নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও দলটির জেলা কমিটির আহবায়ক হাবিবুর রহমান হাবিবকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জামায়াতে ইসলামী পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।
তিনি বলেন, 'সাহাপুরে অনুষ্ঠিত কর্মী সমাবেশে হাবিবুর রহমান হাবিব যে দাবি করেছেন—জামায়াতের মহিলা কর্মীরা জান্নাতের টিকিট বিক্রি করছে—এটি মিথ্যা। আমাদের বোনেরা এমন কোনো কথা বলেনি। কবে, কোথায়, কার বাড়িতে এসব বলা হয়েছে, তা স্পষ্ট প্রমাণ দিতে হবে।
মঙ্গলবার রাতে ঈশ্বরদী পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে জামায়াতের আয়োজনে উমিরপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই কথা বলেন।
আবু তালেব মন্ডল আরও বলেন, আমাদের রাজনীতির মূল লক্ষ্য জনগণের আমানত রক্ষা করা। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না; জনগণের ভালোবাসা, বিশ্বাস ও আস্থা অর্জন করাই আমাদের প্রধান উদ্দেশ্য। জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা ঈশ্বরদী–আটঘরিয়াকে ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও আধুনিক এলাকায় রূপান্তরিত করতে চাই।
তিনি বলেন, জামায়াতে ইসলামী সবসময় নৈতিক, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় কাজ করে এসেছে। আমরা যে প্রতিশ্রুতি দিই, তা রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করি। মানুষ আমাদের পাশে থাকায় আমরা সাহস পাই। আগামীর বাংলাদেশ হবে সুশাসন, ন্যায়নীতি ও জনকল্যাণের দেশ—এটাই আমাদের অঙ্গীকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা তালিমুল কুরআন বিভাগের সেক্রেটারি গোলাম রাব্বানী খান জুবায়ের, উপজেলা আমির ড. নুরুজ্জামান প্রামাণিক এবং ঈশ্বরদী পৌর আমির মাওলানা গোলাম আজম খান।
পৌর ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি খোন্দকার ইউনুস আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি মাসুদ রানা মাসুম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহফুজুর রহমান, পৌর সেক্রেটারি মাওলানা আল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

