নিজস্ব প্রতিবেদক: আগামী ১৫ মে নিজ জেলা পাবনায় সফরে যাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। চার দিনের সফর ঘিরে সাজ সাজ রব পুরো অঞ্চলে। রাষ্ট্রপতির এই সফর সফল করতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা আওয়ামী লীগ।
শনিবার দুপুরে ঈশ্বরদী উপজেলা সদরের ষ্টেশন রোড দলীয় কার্যালয়ে বিশেষ বর্ধিত সভা করে আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ সভায় সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-৪ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি। তিনি বলেন, রাষ্ট্রপতি আমাদের গৌরব। তার সম্মান রক্ষার্থে যা যা করণীয় আমরা তাই করব। এডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সংবর্ধনার জন্য আমরা প্রস্তুত। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আনন্দঘন সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম খান, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম হব্বুল, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক মাসুদ রানা ও উপজেলা ছাত্রলীগ সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময় প্রমুখ।
সর্বশেষ তিনি দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে প্রথমবারের মতো পাবনায় আসছেন। তাঁর সফরকে ঘিরে পুরো শহরে আলোকসজ্জা করা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন শহরে পরিণত হয়েছে পাবনা। ব্যানার ফেস্টুনে ভরে গেছে সড়ক-মহাসড়ক। উৎসবের আমেজ বিরাজ করছে সর্বত্র।
রাষ্ট্রপতির সফর ঘিরে ঈশ্বরদীতে আওয়ামী লীগের সভা
এই সময়ে
রবিবার, মে ১৪, ২০২৩

