নিজস্ব প্রতিবেদন: ‘পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি ও আমাদের ভবিষ্যৎ বিনির্মাণে ৫০ বছর’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঈশ্বরদীতে যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। ৫ অক্টোবর, সোমবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শিক্ষকদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, ভাষা শহীদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন ও দাশুড়িয়া এমএম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম রব্বানী খান জুবায়ের।
এ সময় দাদাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ আক্তার, আলহাজ টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাউসুস সামাদ মাসুম, মূলডুলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তারসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান সরকার বলেন, দক্ষ ও সুশিক্ষিত ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষকদের বিকল্প নেই। শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
