নিজস্ব প্রতিবেদক: কৃষি দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষকদের সহায়তায় সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা দিচ্ছে, যা কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
শনিবার বিকেলে নাটোরের লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় কৃষকদের মধ্যে রোপা আমন ধানের উন্নত বীজ, রাসায়নিক সার, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, বৃক্ষরোপণ কর্মসূচির চারা ও জৈব সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রীতম কুমার হোড়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. নজরুল ইসলাম মোল্লা, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লালপুরের আয়োজনে অনুষ্ঠানে উপজেলার কৃষকদের মধ্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়। বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর জোর দেন।
অনুষ্ঠানের শেষে কৃষকদের হাতে প্রণোদনার সামগ্রী তুলে দেওয়া হয়। এই উদ্যোগ চাষাবাদে নতুন উদ্দীপনা জোগাবে বলে আশা প্রকাশ করা হয়।

