নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল। মণ্ডপে নারী ও শিশুদের নিরাপত্তা, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রোববার বিকেলে ঈশ্বরদী উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।
আবু তালেব মন্ডল বলেন, ‘দুর্গাপূজা যেন সুশৃঙ্খল, নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’ দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির নেতাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইবের সভাপতিত্বে সভায় জানানো হয়, এ বছর ঈশ্বরদীর ৩৫টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে এবং নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসন সতর্ক রয়েছে বলে জানান ইউএনও।
সভায় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান, ঈশ্বরদী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান টিপু, সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, অনলাইন প্রেসক্লাবের সভাপতি রিফাজ বিশ্বাস লালনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
