নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীর আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পরিদর্শক (নিরস্ত্র) মো. আফজাল হোসেনকে নওগাঁ জেলায় বদলি করা হয়েছে। বুধবার রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির নির্দেশ দেওয়া হয়।
আমবাগান ফাঁড়ির দায়িত্বে থাকাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে তাঁর ভূমিকা নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় জনমনে অসন্তোষ দেখা দেয়।
স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ফাঁড়ির ইনচার্জ হিসেবে অপরাধ দমন ও সাধারণ মানুষের নিরাপত্তা বিধানে তাঁর আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত ছিল। অনেক ক্ষেত্রে অপরাধমূলক কর্মকাণ্ড বাড়লেও পুলিশ কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।
বদলির বিষয়ে মো. আফজাল হোসেন বলেন, ‘চাকরিতে বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া। ঈশ্বরদীতে দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সততার সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। স্থানীয়দের যে ভালোবাসা পেয়েছি, তা স্মৃতি হয়ে থাকবে। নতুন কর্মস্থলেও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে চাই।’
রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয় সূত্রে জানা গেছে, আদেশপ্রাপ্ত পুলিশ সদস্যদের দ্রুত সময়ের মধ্যে বর্তমান কর্মস্থল ত্যাগ করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

