ওয়ানডে বিশ্বকাপ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ওয়ানডে বিশ্বকাপ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ভারত-পাকিস্তান ম্যাচে হামলার হুমকি দেওয়ায় গ্রেপ্তার ১

ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। ছবি: আইসিসি
নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ শুরুর আগে থেকেই বড় এক বিপদের খড়গ চলছে ভারতের ক্রিকেট স্টেডিয়ামগুলোতে বিশেষত, বিশ্বের অন্যতম দর্শক ধারণক্ষমতা সম্পন্ন আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে রেখেছে দেশটির সন্ত্রাসবাদী গোষ্ঠী। আগামী ১৪ অক্টোবর ওই স্টেডিয়ামে বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার কথা রয়েছে। যার নিরাপত্তায় মোতায়েন করা হচ্ছে প্রায় ১১ হাজার নিরাপত্তাকর্মী। এরইমধ্যে ই-মেইলে হুমকি বার্তা পাঠানো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এই তথ্য জানিয়েছে ভারতের একাধিক সংবাদমাধ্যম। দ্য হিন্দু বলছে, ই-মেইলে হুমকি দেওয়ার দায়ে অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নামে আগের কোনো অপরাধের রেকর্ড নেই। গুজরাটের রাজকোট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে শিখদের জন্য স্বাধীন রাষ্ট্রকামী 'খালিস্তানপন্থি' নেতা গুরপাওয়ান্ত সিং'এর পক্ষ থেকেও বিশ্বকাপে হামলার হুমকি দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে এরইমাঝে মামলা করা হয়েছে। এমনকি এই হুমকির শঙ্কায় বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানও বাতিল করা হয়েছে বলে ধারণা অনেকের। এছাড়া দেশটির কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণয়ের নাম করে ই-মেইলে হুমকি বার্তা পাঠানো হয়। ২০১৪ সাল থেকে তিনি কারাগারে বন্দী আছেন। অভিযোগ রয়েছে, কারাগারে থেকেই তিনি নিজের সন্ত্রাসী দল পরিচালনা করেছেন। পাঞ্জাবি গায়ক সিধু মোসেওয়ালাকে হত্যার অভিযোগও আছে তার ওপর।

হুমকির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিষয়ে পুলিশ বলছে, ‘ওই ব্যক্তি নিজের মোবাইল থেকে একটি ছোট ই-মেইল পাঠিয়েছিলেন। নিজের নামেই মেইলটি করেছিলেন তিনি। তার বিরুদ্ধে এর আগে কোনও অপরাধের তথ্য নেই। তিনি কেন হামলার হুমকি দিয়ে মেইল করেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।’

১০ অক্টোবর মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম জানিয়েছিল, বারুদে ঠাসা ভারত-পাকিস্তান ম্যাচ সামনে রেখে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হচ্ছে আহমেদাবাদকে। মোতায়েন করা হচ্ছে প্রায় ১১ হাজার নিরাপত্তাকর্মী। বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাঙভি, রাজ্য ডিজিপি বিকাশ সহায়, জিএস মালিক এবং অন্যান্য সিনিয়র পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ভারত-পাক হাইটেনশনের ম্যাচ কোনো বাধা-বিপত্তি ছাড়া শেষ হওয়ায় আসল লক্ষ্য রাজ্য কর্মকর্তাদের।

দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

শান্ত-মিরাজের ৯৭ রানের পার্টনারশিপে বাংলাদেশের জয়ের পথ সহজ হয়ে যায়। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মিশন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার হিমাচলের ধর্মশালায় ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরের প্রথম ম্যাচে মূল কাজটা সেরে ফেলেন টাইগার বোলাররা। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের বোলিং তোপে ১৫৬ রানে গুটিয়ে যায় আফগানরা।

১৫৭ রানের ছোট টার্গেটে খেলতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় সাকিব বাহিনী। এতে প্রথমে খানিকটা চাপে পড়লেও ওয়ানডাউনে খেলতে নামা মেহেদী হাসান মিরাজ ও তারপর নামা নাজমুল হোসেন শান্ত চাপ সামলে দলকে নিয়ে এগিয়ে নিয়ে যান। তাদের ৯৭ রানের পার্টনারশিপই বাংলাদেশের জয় সহজ করে দেয়।

৭৩ বলে ৫৭ রান করে নবীন-উল-হকের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন মিরাজ। অন্য প্রান্ত ধরে খেলতে থাকেন শান্ত। অধিনায়ক সাকিব ১৪ রানে সাজঘরে ফিরলেও শান্ত ৫৯ রানে অপরাজিত থেকে মুশফিকুর রহিমকে নিয়ে জয়ের বন্দরে তরী ভেড়ান। ৯২ বল বাকি থাকতেই ছয় উইকেটে জিতে যায় বাংলাদেশ।

টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। ব্যাট করতে নেমে দুই স্পিনার সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজের বোলিং তোপে পড়ে আফগান ব্যাটাররা। মাত্র ১৫৬ রানে অলআউট হয়ে যায় তারা।

৩৭ দশমিক ২ ওভার ব্যাট করা আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। সাকিব ও মিরাজ নেন তিনটি করে উইকেট। এছাড়া শরীফুল ইসলাম দুটি এবং মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ নেন একটি করে উইকেট।

ব্যাটিং ও বোলিংয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ হন মিরাজ।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন