![]() |
| শান্ত-মিরাজের ৯৭ রানের পার্টনারশিপে বাংলাদেশের জয়ের পথ সহজ হয়ে যায়। ছবি: সংগৃহীত |
নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মিশন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার হিমাচলের ধর্মশালায় ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরের প্রথম ম্যাচে মূল কাজটা সেরে ফেলেন টাইগার বোলাররা। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের বোলিং তোপে ১৫৬ রানে গুটিয়ে যায় আফগানরা।
১৫৭ রানের ছোট টার্গেটে খেলতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় সাকিব বাহিনী। এতে প্রথমে খানিকটা চাপে পড়লেও ওয়ানডাউনে খেলতে নামা মেহেদী হাসান মিরাজ ও তারপর নামা নাজমুল হোসেন শান্ত চাপ সামলে দলকে নিয়ে এগিয়ে নিয়ে যান। তাদের ৯৭ রানের পার্টনারশিপই বাংলাদেশের জয় সহজ করে দেয়।
৭৩ বলে ৫৭ রান করে নবীন-উল-হকের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন মিরাজ। অন্য প্রান্ত ধরে খেলতে থাকেন শান্ত। অধিনায়ক সাকিব ১৪ রানে সাজঘরে ফিরলেও শান্ত ৫৯ রানে অপরাজিত থেকে মুশফিকুর রহিমকে নিয়ে জয়ের বন্দরে তরী ভেড়ান। ৯২ বল বাকি থাকতেই ছয় উইকেটে জিতে যায় বাংলাদেশ।
টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। ব্যাট করতে নেমে দুই স্পিনার সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজের বোলিং তোপে পড়ে আফগান ব্যাটাররা। মাত্র ১৫৬ রানে অলআউট হয়ে যায় তারা।
৩৭ দশমিক ২ ওভার ব্যাট করা আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। সাকিব ও মিরাজ নেন তিনটি করে উইকেট। এছাড়া শরীফুল ইসলাম দুটি এবং মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ নেন একটি করে উইকেট।
ব্যাটিং ও বোলিংয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ হন মিরাজ।

