নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে আয়োজিত একদিনের চিকিৎসা শিবিরে বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন প্রায় দেড় হাজার কৃষক ও কৃষাণী।
শনিবার উপজেলার মুলাডুলি ইউনিয়নের পতিরাজপুর এলাকায় জোয়াদ্দার মৎস্য খামারে এই শিবিরের আয়োজন করা হয়।
বাংলাদেশ কৃষক সমিতি, জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশের পাবলিক হেলথ বিভাগ এবং পজিটিভ প্লাস ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধন করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।
পাবনার জেলা প্রশাসক মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহান, পাবনার পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, স্বাস্থ্য অধিদপ্তর রাজশাহী বিভাগের পরিচালক ডা. হাবিবুর রহমান, জার্মান ইউনিভার্সিটির স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন ডা. মো. মনোয়ারুল হক, পজিটিভ প্লাস ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. হোসাইন মো. আল-আমিন এবং ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ।
অনুষ্ঠানে কৃষকদের পক্ষ থেকে ৩৬ দফা দাবি উপস্থাপন করেন বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি শাহজাহান আলী পেঁপে বাদশা। বক্তব্য দেন জাতীয় পদকপ্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান কুল ময়েজ, কৃষক আবু তালেব জোয়াদ্দার ও বেলী বেগম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন লিচু চাষে জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক মো. আব্দুল জলিল কিতাব মন্ডল।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেন, কৃষকের অসুস্থতা মানেই খাদ্য উৎপাদনে বাধা। তাই তাঁদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি।'
তিনি আরও বলেন, 'কৃষকদের সহজ শর্তে ঋণপ্রাপ্তি নিশ্চিত করতে হবে এবং ঈশ্বরদীতে একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা রয়েছে। এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ এবং কয়েকটি ব্যাংকের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।'

