রূপপুরে গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক দলের কর্মী লিপু

প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে লিপু (৪০) নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় পাকশী ইউনিয়নের রূপপুর বিবিসি বাজার-সংলগ্ন একটি এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ লিপু পাকশী ইউনিয়নের চররূপপুর ফটু মার্কেট এলাকার বাসিন্দা লতিফ প্রামাণিকের ছেলে। তিনি স্বেচ্ছাসেবক দলের একজন কর্মী।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, স্বেচ্ছাসেবক দলের পাকশী ইউনিয়ন শাখার যুগ্ম সম্পাদক আব্দুল খালেক জানান, লিপু, রাসেল, সজীবসহ আরও কয়েকজন রূপপুর এলাকায় দিয়ে যাচ্ছিলেন। এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী টনি বিশ্বাসের ভাতিজারা তাদের বাধা দেন এবং টনি বিশ্বাসের গ্রুপে কাজ করতে বলেন। এতে রাজি না হওয়ায় তাদের ওপর হামলা চালানো হয়।

আব্দুল খালেক আরও বলেন, “এক পর্যায়ে লিপুর বাম পায়ে গুলি করে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আমরা এ ঘটনায় আইনি পদক্ষেপ নেব।”

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন যুবদল নেতা সুলতান আলী টনি বিশ্বাস। তিনি বলেন, “আমি পারিবারিক কাজে বাইরে আছি। আমার কোনো ভাতিজা বা কর্মী এমন কিছু করেনি। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা আমার জানা নেই।”

ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে রূপপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। তদন্ত চলছে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন