ঈশ্বরদীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, মশক নিধনের দাবি স্থানীয় বাসিন্দাদের

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিদিনই নতুন রোগী শনাক্ত হচ্ছে। গত ১ থেকে ৬ অক্টোবর পর্যন্ত ছয় দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

হাসপাতাল সূত্র জানায়, এই সময়ে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১২ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে তিনজন চিকিৎসাধীন রয়েছেন। তবে স্থানীয় বাসিন্দাদের মতে, সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারেও অনেকে চিকিৎসা নিচ্ছেন। ফলে প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও বেশি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন পাল বলেন, ‘গত ১৫ সেপ্টেম্বরের পর থেকে ঈশ্বরদীতে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। হাসপাতালে আসা রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে। সঠিক সময়ে চিকিৎসা নেওয়ায় রোগীরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন।’ এখন পর্যন্ত কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

এদিকে পৌর এলাকায় মশা নিধনে কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা। মশার উপদ্রব বাড়লেও পৌরসভার মশক নিধন কার্যক্রম নিয়মিত না থাকায় দ্রুত ওষুধ ছিটানোর দাবি জানিয়েছেন তাঁরা।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন