পরমাণু শক্তি কমিশন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পরমাণু শক্তি কমিশন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিলেন জাহেদুল হাসান

নিজস্ব প্রতিবেদক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং কার্যক্রমে ১৬ মেগাপাসকেল চাপের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। এছাড়া গত শনিবার দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানির প্রথম চালানও দেশে এসে পৌঁছেছে। এমন সময় প্রকল্পের ব্যয়, নিরাপত্তা ও কর্মকর্তাদের ভূমিকা নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু নেতিবাচক প্রচারণা সামনে এসেছে। এ বিষয়ে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ও জ্যেষ্ঠ পারমাণবিক বিশেষজ্ঞ ড. জাহেদুল হাসান প্রাতিষ্ঠানিক নথি, পরিসংখ্যান ও সরকারি আদেশের ভিত্তিতে সুনির্দিষ্ট ব্যাখ্যা দিয়েছেন।

প্রকল্পের শুরু থেকেই পারমাণবিক ভীতি, ব্যয় ও কর্মকর্তাদের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তোলা হলেও সম্প্রতি ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসানকে লক্ষ্য করে কিছু অভিযোগ প্রচার করা হয়। কর্মরত প্রকৌশলী ও কর্মকর্তারা বলছেন, যাচাই-বাছাই ছাড়া এ ধরনের তথ্য প্রচার সংশ্লিষ্ট ব্যক্তি ও পুরো কর্মীবাহিনীর মনোবলেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আজ সোমবার ড. জাহেদুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সঠিক তথ্যের ভিত্তিতে গঠনমূলক সমালোচনা ও জবাবদিহি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অসম্পূর্ণ তথ্য বা প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তকে ব্যক্তিগত বিষয় হিসেবে উপস্থাপন করলে প্রকল্পের প্রশাসনিক কাঠামো ও বাস্তব পরিস্থিতি নিয়ে জনগণের মনে বিভ্রান্তি তৈরি হতে পারে।

ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত থাকা এবং একাধিক পদের জন্য পৃথক বেতন নেওয়ার অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে ড. জাহেদুল বলেন, প্রাতিষ্ঠানিক প্রয়োজন অনুযায়ী তাঁকে উচ্চতর দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি ২০২৫ সালের জুন থেকে এনপিসিবিলের পূর্ণকালীন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে শুধু নির্ধারিত বেতন-ভাতা গ্রহণ করছেন।

একইভাবে জনবল ও বিশেষায়িত প্রশিক্ষণের বিষয়ে তিনি জানান, প্রতিষ্ঠানে মোট ১ হাজার ৯২২ জন নিয়োগ পেলেও ৯৯৭ জন বিশেষায়িত প্রশিক্ষণ নিয়েছেন। এর মধ্যে মাত্র ২৭ জন (প্রায় ২ দশমিক ৭ শতাংশ) প্রতিষ্ঠান ছেড়েছেন। ১৬ থেকে ১৯ গ্রেডের প্রায় ১০০ কর্মীর প্রস্থানকে বিশেষায়িত পারমাণবিক জনবলের পদত্যাগ হিসেবে দেখানোর সুযোগ নেই, কারণ তাঁদের মধ্যে বিভিন্ন সহায়ক পদের কর্মীরাও ছিলেন। এ ছাড়া শপ ম্যানেজারসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব অর্পণের বিষয়টি কোনো একক সিদ্ধান্ত নয়, বরং ক্ষমতাপ্রাপ্ত বোর্ড কমিটির মাধ্যমে নির্ধারিত প্রক্রিয়ায় সম্পন্ন হয়ে থাকে।

রাশিয়ায় কর্মকর্তাদের জন্য অ্যাপার্টমেন্ট ভাড়ার বিষয়ে ড. জাহেদুল হাসান স্পষ্ট করেন, এই ব্যবস্থা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্তে হয়নি। তৎকালীন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তের ভিত্তিতে রাশিয়ায় অবস্থানরত পরিদর্শকদের আবাসনের ব্যবস্থা করা হয়েছিল, যার আর্থিক বিষয়াদি প্রকল্পের জেনারেল কন্ট্রাক্টর জেএসসি এটমস্ট্রয়এক্সপোর্ট (এএসই) পরিচালনা করে। বিভিন্ন সময়ে ৪১ জন কর্মকর্তা সরকারি আদেশ (জিও) নিয়ে এসব অ্যাপার্টমেন্টে অবস্থান করেছেন এবং তাঁরা কোনো হোটেল ভাতাও গ্রহণ করেননি। প্রায় ৭৭ লাখ টাকা বাসা ভাড়া আত্মসাতের অভিযোগকে ‘মূলহীন ও ভিত্তিহীন’ উল্লেখ করে তিনি জানান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের নেতৃত্বে গঠিত ছয় সদস্যের অভ্যন্তরীণ অডিট দল (যাতে রাশিয়ায় বাংলাদেশ দূতাবাসের দুই কর্মকর্তাও যুক্ত ছিলেন) বিষয়টি তদন্ত করে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিয়েছে।

ড. জাহেদুল হাসান আরও উল্লেখ করেন, রূপপুর পারমাণবিক প্রকল্পের মালিক বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বিএইসি), আর এনপিসিবিএল হলো বিদ্যুৎকেন্দ্রের অপারেটিং অর্গানাইজেশন। তাই কমিশনিংয়ের মতো প্রযুক্তিগত প্রক্রিয়া ও বিলম্বের বিষয়গুলোকে এককভাবে ব্যবস্থাপনা পরিচালকের ওপর চাপানো যৌক্তিক নয়। রূপপুর দেশের একটি অত্যন্ত সংবেদনশীল ও বৃহৎ জাতীয় প্রকল্প উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে সংবাদ প্রকাশ বা প্রচারের ক্ষেত্রে অফিস আদেশ, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত, সরকারি প্রজ্ঞাপন এবং অডিট প্রতিবেদন যাচাই করার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বক্তব্যকে গুরুত্ব দেওয়া উচিত।

ঈশ্বরদীতে দুই দিনব্যাপী পারমাণবিক বিজ্ঞান শিক্ষা ও ভ্রাম্যমাণ জাদুঘর প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে দুই দিনব্যাপী ‘পারমাণবিক বিজ্ঞান শিক্ষা বিষয়ক কর্মসূচি ও ভ্রাম্যমাণ বিজ্ঞান জাদুঘর প্রদর্শনী’ হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার ও বৃহস্পতিবার ঈশ্বরদী উপজেলার ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়, মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয় এবং জামিয়াতুল কুরআনুল কারীম মাদ্রাসার শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ভ্রাম্যমাণ বাস ‘মিউজুবাস’-এর মাধ্যমে শিক্ষার্থীদের সামনে বিভিন্ন তথ্যভিত্তিক বৈজ্ঞানিক প্রদর্শনী তুলে ধরা হয়। পাশাপাশি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও রূপপুর প্রকল্পের প্রতিনিধিরা পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, বিকিরণ এবং বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এতে কুইজ প্রতিযোগিতা ও প্রশ্নোত্তর পর্বও অন্তর্ভুক্ত ছিল।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক তথ্য বিভাগের পরিচালক ড. আনন্দ কুমার দাস জানান, শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করা এবং রূপপুর প্রকল্প সম্পর্কে সঠিক ধারণা দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। মিউজুবাসের বিভিন্ন প্রদর্শনী বিজ্ঞান শিক্ষাকে তাদের কাছে সহজ ও আকর্ষণীয় করে তুলেছে।

রূপপুর প্রকল্পের গণমাধ্যম ফোকাল পয়েন্ট ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ বলেন, শিক্ষাজীবনের শুরুতেই পারমাণবিক প্রযুক্তি সম্পর্কে সঠিক ধারণা পাওয়া প্রয়োজন। এতে শিক্ষার্থীদের কৌতূহল বাড়ার পাশাপাশি সমাজের বিভিন্ন ভুল ধারণা দূর হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আছমা বেগম, ঊর্ধ্বতন গ্রন্থাগারিক মারুফ হোসেন, প্রকল্পের জনসংযোগ কর্মকর্তা কাজী মোহাম্মদ ইকবাল হাসানী এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের প্রধান ডিসপ্লে কর্মকর্তা সৈকত সরকারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকদের আশা, এ ধরনের কর্মসূচির ফলে তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞান চর্চার আগ্রহ বাড়বে এবং দেশের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তারা বাস্তবসম্মত ধারণা পাবে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন