উৎসব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
উৎসব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের কর্মকারপাড়া মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে শহরের রেলগেটসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে এটি শেষ হয়।

শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় শ্রীকৃষ্ণের নামসংকীর্তন ও ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়।

এতে পূজা উদযাপন পরিষদ ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিলন চন্দ্র কর্মকার, মৌবাড়ি ও ঠাকুরবাড়ি কমিটির সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক রাজেশ কুমার সরাফ, উপদেষ্টা রমেন্দ্রনাথ চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক গোপাল অধিকারী, হিন্দু মহাজোটের উপজেলা সভাপতি আশুতোষ পাল, পৌর সভাপতি গোবিন্দ চৌধুরী ও সাধারণ সম্পাদক সুমন সাহাসহ অনেকে উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গণে প্রসাদ বিতরণ ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা শ্রীকৃষ্ণের আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

ঈশ্বরদীতে সম্প্রীতির মিলনমেলায় জগন্নাথদেবের রথযাত্রা

নিজস্ব প্রতিবেদন: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সারা দেশের মতো ঈশ্বরদীতেও পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা।

আজ বৃহস্পতিবার  বিকেলে ঈশ্বরদী শহরের কর্মকারপাড়া মাতৃমন্দির ও হরিজন কলোনি মন্দিরের উদ্যোগে ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত হয়। ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রথ টানার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। এ উপলক্ষে শহরজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।

হাজারো ভক্তের উপস্থিতিতে রথযাত্রা শুরু হয়। ঈশ্বরদীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক হাজার নারী-পুরুষ এ ধর্মীয় আয়োজনে অংশ নেন। তাঁরা রথ টেনে শান্তি, সম্প্রীতি, সুখ-সমৃদ্ধি ও বিশ্বমানবের কল্যাণ কামনা করেন।

রথযাত্রাকে ঘিরে কর্মকারপাড়া মাতৃমন্দির প্রাঙ্গণ নানা ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি উৎসবকে কেন্দ্র করে এলাকাজুড়ে ছিল আনন্দঘন পরিবেশ।

আয়োজকেরা জানান, আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে নয় দিনব্যাপী এ ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব শেষ হবে।

ঈশ্বরদীতে নোঙর আন্তর্জাতিক সাহিত্য উৎসবে মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক:  ঈশ্বরদীতে শুক্রবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ‘নোঙর আন্তর্জাতিক সাহিত্য উৎসব-২০২৫’ সম্পন্ন হয়েছে। দেশের পাশাপাশি ভারত ও নেপালসহ বিভিন্ন দেশের দুই শতাধিক কবি ও সাহিত্যিক এতে অংশ নেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র ও জাতীয় ডাল গবেষণা কেন্দ্রের চত্বরে।

উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কবি প্রভা ভট্টা রায়।

দিবসব্যাপী কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, রঙিন শোভাযাত্রা, সেমিনার, কবিতা পাঠ, আলোচনা সভা এবং নতুন বইয়ের মোড়ক উন্মোচন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি অধ্যাপক আখতার হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক আকতার হোসেন সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন নোঙরের মুখ্য সমন্বয়ক হাসানুজ্জামান। আলোচনা সভায় বক্তৃতা দেন ভারতের কবি ও গবেষক মানিক পন্ডিত, নেপালের কবি সাম্পাদা ভট্টা রায়, বিভুতি অধিকারী, ঢাকা সিএমএম আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ সিরাজুল ইসলাম মামুন, ঈশ্বরদী সম্মিলিত নাগরিক জোটের আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ, সদস্য সচিব আশিকুর রহমান লুলু, সাংবাদিক আজিজুর রহমান শাহীন, খায়রুল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খায়রুল ইসলাম, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, কবি আতাউর রহমান পাতা, সাংবাদিক মাহাবুবুল হক দুদু, মুক্তিযোদ্ধা কবি ই. ম. শহীদুল ইসলাম, আতাউর রহমান বাবলু, ডা. সরোয়ার জাহান ফয়েজ, লুৎফর রহমান, অধ্যাপক সাজিদুল ইসলাম খোকন, আব্দুদ দাইন সরকার, সালেক সিবলু এবং আলমগীরুল নিউটন।

উৎসবে সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১২ জন নারী কবি ও লেখককে ‘নোঙর সাহিত্য সম্মাননা’ প্রদান করা হয়।

ঈশ্বরদীতে দিনভর বর্ষা উৎসব


নিজস্ব প্রতিবেদক:  ঈশ্বরদীতে আয়োজন করা হলো দিনব্যাপী 'বর্ষা উৎসব'। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা আয়োজনে মুখর ছিল পুরো দিন। পদ্মা নদীতে ভ্রমণ, কবিতা পাঠ, সাহিত্য আড্ডা, সংগীত ও পুঁথি পাঠের মধ্য দিয়ে পর্দা নামে এই উৎসবের। এতে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের কবি-সাহিত্যিকেরা অংশ নেন।

সকালে পাকশীর পদ্মা নদীতে নৌভ্রমণের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের কার্যক্রম। পরে ঈশ্বরদী প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় কবি-সাহিত্যিকদের মিলনমেলা। সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন 'ঈশ্বরদী নোঙর' আয়োজন করে এ অনুষ্ঠান। 


মিলনমেলার প্রধান অতিথি ছিলেন ঢাকার ভূমি জরিপ ট্রাইব্যুনালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সিরাজুল ইসলাম মামুন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাসানুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক খোন্দকার মাহবুবুল হক দুদু।

শাম্মি আক্তার স্মৃতির সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের কথাসাহিত্যিক মানিক পণ্ডিত এবং ঈশ্বরদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান।

কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন কবি আজিজুর রহমান মুন্না, কবির হৃদয়, রেহেনা সুলতানা শিল্পী, ইসলাম রফিক, অধ্যাপক সাজিদুল ইসলাম ও আবুল কাশেম অমিয় প্রমুখ।

আলোচনা পর্ব শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। 

ঈশ্বরদীর চরনিকেতনে তিন দিনব্যাপী বৈশাখী সাহিত্য উৎসব শেষ

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীর চরগড়গড়ি গ্রামের চরনিকেতনে শেষ হলো তিন দিনব্যাপী চরনিকেতন বৈশাখী সাহিত্য উৎসব ১৪৩২। সোমবার, মঙ্গলবার ও বুধবার—এই উৎসব চলে উৎসবপ্রেমী কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে।

চরনিকেতন কাব্যমঞ্চের আয়োজনে অনুষ্ঠিত হওয়া এই আয়োজন প্রতিবারের মতো এবারও কবিতা, গান, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনায় জমজমাট হয়ে ওঠে। বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা, বৈশাখী গান, বাউল সংগীত, দেশাত্মবোধক সঙ্গীত, আবৃত্তি ও কবিতা পাঠে মুখরিত হয়ে ওঠে চরনিকেতন।

উৎসবের বিশেষ আকর্ষণ ছিল বাংলা সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে সেমিনার, কবি মজিদ মাহমুদের ৬০তম জন্মদিন উদ্‌যাপন এবং দেশ-বিদেশের শতাধিক কবি-সাহিত্যিকের অংশগ্রহণ।

নিজস্ব প্রতিবেদক: সাহিত্য উৎসবের সভাপতিত্ব করেন কবি মজিদ মাহমুদ। অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও দলটির জেলা কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, কবি শেখ রবিউল হক, সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আওয়াল, ভারত থেকে আসা কবি অরূপ কুমার ভুঁইয়া ও শিক্ষাবিদ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস।

ঢাকা থেকে আসা উল্লেখযোগ্য কবিদের মধ্যে ছিলেন শামসুদ্দিন হীরা, আজিজুল বাশার, ফিরোজ শাহ, রুবিনা আজাদ, মেহেদী হাসান আকাশ, অচিন্ত্য চয়ন, আফতাব আহমেদ মাহবুব, মাকসুদা ইয়াসমিনসহ অনেকে।

ঢাকার বাইরের সাহিত্যিকদের মধ্যে অংশ নিয়েছেন সিরাজুল ইসলাম, অধ্যাপক আব্দুদ দাইন সরকার, ড. আব্দুর রউফ, শামীমা সীমা, যাযাবর জিয়া, বঙ্গ রাখাল, সোনিয়া আক্তার, রেহানা সুলতানা শিল্পী, আহমেদ মাসুম, ইউনুস আলী, গোধূলি সেলিম, নজরুল ইসলাম মুকুল প্রমুখ।

কবি মজিদ মাহমুদের জন্মদিন উপলক্ষে আয়োজিত বিশেষ আয়োজনে সভাপতিত্ব করেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। এতে অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক কবি শেখ রবিউল হক, অরূপ কুমার ভুঁইয়া, মাহাতাব উদ্দিন বিশ্বাস এবং কবির পরিবারের সদস্যসহ দেশজুড়ে আগত কবিরা।

সাহিত্য উৎসবের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ওসাকার সহকারী নির্বাহী পরিচালক ডা. সানোয়ারা প্রপা, সিনিয়র পরিচালক মো. মাজহারুল ইসলাম, পরিচালক সাইফুল ইসলাম ও আব্দুল ওয়ারেস। সহযোগিতায় ছিলেন ওসাকার কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সংস্কৃতিকর্মীরা।

ঈশ্বরদীর চর গড়গড়িতে তিনদিনের বৈশাখী উৎসব

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষকে ঘিরে ঈশ্বরদীর চর গড়গড়ি গ্রামে শুরু হতে যাচ্ছে তিনদিনব্যাপী ‘চরনিকেতন বৈশাখী সাহিত্য উৎসব-১৪৩২’। আগামী ১৪, ১৫ ও ১৬ এপ্রিল (সোমবার, মঙ্গলবার ও বুধবার) এই আয়োজন বসবে চরনিকেতন সাহিত্য-সংস্কৃতি, স্বাস্থ্য ও শিক্ষাপল্লীতে।

আয়োজকেরা জানিয়েছে, প্রতিবারের মতো এবারও দেশ-বিদেশ থেকে শতাধিক কবি, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজকর্মীরা অংশ নিচ্ছেন এই উৎসবে। থাকছে কবিতা পাঠ, আবৃত্তি, বই উন্মোচন, গীতিনাট্য, লাঠিখেলা, জারিগান, শোভাযাত্রা ও আরও নানা রকম দেশীয় সাংস্কৃতিক পরিবেশনা। এই উৎসবের পেছনে রয়েছেন বাংলা সাহিত্যের কবি ও গবেষক মজিদ মাহমুদ। 

প্রসঙ্গত: ২০১৬ সালে শুরু হওয়া এই বৈশাখী উৎসব এখন পরিণত হয়েছে এক প্রাণবন্ত বার্ষিক আয়োজন হিসেবে। তবে চর গড়গড়ির এই রূপান্তরের শুরু আরও আগে—১৯৯৪ সাল থেকে মজিদ মাহমুদের স্বপ্ন ও সাধনায়। তাঁর হাত ধরেই গড়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র, স্থায়ী কাব্যমঞ্চ, মুক্তিযুদ্ধ স্মৃতি পাঠাগার, প্রবীণদের জন্য সামাজিক কেন্দ্র, মসজিদ এবং নির্মাণাধীন একটি আধুনিক হাসপাতাল। 

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন