ফেসবুকে মন্তব্যের জেরে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে মারধর, পরে সমঝোতা

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ফেসবুকে করা মন্তব্যের জেরে মেরিদুল ইসলাম নামের এক ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে মুঠোফোনের দোকানের মালিক ও কর্মচারীদের বিরুদ্ধে। এ ঘটনায় তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হলেও পরে সমঝোতার মাধ্যমে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে পৌর শহরের পোস্ট অফিস মোড় এলাকার আরআরপি সেন্টারের তৃতীয় তলায় ‘অ্যাপল জেড’ নামের একটি দোকানে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মেরিদুল ইসলাম ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি। অভিযুক্ত ব্যক্তিরা হলেন অ্যাপল জেডের স্বত্বাধিকারী ইলিয়াস রতন এবং দোকানের কর্মচারী সুবেল ও রাহুল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে ফেসবুকে ওই শোরুমের সেবা নিয়ে একটি মন্তব্য করেছিলেন মেরিদুল ইসলাম। গত মঙ্গলবার তিনি দোকানে মোবাইল কিনতে গেলে বিষয়টি নিয়ে মালিক ও কর্মচারীদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা তাঁকে মারধর করেন। পরে মেরিদুল পুলিশকে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উভয় পক্ষকে থানায় আনা হয় এবং দোকানের মালিকসহ তিনজনকে হেফাজতে রাখা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মারধরের অভিযোগে তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছিল। এ ঘটনায় কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। পরে দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে তাঁদের ছেড়ে দেওয়া হয়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন