ঈশ্বরদীতে জামায়াতের গণমিছিল

নিজস্ব প্রতিবেদক: বৃষ্টিকে উপেক্ষা করে ঈশ্বরদীতে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে গণমিছিল হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরদী উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।

ঈশ্বরদী বাজারের ১ নম্বর গেট থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে রেলগেট ও পোস্ট অফিস মোড় হয়ে খায়রুজ্জামান বাবু টার্মিনালে গিয়ে সমাবেশে মিলিত হয়। 

ঈশ্বরদী উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের এবং ঈশ্বরদী পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম আজম খান।

সমাবেশ পরিচালনা করেন ঈশ্বরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. সাইদুল ইসলাম।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন