নিজস্ব প্রতিবেদক: জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন ও স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানরা।
বুধবার দুপুরে ঈশ্বরদী শহরের হাসপাতাল সড়কে জেলা পশু প্রজনন কর্মকর্তার কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের পাবনা জেলা সভাপতি নুরুল ইসলাম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রেজাউল করিম।
কর্মসূচিতে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা সভাপতি আলহাজ্ব সাহাবুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা সভাপতি আলী আশরাফ, জেলা সেক্রেটারি জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, চাটমোহর উপজেলা সভাপতি আশরাফুল ইসলাম, সাঁথিয়া উপজেলা সভাপতি আলমগীর হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মনসুর হোসেন, প্রচার সম্পাদক আলাউদ্দিন আলী আজাদ এবং অর্থ সম্পাদক কামরুজ্জামান বাবু।
বক্তারা বলেন, দীর্ঘ ২৭ বছর ধরে তাঁরা বিনা বেতন-ভাতায় কৃত্রিম প্রজনন কার্যক্রমে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু এখনো তাঁদের চাকরির স্বীকৃতি ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়নি। এতে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তাই দীর্ঘদিনের এই বৈষম্যের অবসান, চাকরির স্বীকৃতি এবং বেতন-ভাতাসহ অন্যান্য ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে তাঁরা এ কর্মসূচি পালন করছেন।
কর্মসূচি শেষে আন্দোলনকারীরা ঈশ্বরদী জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক (চিকিৎসক) মো. আবু রেজা তালুকদারের কাছে একটি স্মারকলিপি দেন।


