নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে মহাসড়কে ঝটিকা মিছিল করেছে সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা। বৃহস্পতিবার ভোরে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের দাশুড়িয়া-কুষ্টিয়া রুটের মিরকামারী এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়।
পরে মিছিলটির একটি ভিডিও ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময়ের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ১ মিনিট ৪ সেকেন্ডের ওই ভিডিওতে ১০ থেকে ১৫ জন যুবককে মিছিল করতে দেখা যায়। এ সময় তাঁদের ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘চলছে লড়াই চলবে, বাংলাদেশ ছাত্রলীগ লড়বে’সহ নানা স্লোগান দিতে শোনা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলের ভিডিওটি পুলিশের নজরে এসেছে। নিষিদ্ধ সংগঠনের কোনো তৎপরতা বরদাশত করা হবে না। ভিডিও ফুটেজ দেখে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

