কর্মসূচি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কর্মসূচি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বিনা বেতনে ২৭ বছর কাজের অভিযোগ, ঈশ্বরদীতে অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন ও স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানরা।

বুধবার  দুপুরে ঈশ্বরদী শহরের হাসপাতাল সড়কে জেলা পশু প্রজনন কর্মকর্তার কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের পাবনা জেলা সভাপতি নুরুল ইসলাম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রেজাউল করিম।

কর্মসূচিতে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা সভাপতি আলহাজ্ব সাহাবুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা সভাপতি আলী আশরাফ, জেলা সেক্রেটারি জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, চাটমোহর উপজেলা সভাপতি আশরাফুল ইসলাম, সাঁথিয়া উপজেলা সভাপতি আলমগীর হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মনসুর হোসেন, প্রচার সম্পাদক আলাউদ্দিন আলী আজাদ এবং অর্থ সম্পাদক কামরুজ্জামান বাবু।

বক্তারা বলেন, দীর্ঘ ২৭ বছর ধরে তাঁরা বিনা বেতন-ভাতায় কৃত্রিম প্রজনন কার্যক্রমে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু এখনো তাঁদের চাকরির স্বীকৃতি ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়নি। এতে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তাই দীর্ঘদিনের এই বৈষম্যের অবসান, চাকরির স্বীকৃতি এবং বেতন-ভাতাসহ অন্যান্য ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে তাঁরা এ কর্মসূচি পালন করছেন।

কর্মসূচি শেষে আন্দোলনকারীরা ঈশ্বরদী জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক (চিকিৎসক) মো. আবু রেজা তালুকদারের কাছে একটি স্মারকলিপি দেন। 

ঈশ্বরদীতে বেহাল সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীতে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা একটি সড়ক মেরামতের দাবিতে বড় বড় গর্তে ধানের চারা রোপণ করে প্রতিবাদ করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গোলচত্বর মোড় থেকে লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘আমার সোনার বাংলা, বৈষম্যের ঠাঁই নাই; চাঁদা নিলে, চাঁদা নে—রাস্তা পাকা করে দে’ স্লোগান দিয়ে দ্রুত সড়ক সংস্কারের দাবি জানান।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সড়কটি সাহাপুর ও লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের অন্তত ১৫ হাজার মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ সংযোগপথ। প্রতিদিন এ পথে ইঞ্জিনচালিত ত্রিরথ বা ভুটভুটি, অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেল, ট্রাক্টর, পণ্যবাহী ট্রাক ও সবজিবাহী যানবাহন চলাচল করে। সড়কটি ব্যবহার করে দুই ইউনিয়নের মানুষ প্রায় সাত কিলোমিটার পথ সাশ্রয় করতে পারেন।

তাঁরা জানান, দীর্ঘ আন্দোলনের পর ২০১৩ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সড়কটি পাকা করে। তবে ইটভাটায় যাতায়াতকারী অতিরিক্ত ভারী যানবাহনের কারণে নির্মাণের অল্প সময়ের মধ্যেই সড়কটি ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে সড়কের অধিকাংশ স্থানে দুই থেকে তিন ফুট গভীর গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টিতেই গর্তগুলো পানিতে ভরে যায় এবং পুরো সড়ক কাদাপানিতে ডুবে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

প্রতিবাদ কর্মসূচির প্রধান সমন্বয়ক আল আমিন প্রামাণিক বলেন, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিদের কাছে সড়কটি মেরামতের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই জনদৃষ্টি আকর্ষণের জন্য তাঁরা সড়কের গর্তে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন।

কর্মসূচিতে আজিবুল মণ্ডল, রবিন হোসেন, রুবেল হোসেন, সানমুন মণ্ডলসহ কয়েক শ গ্রামবাসী অংশ নেন।

এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম বলেন, সড়কটির বর্তমান অবস্থা সম্পর্কে তাঁর জানা ছিল না। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

ঈশ্বরদীতে জোড়া খুন: আসামির ফাঁসির দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: আলোচিত দাদি-নাতনি হত্যা মামলার আসামির ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও কয়েকটি গ্রামের শত শত নারী-পুরুষ।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পাবনা-দাশুড়িয়া মহাসড়কের কালিকাপুর বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।

টানা তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ থাকায় সড়কের উভয় পাশে অন্তত দুই কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।

বিক্ষোভকারীরা জানান, গত ২৭ ফেব্রুয়ারি রাতে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া গ্রামে দাদি ও নাতনিকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার প্রায় চার মাস পেরিয়ে গেলেও মামলার দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। তাই দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান তাঁরা।

পরে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার ঘটনাস্থলে গিয়ে নিহতদের স্বজন, এলাকাবাসী ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি মামলার অগ্রগতির বিষয়ে আশ্বস্ত করলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিয়ে নিজ নিজ বাড়িতে ফিরে যান।

পুলিশ জানায়, আগামী সাত দিনের মধ্যে মামলার প্রয়োজনীয় কিছু তথ্য হাতে পেলেই অভিযোগপত্র দেওয়া হবে। দ্রুতই আসামির সর্বোচ্চ শাস্তির বিষয়ে আদালত সিদ্ধান্ত দেবেন বলে আশা করছে পুলিশ।

ঈশ্বরদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে  পাবনার ঈশ্বরদীতে র‍্যালী ও সমাবেশ করেছে।

শুক্রবার বিকেলে র‍্যালী শেষে সমাবেশে সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েল।

উপজেলা সদরের রেলগেট খায়রুজ্জামান বাবু বাসটার্মিনাল থেকে র‍্যালীটি বের হয়ে ষ্টেশন রোড বাজারের প্রধান সড়কে সমাবেশে মিলিত হয়।

এসময় বক্তব্য দেন সদস্য- শ্রমিকদল কেন্দ্রীয় কনিটির কার্যকরী সভাপতি আহসান হাবীব, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, এসময় আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব বিষ্টু সরকার, উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব মেহেদী হাসান ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাহামুদ হাসান সোনামনি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

বক্তারা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের জোর দাবি জানান। তাঁরা বলেন,  দেশে ডান বাম নানা মত পথের ভিন্নতায় সৃষ্ট কলুষিত রাজনীতির ঘেড়াটোপ ছিন্ন করে সব মানুষের জন্য ইতিবাচক রাজনীতি জাতীয়তাবাদী রাজনীতির সুচনা করেছিল।
স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন