উপজেলা প্রশাসন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
উপজেলা প্রশাসন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীর ঐতিহাসিক মৌবাড়ি মন্দির পরিদর্শনে উপজেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীর ঐতিহাসিক মৌবাড়ি মন্দির ও উৎসবকালীন নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও বিশেষ গোয়েন্দা শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা। শনিবার রাতে তাঁরা এই পরিদর্শন শেষ করেন।

পরিদর্শনকালে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা কার্যক্রম খতিয়ে দেখেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শিহাব উদ্দিন এবং গোয়েন্দা শাখার কর্মকর্তা মামুন ও শোয়াইব হোসাইন উপস্থিত ছিলেন। ঈশ্বরদী বারোয়ারি কমিটির সভাপতি শ্রী স্বপন কুমার কুন্ডু উপস্থিত থেকে অতিথিদের ঐতিহাসিক মন্দির ও মেলাপ্রাঙ্গণ ঘুরিয়ে দেখান এবং উৎসবের নানা আয়োজন সম্পর্কে জানান।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, সম্প্রীতি বজায় রাখা এবং মন্দিরকেন্দ্রিক ঐতিহ্যবাহী উৎসব ও মেলা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন তদারকি অব্যাহত থাকবে।

ঈশ্বরদীতে ছয় শতাধিক ‘হলুদ পাখি’ ও গার্ল গাইডস শিক্ষার্থীর দীক্ষা গ্রহণ

নিজস্ব প্রতিবেদক:  ঈশ্বরদীতে উৎসবমুখর পরিবেশে ছয় শতাধিক ‘হলুদ পাখি’ ও গার্ল গাইডস শিক্ষার্থীর দীক্ষা গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ঈশ্বরদী উপজেলা শাখার আয়োজনে বুধবার দিনব্যাপী আলহাজ টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয় ও রূপপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলার ৪৫টি প্রাথমিক ও ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ছয় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এতে শিক্ষার্থীরা মানবসেবা, আত্মমর্যাদা ও দেশপ্রেমের শপথ নেয়।

গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন ঈশ্বরদী উপজেলা শাখার স্থানীয় কমিশনার খালেদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব। উদ্বোধনী বক্তব্যে তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম ও সেবামূলক মনোভাব নিয়ে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু


নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীতে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দাশুড়িয়া পূর্বপাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাঠপর্যায়ে নিয়োজিত কর্মী ও পরিদর্শকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন। এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত সমাজসেবা কর্মকর্তা এ্যানি বড়ুয়া, দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম ডালিকীসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে দাশুড়িয়া গ্রামের ১ নম্বর ওয়ার্ডে এ তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। মাঠপর্যায়ে সঠিক তথ্য সংগ্রহ ও যাচাইয়ের মাধ্যমে প্রকৃত উপকারভোগী পরিবারগুলোকে চিহ্নিত করতে ১ জন পরিদর্শক ও ১৪ জন তথ্যসংগ্রহকারী নিয়োজিত রয়েছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, নির্ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের তালিকাভুক্ত করার ক্ষেত্রে এ কার্যক্রম বড় ভূমিকা রাখবে।

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন: ঈশ্বরদীতে তথ্য সংগ্রহকারীদের দুদিনের প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়ন কার্যক্রমে তথ্য সংগ্রহকারী ও পরিদর্শকদের প্রশিক্ষণ শুরু হয়েছে। গত শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইবের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আতিকুর রহমান। এতে ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মান্নান টিপুসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ডের জন্য সঠিক তথ্য সংগ্রহের লক্ষ্যে ১৭২ জন তথ্য সংগ্রহকারী ও পরিদর্শক নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের ডিজিটাল পদ্ধতিতে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কৌশল ও মুঠোফোন অ্যাপ ব্যবহারের ওপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দুই দিনের মধ্যে এই প্রশিক্ষণ সম্পন্ন হবে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতিকুর রহমান জানান, প্রশিক্ষিত কর্মী ও পরিদর্শকেরা টানা ৪৫ দিন ঈশ্বরদীর বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্য যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হবে। পরে বরাদ্দ সাপেক্ষে কার্ড বিতরণ করা হবে।

ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ সংসদ সদস্যের


নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল। মণ্ডপে নারী ও শিশুদের নিরাপত্তা, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রোববার বিকেলে ঈশ্বরদী উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।

আবু তালেব মন্ডল বলেন, ‘দুর্গাপূজা যেন সুশৃঙ্খল, নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’ দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির নেতাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইবের সভাপতিত্বে সভায় জানানো হয়, এ বছর ঈশ্বরদীর ৩৫টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে এবং নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসন সতর্ক রয়েছে বলে জানান ইউএনও।

সভায় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান, ঈশ্বরদী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান টিপু, সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, অনলাইন প্রেসক্লাবের সভাপতি রিফাজ বিশ্বাস লালনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন