ডেঙ্গু জ্বর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ডেঙ্গু জ্বর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, মশক নিধনের দাবি স্থানীয় বাসিন্দাদের

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিদিনই নতুন রোগী শনাক্ত হচ্ছে। গত ১ থেকে ৬ অক্টোবর পর্যন্ত ছয় দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

হাসপাতাল সূত্র জানায়, এই সময়ে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১২ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে তিনজন চিকিৎসাধীন রয়েছেন। তবে স্থানীয় বাসিন্দাদের মতে, সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারেও অনেকে চিকিৎসা নিচ্ছেন। ফলে প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও বেশি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন পাল বলেন, ‘গত ১৫ সেপ্টেম্বরের পর থেকে ঈশ্বরদীতে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। হাসপাতালে আসা রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে। সঠিক সময়ে চিকিৎসা নেওয়ায় রোগীরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন।’ এখন পর্যন্ত কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

এদিকে পৌর এলাকায় মশা নিধনে কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা। মশার উপদ্রব বাড়লেও পৌরসভার মশক নিধন কার্যক্রম নিয়মিত না থাকায় দ্রুত ওষুধ ছিটানোর দাবি জানিয়েছেন তাঁরা।

ডেঙ্গুর উপসর্গ নিয়ে আরামবাড়িয়ায় লন্ড্রি দোকানীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ডেঙ্গু জ্বর সংক্রমণের উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।

তাঁর নাম জয়দেব সরকার (৬৫)। তিনি উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়া পূর্বপাড়ার মৃত যোগীন্দ্রনাথ সরকারের ছেলে এবং আরামবাড়িয়ার প্রবীণ লন্ড্রি ব্যবসায়ী।

মৃত জয়দেবের বড় ভাই আরামবাড়িয়া আসমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী জগন্নাথ সরকার সংবাদ সাতদিনকে জানান, সর্দি-জ্বর-কাশি ও পাতলা পায়খানাসহ ডেঙ্গুর উপসর্গ নিয়ে রোববার বেলা ১১টার দিকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর শ্বাসকষ্ট শুরু হয় ও বিকেল তিনটার দিকে তিনি মারা যান। পরে রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সাঁড়ার মাজদিয়া গোপালপুর শ্মশানে তাঁর শেষকৃত্য হয়। 

তিনি আরও জানান, রোগের উপসর্গ দেখে সকলের ধারণা জয়দেব ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন। তবে তাঁর নমুনা পরীক্ষা হয়নি।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন