নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এস এম রবিউল ইসলাম ও উপাধ্যক্ষ হাফিজা খাতুনের বাসায় চুরির ঘটনা ঘটেছে। বাসা থেকে নগদ প্রায় ৭ লাখ টাকা, ৬-৭ ভরি স্বর্ণালংকার ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরি হয়েছে। খোয়া যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা।
সোমবার বিকেলে ঈশ্বরদী হাসপাতাল সড়কের বাসায় গিয়ে চুরির বিষয়টি জানতে পারেন রবিউল ইসলামের জামাতা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কাজী তানভীর মাহাতাব রাসেল।
এস এম রবিউল ইসলামের ভায়রা ও ঈশ্বরদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল ওমর সুমার খান জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রবিউল ইসলাম বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। বাসাটি ফাঁকা থাকার সুযোগে এই চুরি হয়। বিকেলে কাজী তানভীর মাহাতাব বাসায় গিয়ে দরজা খোলা দেখতে পান। তবে দরজায় ভাঙচুরের কোনো চিহ্ন পাওয়া যায়নি। চোরচক্র বিকল্প চাবি ব্যবহার করে ঘরে ঢুকেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, চুরি হওয়া মালামালের মধ্যে নগদ সাত লাখ টাকা ছাড়াও আনুমানিক ১৭ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার এবং ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি হ্যান্ডসেট রয়েছে।
ঈশ্বরদী থানার কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। ঘটনার তদন্ত ও জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।

