স্বেচ্ছাসেবক দল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
স্বেচ্ছাসেবক দল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের শোভাযাত্রা ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঈশ্বরদীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেল সাড়ে ৫টার দিকে শহরের খায়রুজ্জামান বাবু বাসটার্মিনাল থেকে শোভাযাত্রাটি বের হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সদস্যসচিব মেহেদী হাসানের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরদী বাজারের ১ নম্বর গেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আউয়াল কবিরের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মেহেদী হাসান।

অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা ইসলাম হোসেন জুয়েল, আনোয়ার হোসেন জনি, বিষ্টু সরকার, মো. নান্নু রহমান ও মনিরুজ্জামান টুটুল সরদারসহ বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাহমুদুর রহমান জুয়েল।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম দিনে দলীয় কার্যালয়ে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

ঈশ্বরদীতে হামলায় আহত স্বেচ্ছাসেবক দল নেতার অস্ত্রোপচার সম্পন্ন, আশঙ্কামুক্ত

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে দুর্বৃত্তদের গুলিতে ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর এই অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।

এর আগে জয়নগরে নিজ বাড়িতে ফেরার পথে জয়নগর কিন্ডারগার্টেনের সামনে তাঁর প্রাইভেটকার লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। গাড়িটি থেমে গেলে তাঁরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্রনেতা জয়নগর মধ্যপাড়ার প্রয়াত আব্দুল মজিদ প্রামাণিকের ছেলে। চিকিৎসকদের বরাতে জানা গেছে, প্রাথমিক অস্ত্রোপচার সফল হলেও শারীরিক অবস্থা আরও স্থিতিশীল হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নিয়ে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হতে পারে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

বুধবার সকাল ৯টায় উপজেলার রেলওয়ে গেট এলাকার বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বিষ্টু কুমার সরকার।

ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাহমুদুর রহমান ফুল জুয়েলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন জনি, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুমন আলী এবং ঈশ্বরদী সরকারি কলেজ শাখার প্রস্তাবিত আহ্বায়ক মাহমুদুল হাসান শাওনসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল কবির।

সমাবেশে বক্তারা পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের কঠোর সমালোচনা করেন এবং তার বক্তব্যের বিষয়ে দৃষ্টি দিতে কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাবেক সদস্যসচিব মেহেদী হাসানসহ সব নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান তারা।

ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি ও কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার জয়নগর কিন্ডারগার্টেনের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

আহত শরিফুলকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শরিফুল প্রাইভেটকার চালিয়ে জয়নগরে নিজ বাড়িতে ফিরছিলেন। গাড়িটি জয়নগর কিন্ডারগার্টেনের সামনে পৌঁছালে কয়েকজন অস্ত্রধারী তার গতিপথ রোধ করে গুলি চালায়। এতে গাড়িটি থেমে গেলে তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। হামলায় তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক ক্ষত সৃষ্টি হয়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানকার চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

ঈশ্বরদী উপজেলা জিয়া সাংস্কৃতিক সংসদের (জাসাস) সাধারণ সম্পাদক এনামুল হক জানান, শরিফুলের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে অ্যাম্বুলেন্সে রাজশাহী নেওয়া হচ্ছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

ঈশ্বরদীতে সভাপতি না পেয়ে জেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে পোস্ট, স্থানীয় নেতাদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী উপজেলার একটি বালিকা উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতির পদ ঘিরে স্থানীয় বিএনপির অভ্যন্তরে বিতর্ক সৃষ্টি হয়েছে। কাঙ্ক্ষিত পদ না পেয়ে জেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে 'অনৈতিক লেনদেনের অভিযোগ' এনে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরীফুল ইসলাম শরীফ। 

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। তবে অভিযোগটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

অভিযোগকারী শরীফুল ইসলামের দাবি, অনৈতিক লেনদেনের মাধ্যমে মানিকনগর বালিকা উচ্চবিদ্যালয় কমিটির সভাপতি হিসেবে তসলিম আরিফ তুষারকে নির্বাচিত করেছেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে জেলা বিএনপির আহ্বায়ককে উদ্দেশ্য করে শরীফুল লেখেন, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং সাবেক এক পুলিশ কর্মকর্তার স্বজনকে মানিকনগর বালিকা উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি করতে পদটি কত টাকায় বিক্রি করা হয়েছে।

সামাজিক মাধ্যমে এই পোস্ট আসার পর থেকেই পক্ষ-বিপক্ষে নানা মন্তব্য করতে থাকেন স্থানীয় রাজনীতিকেরা।

এ ঘটনার প্রতিবাদে রোববার বিকেলে মানিকনগর বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শরীফুল ইসলাম ইতিপূর্বে বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের এডহক কমিটির দায়িত্বে ছিলেন। অনৈতিক কর্মকাণ্ডের কারণে এবার অভিভাবকেরা তাঁকে কমিটিতে রাখেননি। পদ হাতছাড়া হওয়ার ক্ষোভ থেকেই তিনি জেলা বিএনপির শীর্ষ নেতার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়েছেন। লেনদেনের কোনো প্রমাণ তিনি দিতে পারবেন না উল্লেখ করে নেতারা জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে শরীফুলকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় নেতাদের কাছে দাবি জানানো হবে।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল হক সন্টু সরদার, সাবেক সদস্যসচিব আজমল হোসেন সুজন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন, সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, বিএনপি নেতা হাফিজুর রহমান মুকুল, নবনির্বাচিত সভাপতি তসলিম আরিফ তুষার, কৃষক দলের সদস্যসচিব মইনুল হক সরদার, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম নয়ন ও হাবিবুর মহলদারসহ অনেকে উপস্থিত ছিলেন।

অন্তঃদলীয় কোন্দলে দিশেহারা না হয়ে ধৈর্য্য ধরে কাজ করতে হবে: মেহেদী

নিজস্ব প্রতিবেদন:  অন্তঃদলীয় দ্বন্দ্বে বিভ্রান্ত না হয়ে মানুষের মন জয় করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে জাকারিয়া পিন্টুকে বিজয়ী করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আসন উপহার দিতে হবে বলে আহ্বান জানিয়েছেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান।

মঙ্গলবার  বিকেলে উপজেলার সাহাপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও দলটির জেলা কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সমালোচনা করে বলেন, 'আপনার মধ্যেই এখনো আওয়ামী লীগ অনুরাগ রয়ে গেছে, এজন্যই আপনি আওয়ামী সন্ত্রাসী কাকন বাহিনীর পক্ষে টেলিভিশনে পক্ষপাতদুষ্ট বক্তব্য দিয়েছেন। যুবলীগ ও ছাত্রলীগের অপকর্মের জবাবে নিরীহ মাঝি-মাল্লাদের বিপদে ফেলেছেন। এর ফলে বিএনপির বহু নেতা-কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন।'

সভায় আরও বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিয়ার হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজু আহম্মেদ, উপজেলা বিএনপির নেতা ফজলুর রহমান মাস্টার এবং বদিউজ্জামান বদি।

রূপপুরে গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক দলের কর্মী লিপু

প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে লিপু (৪০) নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় পাকশী ইউনিয়নের রূপপুর বিবিসি বাজার-সংলগ্ন একটি এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ লিপু পাকশী ইউনিয়নের চররূপপুর ফটু মার্কেট এলাকার বাসিন্দা লতিফ প্রামাণিকের ছেলে। তিনি স্বেচ্ছাসেবক দলের একজন কর্মী।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, স্বেচ্ছাসেবক দলের পাকশী ইউনিয়ন শাখার যুগ্ম সম্পাদক আব্দুল খালেক জানান, লিপু, রাসেল, সজীবসহ আরও কয়েকজন রূপপুর এলাকায় দিয়ে যাচ্ছিলেন। এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী টনি বিশ্বাসের ভাতিজারা তাদের বাধা দেন এবং টনি বিশ্বাসের গ্রুপে কাজ করতে বলেন। এতে রাজি না হওয়ায় তাদের ওপর হামলা চালানো হয়।

আব্দুল খালেক আরও বলেন, “এক পর্যায়ে লিপুর বাম পায়ে গুলি করে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আমরা এ ঘটনায় আইনি পদক্ষেপ নেব।”

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন যুবদল নেতা সুলতান আলী টনি বিশ্বাস। তিনি বলেন, “আমি পারিবারিক কাজে বাইরে আছি। আমার কোনো ভাতিজা বা কর্মী এমন কিছু করেনি। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা আমার জানা নেই।”

ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে রূপপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। তদন্ত চলছে।

স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও পথসভা হয়েছে। 

শনিবার বৃষ্টি উপেক্ষা করে শহরের শহরের খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা স্বেচ্ছাসেবক দল। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরদী বাজারে গিয়ে শেষ হয়।

পথসভায় বক্তারা বলেন, আওয়ামী সন্ত্রাসী দল আমাদের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির নেতা এস এম জিলানী ভাইয়ের গাড়িবহরে হামলা করে। এতে আমাদের একজন নিহত হয় এবং আহত হয় অনেক নেতা–কর্মী। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে।  

পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক এসএম মামুনুর রশীদ নান্টু সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন, পৌর বিএনপির আহ্বায়ক এসএম ফজলুর রহমান, পৌরসভার কাউন্সিল আবু জাহীদ উজ্জ্বল, সাবেক কাউন্সিল আনোয়ার হোসেন জনি ও পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর রহমান জুয়েল প্রমুখ।

ঈশ্বরদীতে ষড়যন্ত্রমূলক হত্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: সাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সভাপতি রাসেল পারভেজের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক হত্যা মামলা  ও বিক্ষোভ মিছিলে গুলিবর্ষণ, গাড়ি ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বেলা ১১টার দিকে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দল  ও পৌর কমিটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বেচ্ছাসেবক দল ঈশ্বরদী উপজেলা কমিটির সদস্য সচিব মেহেদী হাসান। তিনি বলেন, উপজেলার চররূপপুরের তানভীর হাসান সুমন নিয়ন্ত্রিত দুই পক্ষের দ্বন্দে সচীন বিশ্বাস নামে একজন মারা যায়। এ হত্যাকান্ডের ঘটনায় তানভীর হাসান সাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাসেল পারভেজসহ বেশ কিছু নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করেন। এরই প্রতিবাদে বৃহস্পতিবার রাসেল পারভেজসহ মিথ্যা মামলায় অভিযুক্ত পরিবারের সদস্য ও এলাকার নারী-পুরুষ মিছিল বের করলে সুমনের নেতৃত্বে মিছিলকারীদের উপর ১৫-২০ রাউন্ড গুলি বর্ষণ করা হয়। এ সময়  পথচারীসহ ১৫ থেকে ২০ জন আহত হন এবং  এক অটোরিকশা চালককে তারা পিটিয়ে আহত করে  দুটি মোটরসাইকেল জ্বলিয়ে দেয়।  

মেহেদী হাসান আরও বলেন, হামলাকারীরা ডাকাত, এরা র‌্যাবের পোষাক পড়ে ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছিল। ইতিপূর্বে রূপপুরে কড়ইতলায় শাজাহান নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে। অথচ এই চক্রটিকে জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান সহযোগিতা করছেন।

জানা যায়, তানভীর হাসান ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। আধিপত্য নিয়ে দ্বন্দের জেরে ৬ আগস্ট সচীন বিশ্বাস নামে এক ছাত্রদল কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ হত্যার ঘটনায় সাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাসেল পারভেজসহ ১৩ জন ও অজ্ঞাতনামা চার-পাঁচজনের বিরুদ্ধে ঈশ্বরদী থানায়  মামলা দায়ের করা হয়। মামলাটি ষড়যন্ত্রমূলক অভিহিত করে বৃহস্পতিবার এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করলে তানভীর হাসানের বিরুদ্ধে মিছিলে গুলিবর্ষণের অভিযোগ উঠে। এই হামলা, মামলার প্রতিবাদে উপজেলা স্বেচ্ছাসেবক দল সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে মঞ্চে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক এস এম ফজলুর রহমান, বিএনপি নেতা আলমগীর হোসেন,  আব্দুর রাজ্জাক, বিষ্টু কুমার সরকার, যুবদল নেতা একেএম সাজেদুজ্জামান জিতু, স্বেচ্ছাসেবক দল নেতা এস এম মামুনুর রশিদ নান্টু, মাহামুদুর রহমান জুয়েলসহ নেতাকর্মীরা। 

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন