ঈশ্বরদীতে বিদেশি পিস্তল-গুলিসহ সাতজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া বাজারের এনসিডিপি গোয়ার্স মার্কেটে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে সাতজনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকবাল হোসেন ইমন (৩১), নাজমুল হাসান (৩০), সজীব (২৭), তুষার ইমরান (৩৩), জনি ইসলাম (৩০), রতন ইসলাম (১৯) এবং সাজাদুর রহমান (২১)।

রোববার বিকেলে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ জানান, অভিযানের সময় ঘটনাস্থলের একটি চৌকির নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ম্যাগাজিনে থাকা পাঁচ রাউন্ড ৭ দশমিক ৬৫ মিলিমিটার তাজা গুলি উদ্ধার করা হয়।

তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, উদ্ধার হওয়া অস্ত্রটি ইকবাল হোসেন ইমনের কাছে ছিল। তবে অস্ত্রটির কোনো বৈধ লাইসেন্স বা কাগজপত্র তিনি দেখাতে পারেননি।’

পুলিশ সুপার আরও বলেন, ‘অস্ত্রটির উৎস এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন