নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে সাউথইস্ট ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে এক ব্যবসায়ীর ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার মূল হোতাকে লালমনিরহাট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. তারেক উদ্দিন (৪০) কক্সবাজারের রামু উপজেলার শিকদারপাড়ার সেলিম উদ্দিনের ছেলে। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১১টি প্রতারণাসহ মোট ২০টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, গত ১১ জুন ঈশ্বরদী পৌর এলাকার ‘সততা ইলেকট্রিক’-এর মালিক জিয়াউর রহমান এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেন। এর ধারাবাহিকতায় গত রোববার লালমনিরহাটে অভিযান চালিয়ে তারেককে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহারে বলা হয়, চক্রের সদস্যরা দোকানে এসে নিজেদের ব্যাংক কর্মকর্তা পরিচয় দিয়ে নতুন হিসাব খোলার লোভ দেখান। পরে ব্যাংকে নিয়ে কৌশলে বিভিন্ন বিকাশ ও নগদ নম্বরে ৩ লাখ টাকা হাতিয়ে নেন তাঁরা।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, তারেক একজন পেশাদার প্রতারক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার কথা স্বীকার করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
