পদ্মায় যৌথ অভিযানে অস্ত্র-মাদক ও টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীর পদ্মা নদীতে অভিযান চালিয়ে তিনটি পিস্তল, গুলি, মাদক, একটি মানুষের খুলি ও নগদ ১২ লাখ টাকার বেশি উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় দুজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার  সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত নদীর দিয়াড় বাহাদুরপুর এলাকায় ‘মোল্লা ট্রেডার্স’-এর বালু মহালে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ অংশ নেয়।

আটক দুজন হলেন—মাহফুজুর রহমান সোহাগ ও আশরাফুল ইসলাম বাপ্পি।

পুলিশ জানায়, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বালুবোঝাই নৌকা থেকে চাঁদা আদায়ের অভিযোগে এ অভিযান চালানো হয়। বালু মহালে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় তিনটি বিদেশি পিস্তল, ৪৮টি গুলি, একটি মানুষের খুলি, বেশ কিছু মাদকদ্রব্য ও নগদ ১২ লাখ ৩৬ হাজার টাকা।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ঈশ্বরদী ও নাটোরের লালপুর উপজেলার সীমান্তবর্তী মোল্লার চরে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুজনকে আটক করা হয়। পরে তাদের ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন বলেন, ‘আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া অনুসরণ করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন