ঈশ্বরদীতে কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ১

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে রকিবুল ইসলাম (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় শামসুল আলম নামের অপর এক কৃষক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের বিলকেদার চরে এই দুর্ঘটনা ঘটে। নিহত রকিবুল ইসলাম উপজেলার কৈকুণ্ডা গ্রামের মৃত মারজেন হোসেনের ছেলে। আহত শামসুল আলম একই উপজেলার বিলকেদার গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বিলকেদার চরে নিজ নিজ জমিতে কৃষিকাজ করছিলেন রকিবুল ও শামসুল। এ সময় আকস্মিক বজ্রপাতে তাঁরা দুজনই দগ্ধ ও আহত হন। আশপাশের লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রকিবুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত শামসুল আলম বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন