ঈশ্বরদীর সাবেক মেয়র বাবলু আর বেঁচে নেই


নিজস্ব প্রতিবেদক:  ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান বাবলু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে কিডনি, হৃদরোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। শনিবার দুপুর ১টার দিকে ঈশ্বরদী পৌর শহরের ফতেহমোহাম্মদপুরে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. কাবেরী শাহ বলেন, হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছিল।

মকলেছুর রহমান বাবলু ঈশ্বরদী শহরের ফতেহমোহাম্মদপুর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি আফসার উদ্দিনের ছেলে। মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বাসভবনে ছুটে যান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং পাবনা জেলা আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাকসুদুর রহমান মাসুদ।

এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ইছাহক আলী মালিথা। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মকলেছুর রহমান বাবলুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। এক শোকবার্তায় তিনি বলেন, বিএনপি মকলেছুর রহমান বাবলুর মতো একজন জনপ্রিয় ও কর্মীবান্ধব নেতাকে হারাল। এটি দলের রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

তাঁর ভাই ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা মাহবুবুর রহমান পলাশ জানান, শনিবার রাত ১০টায় লোকো ফুটবল মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

পারিবারিক ও রাজনৈতিক সূত্রে জানা যায়, মকলেছুর রহমান বাবলু ১৯৯৩, ১৯৯৭, ১৯৯৮ ও ২০০৪ সালে ঈশ্বরদী পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের পৌরসভা নির্বাচনে তিনি পরাজিত হন। এ ছাড়া তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, ১৯৯৪ সালে ঈশ্বরদীতে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় ২০১৯ সালের ৩ জুলাই আদালত মকলেছুর রহমান বাবলুকে মৃত্যুদণ্ড দেন। পরে ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি হাইকোর্ট ওই মামলায় তাঁকে খালাস দেন। একই বছরের ১১ ফেব্রুয়ারি তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন