নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকীর আগেই ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনকে রাজনৈতিকভাবে দূরদর্শী ও কার্যকর পদক্ষেপ বলে মন্তব্য করেছেন পাবনা জেলা বিএনপির বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।
শনিবার সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নেতাকর্মীদের উদ্দেশে জাকারিয়া পিন্টু বলেন, ‘সিনিয়র নেতাদের সঙ্গে পরামর্শ করে আজ রোববার দুপুরে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। নতুন কমিটি গঠনের পর এক মাসের মধ্যে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলীয় সংগঠন পুনর্গঠন করা হবে।’
তিনি আরও বলেন, ‘পরবর্তী সময়ে ঐতিহাসিক প্রতিবাদ র্যালি করে আমরা কেন্দ্র থেকে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন নিয়ে আসব। বিএনপি আমরা করেছি, আমরাই করব; নিজেদের অধিকার নিজেরা আদায় করে নেব।’
দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমে নানা সীমাবদ্ধতা ছিল উল্লেখ করে জাকারিয়া পিন্টু জানান, তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে দলকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে হবে। উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃত্ব পুনর্গঠন করা হলে মাঠপর্যায়ে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সভায় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে আসা বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

