ঈশ্বরদীতে পূজা কমিটির সঙ্গে পুলিশের সভা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন শারদীয় দুর্গোৎসবে ঈশ্বরদীর কোনো পূজামণ্ডপ বা আশপাশে মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার। একই সঙ্গে কোনো অপরাধী বা মাদকসেবীর পক্ষে প্রভাবশালী ব্যক্তি বা নেতা সুপারিশ বা তদবির করলে তাঁর বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার দুপুরে ঈশ্বরদী থানা মিলনায়তনে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন কমিটি ও মন্দির প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ট্রাফিক পুলিশের পরিদর্শক আবদুল আল মাহমুদ ও ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন।

সভায় পূজামণ্ডপের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, প্রতিটি নাগরিকের উৎসবের আনন্দ নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মণ্ডপে বা আশপাশে মাদক সেবন ও কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা মাত্র অপরাধীদের গ্রেপ্তার করা হবে। যত প্রভাবশালীই হোন না কেন, অপরাধীর পক্ষে সুপারিশকারীকেও ছাড় দেওয়া হবে না।

নিরাপত্তা জোরদারে সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে—প্রতিটি মণ্ডপে বাধ্যতামূলক সিসিটিভি ক্যামেরা স্থাপন, পুলিশ প্রশাসন ও পূজা উদযাপন কমিটির মধ্যে সার্বক্ষণিক সমন্বয় এবং দর্শনার্থীদের চলাচলে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা।

সভায় ঈশ্বরদী পূজা উদযাপন কমিটির সভাপতি সুনীল চক্রবর্তী, সাধারণ সম্পাদক মিলন কর্মকার ও বারোয়ারি মন্দির কমিটির সভাপতি স্বপন কুমার কুণ্ডুসহ বিভিন্ন মন্দির কমিটির নেতারা বক্তব্য দেন। এ সময় তাঁরা পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দল সক্রিয় রাখার আশ্বাস দেন।

উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর ঈশ্বরদী উপজেলার মোট ৩৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন