপক্ষে ১০০০ জনকে হত্যা করেছিল।

বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেলিব্রেটি ক্রিকেটার হওয়া সত্ত্বেও সাকিব আন্দোলনের সময় নীরব ছিলেন। এর কারণে আন্দোলনকারীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয়। তারা আশা করেছিলেন, সাকিব তাদের পাশে দাঁড়াবেন। কিন্তু আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য সাকিব আন্দোলন চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের হাসিখুশি ছবি পোস্ট করেন, যা তার বিরুদ্ধে ক্ষোভ উসকে দেয়।

কানপুরে অবসরের ঘোষণা দেওয়ার সময় সাকিব দেশে ফেরার পর নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছিলেন। ঢাকায় অবস্থানকালে তার নিরাপত্তা নিশ্চিত করতে বোর্ডের প্রতি আহ্বান জানান তিনি। কিন্তু বোর্ড ও ক্রীড়ামন্ত্রণালয় কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন আন্দোলনের অন্যতম শীর্ষ সংগঠক আসিফ মাহমুদ।

পরে ক্রীড়া উপদেষ্টা জানান, সাকিব দেশে ফিরলে তার নিরাপত্তা নিশ্চিত করবেন তারা। তবে সাকিবের বিরুদ্ধে চলমান আন্দোলনের প্রতিক্রিয়ায় সরকার তাদের অবস্থান পরিবর্তন করেছে।

সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বুধবার রাতে নিশ্চিত করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে সাকিবকে তার দেশে ফেরার পরিকল্পনা বাদ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। এ অবস্থা থেকে বোঝা যায়, সাকিবের টেস্ট ক্যারিয়ার এখন হয়তো অনানুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে।

রেকর্ড গড়ে বাংলাদেশকে হারাল ভারত

রেকর্ড গড়ে বাংলাদেশকে হারাল ভারত

নিজস্ব প্রতিবেদক: টি-টোয়েন্টিতে ১২৮ রানের লক্ষ্য যে একেবারেই মামুলি, তা আর বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি বাংলাদেশি বোলাররা কোনো প্রতিরোধ গড়তে না পারলে সহজ জয়ে সিরিজে এগিয়ে গিয়েছে ভারত।
গোয়ালিয়রে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রবিবার বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে ভারত।

শুরুতে ব্যাট করে ইনিংসের এক বল বাকি থাকতেই ১২৭ রান করে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ১২৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৮.১ ওভার বা ৪৯ বল হাতে রেখেই তা টপকে গিয়েছে ভারত।

টি-টোয়েন্টিতে এটি ভারতের সর্বোচ্চ সংখ্যক বল হাতে রেখে জয়ের রেকর্ড। এর আগে ২০১৬ সালে জিম্বাবুয়ের দেওয়া ১০০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪১ বল হাতে রেখে ম্যাচ জয়ের রেকর্ডটিই ছিল তাদের সর্বোচ্চ বল হাতে রেখে জয়ের ঘটনা।

১২৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হন ভারতীয় ব্যাটাররা। মাঝে তিনটি উইকেট পড়লেও ভারতের রানের ফোয়ারা কোনোভাবেই বন্ধ করতে পারেনি তাসকিন-মোস্তাফিজরা।

দলের হয়ে ১৬ বলে সর্বোচ্চ ৩৯ রান করেন হার্দিক পান্ডিয়া। এছাড়া সূর্যকুমার যাদব ১৪ বলে ২৯ এবং ১৯ বলে ২৯ রান করেন ওপেনার সঞ্জু স্যামসন।

এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

ইংল্যান্ডকে হারিয়ে আফগানদের বিশ্বকাপে ঐতিহাসিক জয়

 নিজস্ব প্রতিবেদক: এ নিয়ে তৃতীয়বারের মতো আইসিসি ওয়ানডে বিশ্বকাপে খেলছে আফগানিস্তান। এর আগের দুই বিশ্বকাপে অংশ নিলেও কোনো জয়ের দেখা পায়নি তারা। এবার বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচেই ঐতিহাসিক জয় পেয়েছেন আফগানরা। ১৫ অক্টোবর রোববার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসে ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো জয়ের দেখা পেয়েছেন রশিদ, মুজিব, নবিরা। টস হেরে আগে ব্যাটিং করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ২৮৪ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে ৪০.৩ ওভারে ২১৫ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ফলে ৬৯ রানের ঐতিহাসিক জয় নিয়ে বিশ্বকাপে অঘটনের জন্ম দিল আফগানযোদ্ধারা। 


ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে মাটিতে নামিয়ে দিয়েছে আফগানরা। মূলত মুজিব, নবি ও রশিদের বিষাক্ত স্পিনেই নীল হয়েছেন ইংলিশ ব্যাটাররা। ২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকেই স্পিনের বিরুদ্ধে ব্যাটিং করতে গিয়ে বিপাকে পড়েন তারা। মুজিব-উর রহমান শুরু থেকেই জ্বলে ওঠেন। তারকা লেগ স্পিনার রশিদ খানও বিধ্বংসীরূপে ফেরেন। নবিও বল হাতে জ্বলে ওঠেন। এই তিন স্পিনারের ঘূর্ণিতে এলোমেলো হয়ে যায় ইংল্যান্ডর ব্যাটিং লাইনআপ। মুজিব ও রশিদ তিনটি করে উইকেট নেন। নবি পান দুটি উইকেট। অপর উইকেট দুটি শিকার করেন ফারুকি ও নাভিন। ১০ ওভারে ৫১ রান দিয়ে ৩ উইকেট শিকার করে ম্যাচসেরা হন মুজিব।

এর আগের রহমানউল্লাহ গুরবাজ ও ইকরাম আলিখিলের হাফ সেঞ্চুরির সুবাদে তিনশর কাছাকাছি রান (২৮৪) করে আফগানিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে এটিই আফগানিস্তানের সর্বোচ্চ দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড। নিজেদের বিশ্বকাপ ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রানেরও আফগানদের। গত বিশ্বকাপে লিডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৮৮ রান ছিল তাদের বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড। নয়াদিল্লিতে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। ব্যাটিংয়ে নেমে ইব্রাহিম জাদরানকে নিয়ে দুর্দান্ত সূচনা করেন রহমানউল্লাহ গুরবাজ। পাওয়ার প্লেতে নিজেদের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ৭৯ রান তোলে আফগানিস্তান। ১১তম ওভারে ওয়ানডেতে তৃতীয় হাফ সেঞ্চুরি পূর্ণ করেন গুরবাজ। এ জন্য ৩৩ বল খেলেন তিনি। বিশ্বকাপে আফগানদের তৃতীয় ওপেনার হিসেবে অর্ধশতক করলেন গুরবাজ।

১৭তম ওভারে জাদরানকে ২৮ রানে থামিয়ে আফগানিস্তানের উদ্বোধনী জুটি ভাঙেন স্পিনার আদিল রশিদ। ১০১ বলে বিশ্বকাপে আফগানিস্তানের তৃতীয় সর্বোচ্চ ১১৪ রানের জুটি গড়েন গুরবাজ-জাদরান। প্রথম উইকেট পতনের পর ৮ রানের ব্যবধানে আরও দুই ব্যাটারকে হারায় আফগানিস্তান। ১৯তম ওভারে তিন নম্বরে নামা রহমত শাহকে ৩ রানে নিজের দ্বিতীয় শিকার বানান রশিদ। একই ওভারে রানআউট হন গুরবাজ। রিয়ারের ষষ্ঠ সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৮টি চার ও ৪টি ছক্কায় ৮০ রানে রানআউটের শিকার হয়ে থামেন তিনি। বিশ্বকাপে আফগানিস্তানের ওপেনার হিসেবে এটি সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড। ১১৪ রানের শুরুর পর ১২২ রানে তৃতীয় উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান।

এ অবস্থায় মিডল অর্ডার ব্যাটাররা বড় জুটির চেষ্টা করেও সফল হননি। এতে ১৯০ রানে ষষ্ঠ উইকেট পতন হয় তাদের। আজমতুল্লাহ ওমারজাই ১৯, অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি ১৪ ও মোহাম্মদ নবি ৯ রান করে আউট হন। পার্টটাইম স্পিনার হিসেবে আগের ম্যাচে ভারতের বিপক্ষে ৮০ রান করা শাহিদিকে বোল্ড করেন জো রুট। এরপর সপ্তম উইকেটে রশিদ খানকে নিয়ে ৪৮ বলে ৪৩ এবং অষ্টম উইকেটে মুজিব-উর রহমানের সঙ্গে ২৫ বলে ঝোড়ো ৪৪ রান যোগ করেন ছয় নম্বরে নামা ইকরাম আলিখিল।

এই দুই জুটির কল্যাণে ৪৯ দশমিক ৫ ওভারে সব উইকেট হারিয়ে ২৮৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় আফগানিস্তান। ৩টি চারে রশিদ ২২ বলে ২৩ রান, ৩টি চার ও ১টি ছক্কায় মুজিব ১৬ বলে ২৮ রান করেন। ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরির ইনিংসে ৩টি চার ও ২টি ছক্কায় ৬৬ বলে ৫৮ রান করেন আলিখিল। ইংল্যান্ডের রশিদ ৪২ রানে ৩ এবং মার্ক উড ৫০ রানে ২ উইকেট শিকার করেন।

দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

শান্ত-মিরাজের ৯৭ রানের পার্টনারশিপে বাংলাদেশের জয়ের পথ সহজ হয়ে যায়। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মিশন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার হিমাচলের ধর্মশালায় ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরের প্রথম ম্যাচে মূল কাজটা সেরে ফেলেন টাইগার বোলাররা। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের বোলিং তোপে ১৫৬ রানে গুটিয়ে যায় আফগানরা।

১৫৭ রানের ছোট টার্গেটে খেলতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় সাকিব বাহিনী। এতে প্রথমে খানিকটা চাপে পড়লেও ওয়ানডাউনে খেলতে নামা মেহেদী হাসান মিরাজ ও তারপর নামা নাজমুল হোসেন শান্ত চাপ সামলে দলকে নিয়ে এগিয়ে নিয়ে যান। তাদের ৯৭ রানের পার্টনারশিপই বাংলাদেশের জয় সহজ করে দেয়।

৭৩ বলে ৫৭ রান করে নবীন-উল-হকের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন মিরাজ। অন্য প্রান্ত ধরে খেলতে থাকেন শান্ত। অধিনায়ক সাকিব ১৪ রানে সাজঘরে ফিরলেও শান্ত ৫৯ রানে অপরাজিত থেকে মুশফিকুর রহিমকে নিয়ে জয়ের বন্দরে তরী ভেড়ান। ৯২ বল বাকি থাকতেই ছয় উইকেটে জিতে যায় বাংলাদেশ।

টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। ব্যাট করতে নেমে দুই স্পিনার সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজের বোলিং তোপে পড়ে আফগান ব্যাটাররা। মাত্র ১৫৬ রানে অলআউট হয়ে যায় তারা।

৩৭ দশমিক ২ ওভার ব্যাট করা আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। সাকিব ও মিরাজ নেন তিনটি করে উইকেট। এছাড়া শরীফুল ইসলাম দুটি এবং মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ নেন একটি করে উইকেট।

ব্যাটিং ও বোলিংয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ হন মিরাজ।

বাংলাদেশ বিশ্বকাপ দল ঘোষণা, তামিম বাদ আছেন মাহমুদউল্লাহ

নিজস্ব প্রতিবেদক: নানান নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের এই স্কোয়াড ঘোষণা করা হয়। একইসঙ্গে উন্মোচন করা হয় টাইগারদের বিশ্বকাপ জার্সি।

১৫ সদস্যের ঘোষিত এই স্কোয়াডে নেই অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। তাকে ছাড়াই ভারতে অনুষ্ঠেয় টুর্নামেন্টটি খেলতে যাচ্ছে সাকিব বাহিনী। সাকিবকে অধিনায়ক রেখে ঘোষিত দলে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে শুরু হচ্ছে বিশ্বক্রিকেটের মর্যাদাপূর্ণ এই আসর। বিশ্বকাপের জন্য দল ঘোষণার সময় শেষ। অন্য দেশগুলো তাদের দল ঘোষণা করে।

এদিন নিজেদের অফিসিয়াল ফেসবুক পোস্টে একটি ভিডিও পোস্ট করে বিশ্বকাপের দল দিয়েছে বিসিবি। মাহমুদউল্লাহ ছাড়াও বিশ্বকাপের দলে আরও আছেন তরুণ ক্রিকেটার তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব।

দলে রাখা হয়েছে পাঁচ পেসার। তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন তানজিম হাসান সাকিবকে। সাকিব ও মেহেদী হাসান মিরাজের পাশাপাশি স্পিন বোলিং আক্রমণে আছেন নাসুম আহমেদ ও শেখ মেহেদী হাসান। ১৫ সদস্যের দলে আটজনই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। মিডল অর্ডারের মেরুদণ্ড হিসেবে আছেন সাকিব, আছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। টপ অর্ডারে তানজিদ তামিম, লিটন দাস ও শান্তর ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।

তবে দল ঘোষণার আগমুহূর্তে তামিম ইকবালের ফিটনেস ইস্যুতে গত পরশু রাত থেকে শুরু হয়েছিল নতুন নাটকীয়তা। কারণ, দীর্ঘদিন পর নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ দিয়ে মাঠে ফিরেছিলেন তামিম। কিন্তু ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছিলেন, এখনো কিছুটা চোটের অস্বস্তি আছে তাঁর। আর ‘আনফিট’ ক্রিকেটার নিয়ে বিশ্বকাপে নিয়ে যেতে চান না বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

ফিটনেস ইস্যু নিয়ে অস্ট্রেলিয়া থেকে ফিরেই হাথুরু ও সাকিব রাতে আলোচনায় বসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে। মধ্য রাতে হওয়া বিসিবি সভাপতির বাসভবনে এই আলোচনাও কতটা ফলপ্রসূ হয়েছে তা অস্পষ্ট ছিল। একই ব্যাপার নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে চলাকালীন আবারও বৈঠকে বসেন বিসিবির নীতিনির্ধারকেরা, মধ্যস্থতার জন্য নিয়ে এলেন মাশরাফি বিন মুর্তজাকেও। সবাই মিলে তামিমের ব্যাপারে এই সিদ্ধান্ত নিয়েছেন।

২৭ সেপ্টেম্বর বিকেল ৪টায় ভাড়া করা বিমানে গুহাটিতে রওনা দেবে বাংলাদেশ। ২৯ সেপ্টেম্বর সেখানেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। একই ভেন্যুতে ৩ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ। ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের।

বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আউটের পর নিজের ব্যাট ভাঙলেন লিটন!

 ক্রীড়া প্রতিবেদক: সদ্য সমাপ্ত এশিয়া কাপের আগে ভাইরস জ্বরে আক্রান্ত হয়েছিলেন লিটন। যে কারণে আসরের শুরুতে খেলতে পারেননি। সুপার ফোরে দলের সঙ্গে যোগ দিয়ে যে কয়টা ম্যাচ খেলেছিলেন, সেখানে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। আজ ঘরের মাঠে কিউইদের বিপক্ষেও ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেননি। আউট হয়ে সাজঘরে ফেরার পথে নিজের ব্যাট ভেঙেছেন তিনি।

গত কয়েক ম্যাচে তিন নম্বরে ব্যাটিং করেছিলেন লিটন দাস। আজ আবারও ওপেনিংয়ে ফিরলেন তিনি। ইনিংস ওপেন করতে নেমে তার খেলা প্রথম বলেই ফিরতে পারতেন। ট্রেন্ট বোল্টের সিমের ওপর করা ডেলিভারিতে ব্যাটে খেলতে পারেননি। বল প্যাডে আঘাত হানলে আম্পায়ার আউট দেন। তবে বল ট্র্যাকিংয়ে দেখা যায় স্টাম্প মিস করত। ফলে এ যাত্রায় বেঁচে যান এই ওপেনার।

ইনিংসের প্রথম ওভারে রিভিউ নিয়ে বাঁচার পরও বেশি দূর এগোতে পারেননি লিটন। ষষ্ঠ ওভারের শেষ বলে জেমিসনের বাউন্সারে আপার কাট করতে গিয়ে থার্ড ম্যানে ধরা পড়েছেন। তার ব্যাট থেকে এসেছে ১৬ বলে মাত্র ৬ রান।

আউটের পর মাঠ ছাড়ার সময় বেশ হতাশ ছিলেন তিনি। সীমানা দড়ি পার হয়ে ড্রেসিংরুমের সামনে নিজের ব্যাট দিয়ে একাধিকবার মাটিতে আঘাত করেন। মনের সব ক্ষোভ যেন ব্যাটের ওপর ঝাড়লেন এই ওপেনার! এরপর সেখানেই ব্যাট ফেলে ড্রেসিংরুমে প্রবেশ করেন ভারপ্রাপ্ত অধিনায়ক।

২য় ওয়ানডেও কি পণ্ড হবে বৃষ্টিতে?

স্পোর্টস ডেস্কঃ দুর্দান্ত বোলিং করেও আগের দিন আক্ষেপে পুড়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। বৃষ্টির কারণে একরাশ আক্ষেপ নিয়েই সেদিন মাঠ ছেড়েছিলেন ভক্তরা। আজ শনিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগেও আছে বৃষ্টির আভাস। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই ঢাকায় বৃষ্টি নেমেছে। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন জেগেছে, ২য় ওয়ানডেও কি তবে পণ্ড হতে চলেছে।

গত কয়েকদিন ধরেই দুপুরের পর থেকে বৃষ্টি দেখেছে ঢাকা শহর। আজকেও তার ব্যতিক্রম হবার সম্ভাবনা নেই। আবহাওয়ার পূর্বাভাস বলছে, শনিবার ঢাকাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৭৮ শতাংশ। প্রায় সারাদিনই আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। সেই সময় থেকে সন্ধ্যার পূর্ব পর্যন্ত ৫.৭ মিলি মিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিরিজের দ্বিতীয় ম্যাচ যে বৃষ্টি বাধায় পড়বে তা এক প্রকার নিশ্চিতই বলা চলে।

তবে পুরো ম্যাচ পণ্ড হবে, এমনটা প্রত্যাশা করা যায় না। ম্যাচের দৈর্ঘ্য কমে আসবে এমন সম্ভাবনাই বেশি। যেকোন প্রকার ফলাফলের জন্য দুই দলকেই অন্তত ২০ ওভার করে মোট ৪০ ওভারের খেলা হতে হবে।

ঈশ্বরদীতে আইপিএল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ২টার দিকে ঈশ্বরদী ক্রিকেট একাডেমির আয়োজনে উপজেলা সদরের আবুল মনসুর খান স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় লোকো টাইগার ও আরআরপি থ্রী ডনস একাদশ মুখোমুখি হয়। টসে জয় লাভ করে লোকো টাইগার প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে সব ইউকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে আরআরপি থ্রী ডনস ৪ ইউকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে জয় লাভ করে।

খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন পৌর মেয়র ইছাহক আলী মালিথা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক নয়, অপসংস্কৃতি নয়, আমাদের সন্তানেরা সুষ্ঠু, স্বাস্থ্যকর খেলাধুলায় ফিরে আসুক। আমাদের সন্তানেরা এখন থেকে খেলাধুলা করবে।

ঈশ্বরদী থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হওয়ার প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, অনেক জাতীয় পর্যায়ের খেলোয়াড় আছেন, যারা আমাদের জন্য অনেক অর্জন এনে দিয়েছেন, সুনাম এনে দিয়েছেন, প্রাপ্তি এনে দিয়েছেন। ঈশ্বরদী বসবাসরত ৩ লাখ ২২ হাজার মানুষের মধ্যকার অদম্য ও মরিয়া তরুণ প্রজন্মকে আমরা মাঠে নিয়ে আসতে চায়। আমরা চাই ঈশ্বরদীর ছেলেরা মাঠে খেলবে, মাঠ দাপিয়ে বেড়াবে এবং সেখান থেকে জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরি হবে।

ক্রিকেট একাডেমির কোচ মারুফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন পৌর সচিব জহুরুল হক, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সহসভাপতি খোন্দকার মাহাবুবুল হক দুদু, সহসাধারণ সম্পাদক সেলিম সরদার, পৌর কাউন্সিলর আবুল হাশেম, মনিরুল ইসলাম সাবু, আমিনুর রহমান, আবু জাহিদ উজ্জ্বল, রহিমা খাতুন, আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রসূল, স্বর্ণকলি বিদ্যাসদনের পরিচালক মনিরুল ইসলাম বাবু।

এছাড়াও ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন দলকে ২০ হাজার ও রানার্সআপ দলকে ১৫ হাজার উপহার দেওয়া হয়।  

পশ্চিমাঞ্চল রেলওয়ের ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ‘পশ্চিমাঞ্চল রেলওয়ের আন্তঃবিভাগীয় টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের’ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় উপজেলার পাকশী ইউনিয়নের রেলওয়ের ফুটবল মাঠে।

এতে পাকশী ও রাজশাহী একাদশ অংশ নেয়। রাজশাহীর বিপক্ষে এ টুর্নামেন্টে পাকশী ৬ উইকেটে জয় লাভ করে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন- পশ্চিমাঞ্চল রেলওয়ে রাজশাহীর প্রধান প্রকৌশলী আসাদুল হক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী লিয়াকত শরীফ খান, প্রধান যন্ত্র প্রকৌশলী মুহাম্মদ কুদরত ই খুদা।

এসময় উপস্থিত ছিলেন, পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ, বিভাগীয় সেতু প্রকৌশলী আব্দুর রহিম, বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মন্ডল, যন্ত্র প্রকৌশলী (ক্যারেজ) মমতাজুল ইসলাম, (লোকো) আশীষ কুমার মণ্ডল, বিদ্যুৎ প্রকৌশলী রিফাত শাকিল, সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এম এম রাজীববিল্লাহ, ক্রীড়া সংস্থা পাকশীর সাধারন সম্পাদক ও পাকশী বিভাগীয় রেলওয়ের নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট মোরশেদ আলম, বিভাগীয় ক্রীড়া সংস্থা পাকশীর সদস্য, বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার।

সভাপতিত্ব করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার। 

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন