জীর্ণ ভবন ও বিকল যন্ত্র, মাদকের আড্ডায় ঈশ্বরদী আবহাওয়া অফিস


নিজস্ব প্রতিবেদক: জীর্ণ ভবন আর ঘন জঙ্গলে ঢাকা পড়েছে ঈশ্বরদীর আবহাওয়া পর্যবেক্ষণ কার্যালয়। পরিত্যক্ত ভবনগুলোতে নিয়মিত বসছে মাদকসেবীদের আড্ডা। সেই সঙ্গে তীব্র জনবলসংকটের পাশাপাশি বিকল হয়ে পড়ে আছে একটি আবহাওয়া পরিমাপক যন্ত্র।

ঈশ্বরদী বিমানবন্দর এলাকায় ১৯৬৫ সালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন ‘পাইলট বেলুন পর্যবেক্ষণাগার’ নামে পাঁচ একর জমিতে এটির যাত্রা শুরু হয়। তৎকালীন সময়ে নির্মিত আবাসিক ও পর্যবেক্ষণ ভবনগুলো দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণের অভাবে এখন পরিত্যক্ত। চারপাশের জঙ্গল ও দরজাজানালা চুরি হয়ে যাওয়া ভবনগুলোতে তৈরি হয়েছে এক ভূতুড়ে পরিবেশ। নজরদারি না থাকায় জায়গাটি এখন মাদকসেবীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।


কার্যালয়টির দুটি আবহাওয়া পরিমাপক যন্ত্রের একটি বর্তমানে অকেজো। পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, ভারত থেকে আনা ‘অটোমেটিক ওয়েদার স্টেশন’ (অ্যাওয়াস) যন্ত্রটি স্থাপনের পর একদিনের জন্যও চালু করা যায়নি। তবে ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিনের দাবি, দুটি যন্ত্রের প্রয়োজন নেই; একটি দিয়েই সব কাজ চালানো সম্ভব হচ্ছে।


১৪ জন কর্মকর্তার বিপরীতে বর্তমানে এখানে কর্মরত আছেন মাত্র ৬ জন। ফলে কম কর্মী নিয়ে বাড়তি চাপের মুখে প্রতিনিয়ত কার্যক্রম চালাতে হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।
স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন